ঢাকায় বর্ষবরণের ৭টি বড় আয়োজনের খোঁজখবর

পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় বসে অনেক আয়োজন। এত সব আয়োজনের ভিড়ে বর্ষবরণ কোথায় করবেন, তা নিয়ে অনেকেই দোটানায় পড়েন। তাই ঢাকায় বর্ষবরণের ৭টি বড় আয়োজনগুলোর খোঁজখবর থাকল এখানে।

পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় বসে অনেক আয়োজনছবি: কবির হোসেন

যাত্রাবিরতির বৈশাখী উৎসব

যাত্রাবিরতি, বনানী

রাজধানীর বনানীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করেছে যাত্রাবিরতি। আয়োজনে থাকছে বাউলগান, নাচ, পুতুলনাচ। সঙ্গে থাকছে গ্রামীণ লোকজ মেলা ও ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী। এ ছাড়া গান গাইবে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। ১৩ ও ১৪ এপ্রিল ৫০০ টাকার টিকিট কেটে প্রবেশ করা যাবে এই আয়োজনে।

আর্কা বৈশাখ ১৪৩৩

আলোকি, গুলশান

আর্কা কালেকটিভের আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর গুলশান–তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’তে আয়োজিত হচ্ছে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। প্রথম দিন বেলা ২টায় শুরু হবে, আর দ্বিতীয় দিন বেলা ১১টা থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখর থাকবে এই প্রাঙ্গণ। দুই দিনের আয়োজনকে ভাগ করা হয়েছে চারটি ভাগে—মেলা, খেলাঘর, ভোজনালয়, কালেকটিভ মঞ্চ। এ ছাড়া সেখানে পারফর্ম করবে কার্নিভ্যাল, রকসল্ট ও ফিরোজ জং ব্যান্ড। প্রতিদিনের টিকিট ৫০০ টাকা করে, কেনা যাবে ‘আলোকি’র ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন

বিসিক মেলা

বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলায় পাবেন গ্রামীণ ঐতিহ্যের সমাহার
ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। টানা সাত দিনের এই মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী উপকরণ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের থেকে শুরু করে বৈশাখী সাজসজ্জা, মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের সমাহার পাবেন এখানে। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা।

লাল বৈশাখী

কামাল আতাতুর্ক পার্ক, বনানী

নববর্ষ উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল—এই দুই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘রিশকা কানেক্টস’। মেলায় থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ থেকে শুরু করে বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা। এ ছাড়া কনসার্টে থাকছেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ করা যাবে এই আয়োজনে।

এসএমই বৈশাখী মেলা

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও

পয়লা বৈশাখের আগেই শুরু হয়ে গেছে এই মেলা। চলবে ১২ থেকে ১৮ এপ্রিল বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেলায় আছে ৩০০টির বেশি স্টল। এর মধ্যে দেড় শর বেশি উদ্যোক্তা স্টল ও ৩০টির বেশি ফুড স্টল। এ ছাড়া প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখি খেলা, বানর খেলা। মেলায় প্রবেশের জন্য সাধারণ টিকিটের মূল্য ৩০ টাকা।

আরও পড়ুন

উৎসবে বৈশাখ

শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা

ট্রিপল টাইম কমিউনিকেশনস ও কোর্টসাইডের সম্মিলিত আয়োজনে ১৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘উৎসবে বৈশাখ’। যেখানে থাকছে আলপনা, পাপেট শো, বাউলগানের আসর, নাগরদোলা, লুডু খেলা। বেলা ৩টা থেকে শুরু হবে জমকালো কনসার্ট। আয়োজনে প্রবেশের টিকিট মূল্য ২০০ টাকা। কনসার্টে প্রবেশ করতে চাইলে খরচ করতে হবে ৮০০ টাকা।

প্রথম আলো বৈশাখী উৎসবে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: দীপু মালাকার

প্রথম আলো বৈশাখী উৎসব

শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা

পয়লা বৈশাখ উপলক্ষে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙে আয়োজিত হচ্ছে ‘প্রথম আলো বৈশাখী উৎসব’। আয়োজনে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, জাদু প্রদর্শন, অরিগ্যামি ও ক্যারিকেচার, পুতুলনাচ, গল্প বলার আসর, টিয়া পাখির চিঠি, নাগরদোলা, দুরন্ত শৈশবের খেলা, কামারপাড়া-কুমারপাড়া, তাঁতিপাড়া ও সাংস্কৃতিক আয়োজন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আরও পড়ুন