ব্রিটেনের নতুন রাজার এসব আজব বৈশিষ্ট্যের কথা জানেন কি
৭০ বছর ধরে একটি পদের জন্য অপেক্ষা করাটা চাট্টিখানি কথা নয়। প্রিন্স চার্লসের অভিষেক অবশ্য এখনো হয়নি। ২০২৩ সালের বসন্ত বা গ্রীষ্মের কোনো একসময় অনাড়ম্বর অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা করছেন ইংল্যান্ডের নতুন রাজা। ছোটবেলা থেকেই নিজেকে এই পদের জন্য প্রস্তুত করেছেন চার্লস। একটি নির্দিষ্ট রুটিন বা বলয়ের ভেতর থাকতে থাকতে চার্লসের নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও গড়ে উঠেছে। প্রাক্তন রাজকীয় বাটলার পল ব্যারেল ২০১৫ সালে অ্যামাজনের একটি তথ্যচিত্রে চার্লসকে ‘পাগল’ এবং ‘উদ্ভট’ চরিত্রের অধিকারী বলেছিলেন। চার্লসের ‘পাগলামি’র কিছু উদাহরণও তিনি দিয়েছিলেন। স্নানের সময় চার্লসের ঝরনার পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, স্নানের মাজুনি ও তোয়ালে প্রতিবার নির্দিষ্ট জায়গায় একইভাবে রাখতে হবে, যাতে আরামে সেগুলো ব্যবহার করতে পারেন তিনি। বিপরীতে কুইন কনসর্ট ক্যামিলা পার্কার বোলস খুবই উষ্ণ আর মজার মানুষ। অন্তত রাজপরিবারের কর্মচারীদের তা–ই মত।
‘সার্ভিং দ্য রয়্যালস: ইনসাইড দ্য ফার্ম’ তথ্যচিত্রে রাজার নাশতার বর্ণনা দিয়েছেন ব্যারেল। সকালে বাড়ির ওভেনে বানানো রুটি, এক বাটি তাজা ফল এবং ফলের রস খান চার্লস। বাড়ির বাইরে বা দেশের বাইরে, যেখানেই যান রাজা, নাশতার একখানি বাক্সও তাঁর সঙ্গে যায়। এতে থাকে ছয় ধরনের মধু, মিউসলি এবং শুকনো ফল। খাবার শেষে খান পনির ও বিস্কুট। সেগুলোকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম রাখতে হয়। পাশেই প্রস্তুত থাকে একটি ওয়ার্মিং ট্রে (খাবার উষ্ণ রাখার পাত্র)। নাশতার মধ্যে অবশ্যই সেদ্ধ ডিম থাকে, যেটি আবার সাত মিনিটের সেদ্ধ হতে হবে। সঙ্গে থাকে দুটি প্লাম ফল, যদিও সেখান থেকে খান মাত্র একটি। তবে ক্যামিলা শুধু ক্লারেন্স হাউসে তাঁদের বাগানে অরগানিকভাবে উৎপাদিত খাবার খান।
‘নিউইয়র্ক পোস্ট’ লিখেছে, প্রতিদিন সকালে ইস্ত্রি করা হয় রাজার পায়জামা, জুতার ফিতাটাও রেহাই পায় না। বাথটাবে জল থাকবে অর্ধেক, ঠিক ১৮ সেন্টিমিটার, তাপমাত্রা হবে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিদিন সকালে রাজার টুথব্রাশে ১ ইঞ্চি টুথপেস্ট লাগিয়ে রাখে পরিচারক।
কেবল নাশতার বাক্স নিয়েই ভ্রমণ করেন না চার্লস, সঙ্গে থাকে তাঁর নিজস্ব বিছানা, কিছু আসবাব, যায় চিত্রকর্ম পর্যন্ত। টয়লেট সিট এবং ক্লিনেক্স ভেলভেট টয়লেট পেপারও রাজার সঙ্গে ঘুরতে থাকে। অনেকেই মনে করেন, রাজা তৃতীয় চার্লসের উদ্বেগজনিত রোগ আছে, বিষয়টা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি নয় বাকিংহাম রাজপ্রাসাদ।