স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের জন্য বিশেষ পোশাক আনল দেশাল
অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের জন্য বিশেষ পোশাক নিয়ে এসেছে দেশাল। ৭ অক্টোবর রাজধানীর বনানীতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয় এই সংগ্রহ। ‘স্ব’ নামের সংগ্রহটি সম্পর্কে নারীদের জানাতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্যানসার সোসাইটি।
স্ব-এর সংগ্রহে রয়েছে তিনটি পণ্য—ব্লাউজ, ট্যাংক টপ ও ফিলার। নিট এবং বোনা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ব্লাউজ ও ট্যাংক টপ। ব্লাউজ ও ট্যাংক টপের ভেতরের পকেটে ফিলার ব্যবহার করায় ম্যাসটেকটমি করা নারীরা শাড়ি, কামিজ, টপ ইত্যাদি কাপড় স্বাচ্ছন্দ্যে পরতে পারবেন। ক্যানসার বিজয়ী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এন কে নাতাশা জানান, দেশের বাইরে থেকে নিয়ে আসা ফিলারগুলো যথেষ্ট ব্যয়বহুল এবং ভারী। সেগুলোর তুলনায় স্ব-র পণ্যগুলো আরামদায়ক। তিনি বলেন, ‘আমি এখন আরামে ও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারি।’
স্ব-র কাপড়গুলো তৈরির প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হয়েছে। উপাদান, আকার এবং তৈরির ধরনে বেশ কয়েকবার পরিবর্তন আনতে হয়েছে। স্তন অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া নারীদের দিয়ে ব্যবহার করিয়ে তবেই এর উপযোগিতা নিশ্চিত করেছে দেশাল। এরপরই এটি স্ব-এর সংগ্রহে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে স্তন ক্যানসার বিশেষজ্ঞ, বাংলাদেশ ক্যানসার সোসাইটির যুগ্ম মহাসচিব অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক জানান, ক্যানসারের খবর দেওয়ার সময় অধিকাংশ নারীই তাঁর অস্ত্রোপচার-পরবর্তী সময় নিয়ে উদ্বিগ্ন থাকেন। কারণ, এই অসুস্থতা সেরে গেলেও থেকে যায় প্রভাব। তিনি বলেন, ‘আমি তাঁদের রোগের কথা শোনার পাশাপাশি চোখের ভাষা পড়ার চেষ্টা করি। আমি প্রথমেই ইতিবাচকভাবে সম্মতি দিইনি। আগে এই পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হয়েছি।’
অনুষ্ঠানে এভারকেয়ার হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ নারিতা খুরশীদ বলেন, অসুখ সেরে যাওয়ার পরও মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লাগে। এ সময় কেউ পাশে দাঁড়াচ্ছে, এতেই তাঁরা অনেক কৃতজ্ঞবোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চর্মরোগবিশেষজ্ঞ আয়শা সিদ্দিকা।