সংসদের ভেতরে–বাইরে নারী সদস্যরা কি চুপই থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ভোটাররা অনেক আশা নিয়ে ভোট দেন। কিন্তু জাতীয় সংসদে কি তাঁদের বিষয়গুলো প্রধান্য পায়?
ফাইল ছবি

ঘটনাটি সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কাছ থেকে শোনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যরা সংসদের ভেতরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে এক প্রভাবশালী পুরুষ সদস্য এক নারী সদস্যকে তাচ্ছিল্যের সুরে বলেন, ‘আপনারা তো আমাদের ভোটে নির্বাচিত।’ সঙ্গে সঙ্গে ওই নারী সদস্য মুখের ওপর জবাব দিয়েছিলেন, ‘আপনাদের জন্য ভোট চাইতে দ্বারে দ্বারে গিয়েছিলাম কিন্তু আমরাই, এটা মনে রাখবেন। আর কখনো এ ধরনের মন্তব্য করবেন না।’

জাতীয় সংসদে সংরক্ষিত আসন আছে ৫০টি। আসনগুলোর নাম ‘সংরক্ষিত মহিলা আসন’। এ ছাড়া সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য আছেন ২৩ জন। সব মিলিয়ে ৭৩ জন। অর্থাৎ একাদশ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংরক্ষিত আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়াকার্স পার্টি ১ জন, স্বতন্ত্র ১ জন এবং বিএনপির ১ জন নারী সদস্য রয়েছেন। একজন পুরুষ সদস্য প্রতিবছর রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি উন্নয়নকাজের জন্য বছরে চার কোটি টাকা বরাদ্দ পান। সংরক্ষিত আসনের নারীরা এ অর্থ পান না। তাঁরা পান শুধু কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), গ্রামীণ অবকাঠামো সংস্কারের (টেস্ট রিলিফ—টিআর) বরাদ্দ। তবে সংসদ সদস্য হিসেবে অন্যান্য সুবিধা তাঁরা সমানভাবেই পান।

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের পাশে সংরক্ষিত আসনের নারীর সদস্যরা সমানভাবে মূল্যায়িত হন না। সমান কাজের সুযোগ পান না। নারী সদস্যরা শুধু ‘হ্যাঁ–না’ ভোটে অংশ নেওয়ার জন্য ‘বিবেচিত হন’, এমন অভিযোগ বেশ পুরোনো। পাশাপাশি নারী সংসদ সদস্যদের মর্যাদা বাড়িয়ে কাজের আরও সুযোগ তৈরিতে সংরক্ষিত আসন ১০০–তে বাড়িয়ে সেগুলোতে শুধু নারী প্রার্থীদের মধ্যে সরাসরি নির্বাচন করা বা সংসদের ৩৩ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারীদের মনোনয়ন দেওয়ার দাবিও নারী সংগঠনগুলো বহুদিন ধরে জানিয়ে আসছে। এই লেখা যখন লেখা হচ্ছে, তখন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচারে গিয়ে এক নারী সদস্য প্রার্থী দলবদ্ধ ধর্ষণের (১৫ সেপ্টেম্বর) শিকার হয়েছেন। ফলে রাজনীতির জন্য নারীর ঝুঁকি, চ্যালেঞ্জ, লড়াই, ত্যাগ—সবই বিবেচনায় আনা উচিত।

কাঙ্ক্ষিত মন্তব্যের অপেক্ষায়

১৩ সেপ্টেম্বর পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের জাতীয় উন্নয়নপ্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শিরোনামে এক মতবিনিময় সভার আয়োজন করেছিল বাংলাদেশ মহিলা পরিষদ। নারী সংসদ সদস্যরা ‘ধারালো’ বক্তব্য দেবেন, এমন প্রত্যাশা নিয়েই গিয়েছিলাম। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন প্রধান অতিথি। আর বিশেষ অতিথি ছিলেন সরাসরি নির্বাচিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের শামসুন নাহার, কাজী কানিজ সুলতানা, সৈয়দা রুবিনা আক্তার, জাকিয়া পারভীন খানম, জাকিয়া তাবাসসুম, নার্গিস রহমান ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান। মনোযোগ দিয়ে সবার বক্তব্য শুনে যাচ্ছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত সেই মন্তব্য আর আসছিল না। শেষের জন ছাড়া আর কেউ স্বীকারই করলেন না যে তাঁদের কোনো সমস্যা আছে। শেষের ব্যক্তি যে বরাদ্দ বৈষম্য ও অবমূল্যায়নের কথা বললেন, সেটিও অন্যদের বক্তব্যে প্রতিষ্ঠা পেল না। কারণ, অন্যরা বললেন, তাঁদের নিয়ে কোনো বৈষম্য নেই। আওয়ামী লীগের একজন ছাড়া সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনও কেউ চাইলেন না। বরাদ্দ যা আছে, তা দিয়েই কাজ করা যায় জানালেন। একজন একটু করে শুধু বললেন, তিনি শুনেছেন কোনো কোনো নারী সংসদ সদস্য অভিযোগ করেছেন, কখনো কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে বসারও জায়গা পান না। তবে তাঁর সঙ্গে এমনটা কখনো ঘটেনি। কারণ, মানুষের জন্য কাজ করে গুরুত্ব পাওয়ার যোগ্যতা তিনি অর্জন করেছেন। মেহের আফরোজ অনুষ্ঠানে বলেছিলেন, কাজের মাধ্যমেই নারীদের নিজেদের যোগ্য করে তুলতে হবে। নির্বাচনী এলাকায় পুরুষেরা অনেক দিন পরিশ্রম করে জায়গা তৈরি করেছেন। বললেই তাঁরা জায়গা ছেড়ে দেবেন না। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেছিলেন, ব্যবসায়ীর স্ত্রীরা অর্থের জোরে পাস করে চলে আসতে পারেন। এতে হিতে বিপরীত হতে পারে।

দেশ স্বাধীন হওয়ার পর বিশেষ প্রেক্ষাপটে সংবিধানে সংরক্ষিত নারী আসনব্যবস্থা রাখা হয়। কারণ, ওই সময় রাজনীতিতে নারীর সংখ্যা সেভাবে ছিল না। সেই অবস্থা এখন না থাকলেও সংরক্ষিত নারী আসনের বিষয়ে কোনো পরিবর্তন আসেনি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়। ৩০০ আসনের সরাসরি নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নারী সদস্যদের নির্বাচিত করতেন। সংরক্ষিত আসনের সুবিধা ১০ বছরের জন্য রাখা হয়েছিল। পরে ১৯৭৮ সালে সংরক্ষিত আসনসংখ্যা বাড়িয়ে করা হয় ৩০। ১৯৯১ সালের পর আসনসংখ্যা ৪৫ ও সর্বশেষ ৫০টি করা হয়। ২০০৪ সালে অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। সংসদে একটি রাজনৈতিক দলের কতজন প্রতিনিধিত্ব করছেন, সেই অনুপাতে ওই সংরক্ষিত আসনের কয়টি পাবে, তা নির্ধারিত হয়। দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে নিজ নিজ দলের সংরক্ষিত আসনের নারী সদস্যদের নির্বাচিত করেন।

আর কেউ বলেননি!

সেদিনের নিউজটা শুরু করেছিলাম সেই শেষের ব্যক্তি লুৎফুন নেসা খানের মন্তব্য দিয়ে, ‘কোনো কোনো সংসদ সদস্য বলেছেন, শুধু হ্যাঁ–না ভোট দিয়ে আইন পাস করতে নয়, উন্নয়নকাজে সক্রিয়ভাবে থাকতে চান। তবে বরাদ্দ বৈষম্যের কারণে সে সুযোগ পাচ্ছেন না।’ নিউজ জমা দেওয়ার পর যিনি সম্পাদনা করছিলেন, তিনি বললেন, ‘শুরুর বাক্যটি এভাবে করে দিই যে শুধু হ্যাঁ–না ভোট দিয়ে আইন পাস করতে নয়, উন্নয়নকাজে সক্রিয়ভাবে থাকতে চান নারী সংসদ সদস্যরা।’ বললাম, ‘সে সুযোগ নেই। কারণ, এটা একজন বলেছেন, বাকি বক্তারা বলেননি।’ সম্পাদনার দায়িত্বে থাকা ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বললেন, ‘আর কেউ বলেননি!’ সত্যি বলতে কি এ বিস্ময় আমারও।

নিজেদের মধ্যে আলোচনায় সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতো মর্যাদা না পাওয়া, বরাদ্দ না পাওয়া, কাজের সুযোগ না পাওয়া নিয়ে নারী সংসদ সদস্যদের আক্ষেপ করতে শোনা গেলেও প্রকাশ্যে ততটা সরব হন না তাঁরা। কিন্তু কেন? এমনকি নারী সংগঠনগুলো সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের যে দাবিতে আন্দোলন করছে, তার সঙ্গেও সবাই যেন ততটা একমত প্রকাশ করেন না। যেভাবে চলছে, সেটাই ভালো, ভাবখানা এমন। কারণ কী? খোঁজ নিয়ে প্রশ্নের জবাবও পাওয়া গেছে। সরাসরি নির্বাচনের চেয়ে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়াকেই সহজ উপায় হিসেবে দেখা হয়। এ ছাড়া দলের প্রতি আনুগত্য রাখা, বিরাগভাজন না হয়ে পাঁচ বছর কাটিয়ে দেওয়া এবং ভবিষ্যতে আবারও মনোনীত হওয়ার সুযোগ খোলা রাখা, বললেও লাভ হবে না, খামোখা বিতর্কে জড়ানো ইত্যাদি ভাবনা থেকে প্রকাশ্যে কিছু বলা থেকে বিরত থাকেন তাঁরা। একই ভাবনা থেকে নারী নির্যাতন ভয়াবহভাবে বাড়লেও সংসদে তাঁরা এ নিয়ে ততটা সোচ্চার হন না। অভিনেত্রীকে মুঠোফোনে ধর্ষণের হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য হওয়া এক প্রতিমন্ত্রীর ইস্যুতেও সংরক্ষিত আসনে একজন ছাড়া আর কেউ কিছু বলেননি বলে জানা গেছে। এক পুলিশের ‘টিপ–কাণ্ড’ নিয়েও কথা বলেছেন মাত্র একজন।

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের নিয়ে আলোচনা–সমালোচনার বিষয়ে তিন সংসদ সদস্যের সঙ্গে কথা বলছিলাম। বরাদ্দবৈষম্য, অবমূল্যায়ন ও ওই দিনের বক্তব্য ধরে আরও কিছু জানতে চাইলে সংরক্ষিত আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য লুৎফুন নেসা খান বলেন, সরাসরি সংসদ সদস্যের তুলনায় বরাদ্দ এত কম দেওয়া হয় যে এলাকার জনগণের চাহিদা মেটানো যায় না। সরাসরি নির্বাচনের বিষয়ে নারী সংসদ সদস্যরা তত সোচ্চার নয় কেন, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে পেশিশক্তি, অর্থের একটা বিষয় আছে এখন। এই প্রতিযোগিতায় পুরুষদের সঙ্গে পেরে না ওঠার ভাবনা কাজ করে নারীদের মধ্যে। এ কারণে বেশির ভাগ নারী সরাসরি নির্বাচনে যেতে আগ্রহী হন না। পুরুষেরাও জায়গা ছাড়তে চান না। তিনি বলেন, ৩৩ শতাংশ আসনে নারীকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত। এটা শুরু করলে ১০–১৫ বছরের মধ্যে সরাসরি নির্বাচনে সব আসনে পুরুষের সঙ্গে সমানতালে নারীরা প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করবেন।

পরিবর্তন আসা উচিত

৫০–৭০টি করে হলেও নারীদের সরাসরি নির্বাচনে মনোনয়ন দেওয়া শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, রাষ্ট্রকাঠামো, সমাজব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো এত পুরুষতান্ত্রিক যে এখন আইনের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। সংরক্ষিত আসনকে কেউ ‘অলংকার’, কেউ ‘পুনর্বাসন’ বলছেন। অথচ এটা বিভিন্ন পেশা–শ্রেণির নারীদের নিয়ে উচ্চকক্ষ হওয়ার কথা। সরাসরি নির্বাচনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত অর্থ, পেশিশক্তি। ফলে ৫০টি আসনকে ‘কমফোর্ট জোন’ হিসেবে দেখছে দলগুলো। অমুকের মেয়ে, তমুকের স্ত্রীকে বসিয়ে দিচ্ছে। সে আসনগুলোতে অনেকে তেল দিয়ে টিকে থাকছেন, যাতে পরেরবারও মনোনয়ন পাওয়া যায়। দলের স্তুতি করা এবং সুযোগ–সুবিধার সর্বোচ্চটুকু নেওয়ার দিকেই তাঁদের মনোযোগ থাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চার বছর ধরে তাঁর এলাকার রাস্তা নির্মাণের আধা সরকারি পত্র (ডিও লেটার) নিয়ে ঘুরছেন, অথচ বরাদ্দ পাচ্ছেন না।

নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে হলেও এখন মূল্যায়ন কম হয় বলে মনে করেন না সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যতটুকু দিচ্ছেন, তার মধ্যেই মানুষের সেবা করা যায়। কাউকে কাউকে খুশি করা কঠিন। যাঁরা সত্যিকার কাজ করেন, দলের জন্য আন্তরিক ও ত্যাগী, তাঁদের কোনো সমস্যা নেই। কম গুরুত্ব পাই, এমন কখনো অনুভব করি না। বরাদ্দ কম, এই নিয়ে যুদ্ধ করে সময় নষ্ট করতে চাই না।’ দলের স্তুতি নয়, এলাকার সমস্যা, নারী ইস্যুতে সংরক্ষিত আসনের নারী সদস্যরা যথেষ্ট সোচ্চার বলে তিনি মন্তব্য করেন।

তবে এই প্রক্রিয়ায় পরিবর্তন আসা উচিত বলে মনে করেন ষাটের দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ ইস্যু ও নারী ইস্যুতে নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশ নিতে দেখা যায় না। সংসদে সংরক্ষিত আসনসংখ্যা ১০০–তে উন্নীত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে জনগণের প্রতি তাঁদের দায়বদ্ধতা তৈরি হয়।