ছোটবেলা থেকেই আব্বাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছি

আগামীকাল বাবা দিবস। দিনটি উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানাতে পাঠকের কাছে লেখা চেয়েছিল ‘ছুটির দিনে’। আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন বিপুল পাঠক। নির্বাচিত একটি লেখা পড়ুন এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে লেখকের অনেক স্মৃতি
ছবি: লেখকের সৌজন্যে

প্রতি রবি আর বুধবার আমাদের গ্রামে হাট বসত। পুরোনো সাইকেলে চড়ে হাটে যেতেন আব্বা। তিনি যখনই সাইকেলটা নিয়ে বের হতেন, আমিও হাটে যাওয়ার জন্য বায়না ধরতাম। আব্বা কখনো মানা করতেন না। সাইকেলের পেছনে বসিয়ে আমাকে নিয়ে হাটে যেতেন। তিনি বাজার করতেন আর আমি তক্কে তক্কে থাকতাম খাওয়ার কিছু কিনে নেওয়ার জন্য। গুলগুলি, গজা ছাড়া গ্রামের বাজারে আর কীই–বা পাওয়া যেত। তবে যা যা খেতে চাইতাম, সবই কিনে দিতেন। শুধু হাটবারেই নয়, বৈশাখ, জ্যৈষ্ঠে যখন মেলা বসত, সাইকেলে করে দূরের মেলায় নিয়ে যেতেন। মেলায় যা যা কেনার জন্য বায়না ধরতাম, হাসিমুখে সব পূরণ করতেন আব্বা।

ছোটবেলার সেসব দিনের কথা ভাবলে চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরে। খুব অনুভব করি দিনগুলো।

আরও পড়ুন

ছোটবেলা থেকেই আব্বাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছি। রোদ, বৃষ্টি উপেক্ষা করে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আব্বার বয়স এখন ৬১ বছর। ইদানীং প্রায়ই অসুস্থ থাকেন। তাঁর জন্য খুব খারাপ লাগে। কলেজে পড়ার জন্য বাইরে থাকি। আব্বাকে দেখতে যাওয়ার মতো মুখও আমার নেই। যে সময় আব্বার পাশে দাঁড়ানোর কথা, সেই সময় আমি কিনা মাস শেষে আব্বার কাছে বলি, ‘আব্বা আমার কাছে টাকা নেই, টাকা লাগবে।’ আব্বা তবু হাসিমুখে বলেন, ‘কবে লাগবে, আমি পাঠিয়ে দিবনি, তুই কোনো চিন্তা করিস না; মন দিয়ে লেখাপড়া কর।’

নিজেকে খুব অসহায় মনে হয় এখন। জানি না কবে তাঁর হাতে আমার প্রথম উপার্জনের টাকাটা তুলে দিতে পারব।