শামীমার লড়াই এবং আরও লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীমা আখতার
ছবি: সাবিনা ইয়াসমিন

সবকিছুর শুরুটা ব্রুস লিকে দিয়ে।

শামীমা আখতার তখন ক্লাস ফোর বা ফাইভে পড়তেন। মেজ ভাইয়ার ঘরে মার্শাল আর্ট তারকার একটা পোস্টার দেখে প্রশ্ন করেছিলেন, ‘ভাইয়া, এই লোকটা কে?’

ভাই পরিচয় করিয়ে দিয়েছিলেন, ‘ওর নাম ব্রুস লি। ও মার্শাল আর্ট জানে। খালি হাতেই বাঘের সঙ্গে লড়াই করতে পারে।’

হোক সিনেমার কল্পকাহিনি। তবু ছোট্ট মেয়েটার মাথায় ঢুকে গিয়েছিল—শরীরচর্চার এই কৌশল আমাকেও শিখতে হবে।

সেদিন যদি শামীমার মাথায় এই ভূত না চাপত, তাহলে কি এত বাধা পেরিয়ে কারাতে শিখতেন? পাঁচবার জাতীয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেন?

বয়স ৫০-এর কাছাকাছি। নানা অসুখ–বিসুখের সঙ্গে লড়াই করে, ছেলে তাহসিন শানকে সঙ্গে নিয়ে এখনো শরীরচর্চা, যোগব্যায়াম, মার্শাল আর্ট নিয়ে আছেন। এ বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতের প্রতিযোগিতা ওজাওয়া কাপে অংশ নিয়েছেন দুজন। মা-ছেলে দুজনই পেয়েছেন ব্রোঞ্জপদক।

কিন্তু বিশ্বাস করুন, জীবনের এতটা পথ পেরোতে গিয়ে কারাতের চেয়ে আরও অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি শামীমাকে হতে হয়েছে। যে লড়াইয়ে কোনো পদক মেলে না।

জাতীয় কারাতে প্রতিযোগিতায় পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন শামীমা আখতার
ছবি: সাবিনা ইয়াসমিন

ভূতের গলির ‘অ্যাডভেঞ্চার’

শামীমা আখতারের বাবা মো. সেকান্দার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর। সরকারি চাকরির সুবাদে ছয় ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন সিলেটে। সে সময় শামীমার মাথায় ‘মারামারির ভূত’ চেপেছিল ঠিকই, কিন্তু সিলেটে কারাতে শেখার কোনো সুযোগ ছিল না। তা ছাড়া বাবা সাফ সাফ বলে দিয়েছিলেন, ‘ওসব মারামারি শেখা লাগবে না। পড়ালেখায় মন দাও।’

শামীমা যখন ক্লাস সেভেনে পড়েন, তখন পুরো পরিবার চলে এল ঢাকায়। একদিন পত্রিকায় একটি বিজ্ঞাপন তাঁর চোখে পড়ল, ‘জাতীয় জুডো ও কারাতে সেন্টারে ভর্তি চলছে।’ ঠিকানা? ভূতের গলি।

সদ্য ঢাকায় পা রাখা কিশোরীর কাছে ভূতের গলি নামটাই যথেষ্ট ভীতিকর ছিল। তবু সাহস করে মেজ বোনকে সঙ্গে নিয়ে একদিন চুপি চুপি ভূতের গলি কমিউনিটি সেন্টারে হাজির হন।

গিয়ে দেখেন এলাহি কারবার! ৫০-৬০ জন ছেলে মিলে বিকট হা-হু শব্দ করে কারাতে শিখছে। প্রশ্নবোধক চোখে তাকিয়ে প্রশিক্ষক শুরুতেই জানিয়ে দেন, ‘এখানে কিন্তু আর কোনো মেয়ে নেই। তোমার বাসা থেকে শিখতে দেবে তো? আমরা কিন্তু গার্ডিয়ানের স্বাক্ষর ছাড়া ভর্তি নেব না।’

১৯৮৬-৮৭ সালের কথা। বাবার স্বাক্ষর নকল করে কারাতে শিখতে ভর্তি হয়ে যান শামীমা।

‘আব্বা যেন না জানে’

সে এক অ্যাডভেঞ্চার বটে। স্কুল ছুটির পর কোচিংয়ের নাম করে কারাতে শিখতে যেতেন শামীমা। রিকশার পথটুকু হেঁটে পেরিয়ে যেটুকু টাকা বাঁচে, সেটাই সম্বল। বাড়িতে কেউ যেন না জানে, সে জন্য কারাতের পোশাকটা ‘নিষিদ্ধ বস্তু’র মতো স্কুলব্যাগে লুকিয়ে রাখতে হতো। প্রশিক্ষণকেন্দ্রের পাশেই ছিল এক রিকশাচালকের বাড়ি। সে বাড়ির কর্ত্রীর সঙ্গে সখ্য করে নিয়েছিলেন তিনি। স্কুল ছুটির পর সোজা সেখানে গিয়ে পোশাক বদলে নিতেন। প্রশিক্ষণ শেষে, ফেরার সময় আবার স্কুল ড্রেস পরে লক্ষ্মী মেয়ের মতো বাড়ি ফিরতেন।

বাসায় কেউ টের পায়নি? প্রশ্ন শুনে হেসে ফেললেন শামীমা। ‘টের পায়নি আবার? একদিন তো বড় বোন আমার কারাতের ড্রেস চুলার আগুনে ফেলে দিয়েছিল। মা আবার তুলে রেখেছে। মায়েদের তো আসলে কোনো কিছু চোখ এড়ায় না। আমি যে হাতে-পায়ে কাটাছেঁড়া নিয়ে বাসায় ফিরি, তিনি তো ঠিকই দেখেছিলেন। কিন্তু খেলাটা যে আমি খুব ভালোবাসি, সেটাও নিশ্চয়ই বুঝেছেন। মা কিছু বলেননি। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল—আব্বা যেন না জানে।’

শেষ পর্যন্ত আব্বা কিন্তু ঠিকই জেনে গিয়েছিলেন।

১৯৮৯ সালের এক রাতের কথা। খেলায় মার খেয়ে ঠোঁট ফুলিয়ে, রাত দশটায় দুরুদুরু বুকে বাড়ি ফিরেছিলেন শামীমা। আব্বার সামনে দাঁড়িয়েই বুঝতে পারছিলেন, ‘আজকে খবর আছে!’

খবর সত্যিই ছিল। সেদিনই রাত আটটার খবর দেখতে বসে বাবা জেনেছিলেন, তাঁর ছোট মেয়ে কারাতে শেখে। শুধু তাই নয়, জাতীয় কারাতে প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়েছে!

নতুন লড়াই

চ্যাম্পিয়ন হওয়ার পরও শামীমার বাড়িতে কারাতের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়নি। তিনি বলছিলেন, ‘তখন বাড়িতে আমি সবার ছোট। বড়রা সবাই স্ট্যান্ড করা, লেটার মার্কস পাওয়া। বুঝতেই পারছেন, পড়ালেখার ব্যাপারে কী রকম চাপ ছিল আমার ওপর। ও, বলে রাখি। আমার দুই বড় ভাই-বোন ডাক্তার। বাকিরাও ভালো অবস্থানে আছেন। সে জন্য আমার মা রওশন আরা বেগম রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন।’

বাবা চেয়েছিলেন, ছোট মেয়ে প্রকৌশলী হোক। কিন্তু শামীমা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তখন জাতীয় পর্যায়ে কারাতেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। কারণ, শামীমা খেলতেন আনসার বাহিনীর হয়ে। সাভারের সফিপুরে গিয়ে নিয়মিত চর্চা করা, একই সঙ্গে ঢাকায় ক্লাস করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। অতএব পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় পর্যায়ে খেলা ছেড়ে দেন তিনি।

মাথায় তখন নতুন ভাবনা—একটা জিম চালু করবেন। শরীরচর্চা নিয়ে কাজ করবেন। কিন্তু সে জন্য তো টাকা চাই। বিভিন্ন স্কুলে কারাতে শিখিয়ে, ইংরেজি পড়িয়ে কাটল আরও কয়েক বছর। ২০০০ সালে বিয়ে করলেন। ২০০১ সালে শুরু হয় তাঁর ব্যায়ামাগারের যাত্রা। ২০০৩ সালে যখন সন্তান জন্ম দিলেন, সুখবরটা উদ্‌যাপনের সুযোগ তিনি পাননি। কারণ, তখনই ধরা পড়ে জটিল এক রোগ—নন-সিরোটিক পোর্টাল হাইপারটেনশন।

শামীমা বলছিলেন, ‘অনেকে বলেছে অতিরিক্ত শরীরচর্চার কারণেই আমার এমন অসুখ হয়েছে। ডাক্তার বলে দিয়েছিল, “কিছু করার নেই। বাসায় নিয়ে যান। আল্লাহ আল্লাহ করেন।” কিন্তু বিশ্বাস করুন, ফিট ছিলাম বলেই বরং আমি অসুখের সঙ্গে ফাইট দিতে পেরেছি। আমার ছেলের যেদিন জন্ম হলো, তার আগের দিন পর্যন্তও আমি জিমে প্রশিক্ষণ দিয়েছি।’

মা-ছেলে একসঙ্গে কারাতের চর্চা করেন
ছবি: সাবিনা ইয়াসমিন

মা-ছেলের যৌথ যাত্রা

অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, কিছুতেই যখন কিছু হচ্ছিল না, তখন শরীরচর্চার ওপরই ভরসা রেখেছেন শামীমা আখতার। সন্তান জন্ম দেওয়ার পর প্রায় তিন মাস বিছানা ছেড়ে উঠতে পারেননি। এরপর একটু একটু করে মা-ছেলে একসঙ্গে হাঁটা শিখেছেন।

শামীমা বলছিলেন, ‘লিওর (তাহসিন শানের ডাকনাম) যখন দুই-আড়াই বছর বয়স, তখন বুঝতে পারলাম, ও চোখে ভালো দেখতে পায় না। কানে শুনতেও সমস্যা হয়। ডাক্তার বলেছিলেন, ওর অ্যাডিনয়েড বড়। অপারেশন করতে হবে। নয়তো ধীরে ধীরে ওর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যাব। ওর বুদ্ধি হবে না। ও লম্বা হবে না। কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে শরীরে কাটাছেঁড়ার ওপর আমি আর ভরসা করতে পারছিলাম না। ছেলের যেন শ্বাসপ্রশ্বাসের প্র্যাকটিস হয়, সে জন্য আড়াই বছর বয়সে ওকে সাঁতারে ভর্তি করিয়ে দিলাম। আমিও ভর্তি হলাম। মজার ব্যাপার হলো, ১২ থেকে ১৩ দিনের মধ্যে দেখি ও দিব্যি সাঁতার কাটছে। আমি অবশ্য পুরো কোর্স শেষ করেও সাঁতারটা ভালো শিখতে পারিনি।’

লিওর বুদ্ধি হবে না, ও লম্বা হবে না—কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন শামীমা। জানিয়ে রাখি, তাহসিন শান কিছুদিন আগে এ লেভেল পেরিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক পেয়েছেন তিনি। জাতীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে হয়েছেন চ্যাম্পিয়ন। দেশে-বিদেশে কারাতে, ফ্রেঞ্চ বক্সিং, আর্ম রেসলিং প্রতিযোগিতায় পুরস্কারও জিতেছেন।

সম্প্রতি আন্তর্জাতিক এক কারাতে প্রতিযোগিতায় মা-ছেলে দুজনই পেয়েছেন ব্রোঞ্জপদক
ছবি: সাবিনা ইয়াসমিন

বিশ্বের নানা প্রান্ত ঘুরে চলেছে মা-ছেলের প্রশিক্ষণ কার্যক্রম। কখনো ভারত বা নেপাল ঘুরে তাঁরা যোগব্যায়ামের ওপর প্রশিক্ষণ নিয়েছেন, কখনো অস্ট্রেলিয়া গিয়ে শিখেছেন ক্র্যাব মাঙ্গা। চীনের শাওলিন টেম্পলে গিয়ে সনদ নিয়ে এসেছেন তাঁরা। শামীমা জানালেন, বিশ্বের ১৬টি দেশ ঘুরে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, দিয়েছেন। এখন ইউনেসকোর ইন্টারন্যাশনাল সেন্টার অব মার্শাল আর্টসের সঙ্গে কাজ করছেন। এসব তথ্যের সঙ্গে যোগ করলেন, ‘সত্যি কথা বলতে এত কিছু করে আমি শরীরটা সুস্থ রাখার একটা উপায় খুঁজছিলাম।’

প্রতিবছরই একটা দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়। তবু কারাতের নানা অঙ্গনে কাজ করে যাচ্ছেন শামীমা। সঙ্গী তাঁর সন্তান। দুজন মিলেই ব্যায়ামাগারে ব্যায়াম শেখান। মা-ছেলে একসঙ্গে কারাতের চর্চা করেন। শামীমা বলেন, ‘আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, শরীর কিংবা সম্পর্ক, দুইটার ক্ষেত্রেই একটা কথা সত্যি—ইউজ ইট অর লুজ ইট। অর্থাৎ এর চর্চা করতে হবে। নয়তো তুমি হারাবে। আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিলাম, অনেকে বলেছিল, “বেঁচে যে আছ, আল্লাহর কাছে শোকর করো।” কিন্তু জীবনটা তো শুধু বেঁচে থাকার জন্য নয়।’