এই গরমে ভালো থাকুন

এই গরমে পানি, সানগ্লাস সঙ্গে রাখুন। মডেল: চৈতি, ছবি: নকশা
এই গরমে পানি, সানগ্লাস সঙ্গে রাখুন। মডেল: চৈতি, ছবি: নকশা

রোদের তাপ দেখেই ভয়ে আর বের হবেন না! সেটাও সম্ভব নয়। ক্লাস, অফিস, বেড়ানো, পার্টি—কত কিছুই তো থাকবে। কোনোটাই বাদ দেওয়া যাবে না। তবে কিছু নিয়ম মেনে চললে আর কিছু ব্যাপারে সতর্ক থাকলে এই গরমেও ভালো থাকবেন আপনি।

গরমে সাজ
কোনো উপলক্ষ থাকলে সাজগোজ কেমন হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি বলেন, বিশেষ উপলক্ষ যেমন কোনো পার্টি বা বিয়ের দাওয়াত থাকলে তিন থেকে চার দিন আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের ধরন বুঝে ফেশিয়াল করুন। এ ছাড়া ডিপ ক্লেনজিং ফেশিয়াল করা যায়। এতে ত্বক অনেক পরিষ্কার দেখাবে এবং মেকআপটা ত্বকে ভালোভাবে বসবে। দিনের বেলায় তরল ফাউন্ডেশন লাগানো উচিত নয়। শুধু গরমে নয়, বছরের কোনো সময়েই বেশি মেকআপ ব্যবহার করা উচিত নয়, তাই মনে করেন কানিজ আলমাস খান। যাঁরা দিনের বেলায় একটু মেকআপ করতে চান, তাঁরা আগে এক টুকরা বরফ কাপড়ে নিয়ে মুখে ঘষে নিন। এরপর এসপিএফ ৪০ যুক্ত সানস্ক্রিন লোশন বা ক্রিম মুখে, হাতে ও গলায় লাগান। ২০-২৫ মিনিট পর মেকআপ করুন।
মুখে দাগ ও চোখের নিচের কালি থাকলে সেখানে ভালো করে কনসিলার লাগিয়ে ম্যাট ফেইস পাউডার লাগাতে হবে। আইলাইনার ও মাশকারা পানিরোধক হতে হবে। গ্লসি লিপস্টিক দিনের বেলায় এড়িয়ে চলুন, নতুবা গরমে ছড়িয়ে পড়তে পারে। গ্লিটার ও শিমার বাদ দিয়ে ম্যাট মেকআপ ব্যবহার করতে হবে। দিনের বেলায় হালকা রং ব্যবহার করা উচিত। রং ও কাপড়ের ব্যবহারেও সচেতন হতে হবে।

পোশাক যেমন
গরমে আরাম পাওয়ার জন্য পোশাক ধরন, রং ও ডিজাইন নির্বাচনে প্রাধান্য দিতে হবে। সুতি কাপড় সহজেই ঘাম শুষে নেয় এবং পরতেও আরামদায়ক। সুতির পাশাপাশি অ্যান্ডি, শিফন, কোটা, ধুপিয়ান, লিলেনের পোশাক নির্বাচন করতে পারেন।
পোশাকের ক্ষেত্রে নিজের সঙ্গে মানানসই এমন রং বেছে নেওয়া ভালো। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক আরামের পাশাপাশি চোখকে দেয় প্রশান্তি। হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের পোশাক এই গরমে প্রাধান্য দিতে পারেন।

ত্বকের যত্নে
রোদ ও ধুলাবালুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। সাধারণত সানস্ক্রিনের কার্যকারিতা তিন-চার ঘণ্টা পর শেষ হয়ে যায়। তাই এর চেয়ে বেশি সময় বাইরে থাকলে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে আবার সানস্ক্রিন লোশন লাগাতে হবে। অনেক সময় সম্ভব হয় না পুরো মুখ মুছে আবার মেকআপ করা। তাই সঙ্গে রাখুন ব্লটিং পেপার। এটি মেকআপ নষ্ট না করে শুধু অতিরিক্ত তেল শুষে নেয়। এরপর হালকাভাবে কমপ্যাক্ট পাউডার মুখে বুলিয়ে নিন। এতে দীর্ঘক্ষণ মেকআপ ভালো থাকবে।
দিনের শেষে বাড়ি ফিরে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তুলায় ক্লেনজিং মিল্ক লাগিয়ে মেকআপ খুব ভালোভাবে তুলে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পছন্দসই কোনো প্যাক লাগাতে পারেন।

জেনে নিন
 একটি কলা কেটে তার সঙ্গে মধু, লেবুর রস ও দুধ মিশিয়ে মুখে, হাতে ও পায়ে লাগালে ত্বকের রুক্ষতা দূর হয়।
 কাঁচা হলুদ, শসার রস, টমেটোর রস ও লেবুর সঙ্গে শুষ্ক ত্বক হলে দুধের সর মিশিয়ে লাগাতে হবে।
 তৈলাক্ত ত্বক হলে দুধের সরের পরিবর্তে ডিমের সাদা অংশ লাগাবেন।
 এ ছাড়া ঠান্ডা তরমুজের রস লাগালে ত্বকে সতেজতা ফিরে আসবে।
গরম আবহাওয়ায় হঠাৎ অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। এ প্রসঙ্গে কথা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম আসাদুজ্জামানের সঙ্গে। জেনে নিন তাঁর পরামর্শ।
 গরমের দিনে খুবই প্রয়োজন সানস্ক্রিন। যাঁদের ত্বক সংবেদনশীল, অনেক সময় তাঁদের ত্বকে র্যাশ, ফুলে যাওয়া, চুলকানি, ঘামাচি হতে পারে। আবার ধুলাবালু লোমকূপে ময়লা জমে মুখে ব্রণ হয় এবং রোদে পোড়া ছোপ ছোপ দাগ পড়ে। এসব থেকে বাঁচতে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে বের হওয়া উচিত।
 রোদে গেলে প্রচুর ঘাম হয়। শরীরের প্রচুর লবণ-পানি বের হওয়ার কারণে পানিশূন্যতা হতে পারে। অতিরিক্ত গরমের খরতাপে হিট স্ট্রোক হতে পারে। তাই ব্যাগে এক প্যাকেট স্যালাইন রাখা উচিত। এ ছাড়া হঠাৎ অসুস্থবোধ হলে লেবুর রসের সঙ্গে একটু লবণ ও চিনি মিশিয়ে শরবত বানিয়ে পান করুন।
 বাইরে থেকে ফিরে ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা পানি পান করবেন না। এতে সর্দি-কাশি ও টনসিলের সমস্যায় পড়তে পারেন। বাইরের খোলা খাবার খাওয়া উচিত নয়।
 বাইরে সব সময় পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ থাকে না। তাই ব্যাগে একটি হ্যান্ড স্যানিটাইজার রাখলে কোনো কিছু খাওয়ার আগে হাত পরিষ্কার করে নিতে পারবেন।
 এই গরমে সতেজ, সুস্থ ও সুন্দর থাকার জন্য সকালে বের হওয়ার সময় ব্যাগে একটি পানির বা শরবতের বোতল, হাতপাখা, ওয়েট টিস্যু, ব্লটিং পেপার, ছাতা, কালো চশমা সঙ্গে রাখা উচিত।