যত্নে থাকুক ত্বক

ব্রণ বা অন্য কোনো সমস্যা এড়াতে ত্বকের যত্ন নিন নিয়মিত। মডেল: ইষিকা, ছবি: নকশা
ব্রণ বা অন্য কোনো সমস্যা এড়াতে ত্বকের যত্ন নিন নিয়মিত। মডেল: ইষিকা, ছবি: নকশা

ঈদের সময় খাওয়াদাওয়া তো বেশ হলো। তেল-মসলার খাবারও এ সময় বাদ যায় না। এত সব তৈলাক্ত খাবার খাওয়ার কারণে ত্বকে পড়তে পারে বিরূপ প্রভাব। হতে পারে ব্রণ। এ সময় অন্য কারণেও ত্বকের কোনো স্থানে জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে।
এসব সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল।
 প্রচুর পানি পান করতে হবে। বেশি পানি পান করলে শরীর থেকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ সহজেই বেরিয়ে যেতে পারে।
 টাটকা ফলমূল ও শাকসবজি খেতে হবে বেশি।
 তেল-মসলাযুক্ত ও ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে। চর্বিজাতীয় খাবার খাওয়া কমিয়ে ফেলতে হবে।
 নিয়মিত ত্বক পরিষ্কার করুন। ত্বকের মৃত কোষ ও লোমকূপে আটকে থাকা বিভিন্ন ময়লার কারণে ত্বকে সমস্যা হতে পারে।
 কায়িক পরিশ্রম করতে চেষ্টা করুন। চাইলে ব্যায়ামও করতে পারেন। ব্যায়াম করার পরে ঘাম মুছে নিয়ে মুখের ত্বক পরিষ্কার করুন।

মডেল: ইষিকা, ছবি: নকশা
মডেল: ইষিকা, ছবি: নকশা

ব্রণের সমস্যায়
ব্রণ উঠলে প্রাথমিকভাবে এর প্রতিকারের জন্য বাড়তি কিছু করার প্রয়োজন নেই।
ব্রণ কিছুটা ভালো হয়ে এলে নিমপাতা, পুদিনাপাতা, লবঙ্গ ও টকদই একসঙ্গে বেটে নিন। যেখানে ব্রণ উঠেছে, সেই অংশে লাগিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর ত্বক পরিষ্কার করে ফেলতে হবে। এর ফলে জীবাণুর সংক্রমণও কম হবে। এ ছাড়া ব্রণ কিছুটা উপশম হওয়ার পর আলু থেঁতো করে তার রস লাগাতে পারেন। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।
ব্রণ উঠলে কোনো অবস্থাতেই সেটিকে খোঁচানো যাবে না।

ত্বকের অন্যান্য সমস্যায়
ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি হলে শসা কুচি করে লাগিয়ে রাখা যেতে পারে। এ ধরনের সমস্যায় শসার রস বেশ উপকারী।
ত্বকের কোনো অংশে চুলকানি হলে নিমপাতা মেশানো পানি ব্যবহার করে উপকার পাবেন। পানিতে নিমপাতা দিয়ে ফুটিয়ে নিন। গোসলের পর এই পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এতে ত্বকের চুলকানিভাব কমে যাবে এবং ঘামাচির সমস্যা থাকলে তা কমে যাবে।
ত্বকের কোনো সমস্যার কারণে বেশি ভুগলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
রাফিয়া আলম