লিপস্টিক অপছন্দ?

ঠোঁট রাঙাতে লিপস্টিক দেওয়াটা কিন্তু বেশ কৌশলের কাজ। আর বাজারেও রয়েছে নানান রঙের, নানান নামের লিপস্টিক। কিন্তু যাঁরা লিপস্টিক ভালোবাসেন না, তাঁরা কী করবেন? উজ্জ্বল পোশাকে খালি ঠোঁটে বের হবেন, এ তো হতেই পারে না। তাই লিপস্টিক যাঁরা ব্যবহার করতে চান না, তাঁদের জন্য আছে বিকল্প উপায়; যা সৌন্দর্যকে বাড়িয়ে দেবে অন্যভাবে। এ জন্য চাইলে ব্যবহার করতে পারেন লিপবাম কিংবা লিপগ্লস।
এগুলো ছাড়াও আছে হালকা রঙের লিপস্টিক। যদি লিপগ্লসের আঠালো ভাবটা পছন্দ না হয়, তবে এটি ব্যবহার করতে পারবেন সহজেই। সে ক্ষেত্রে গায়ের রঙের সঙ্গে মিলিয়ে তবেই ব্যবহার করুন। অথবা যেটিতে নিজেকে ভালো লাগে, সেটিই বেছে নিন।
তবে নিয়মিত একটা ব্র্যান্ডের লিপজেল ব্যবহার করলে ভালো হয় বলে পরামর্শ দেন।

লিপবাম
লিপবাম

লিপস্টিকের বিকল্প
লিপবাম
হালকা রঙের লিপবাম আপনার ঠোঁটে আনতে পারে আলাদা সৌন্দর্য। যাঁদের গায়ের রং উজ্জ্বল তাঁরা গোলাপি আভায় ঠোঁট রাঙাতে পারেন। শ্যাম বর্ণ যাঁদের, তাঁরা হালকা গোলাপি, কমলা বা লাল আভা ব্যবহার করতে পারেন। সুগন্ধিযুক্ত লিপবাম যেন স্বাস্থ্যকর হয়।

লিপগ্লস
লিপগ্লস

লিপগ্লস
উজ্জ্বল রঙের লিপগ্লস এখন অনেকেই ব্যবহার করছেন। এটি কিন্তু লিপস্টিকের খুব ভালো বিকল্প। ঠোঁটকে উজ্জ্বল ও কোমল রাখতে এর জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এতে আছে ভিটামিন ই; যা সারা দিন আপনার ঠোঁটকে রাখবে আকর্ষণীয়।

লিপজেল
লিপজেল

লিপজেল
বাজারে এখন নানা রঙের, নানা ধরনের লিপজেল পাওয়া যায়। হালকা করে ঠোঁটে বুলিয়ে নিলেই ফুটে ওঠে মিষ্টি আভা। তাই ব্যাগে সব সময় আপনার পছন্দের রঙের চ্যাপস্টিক রাখতে পারেন।

ঠোঁটের যত্ন
আপনাকে অবশ্যই ঠোঁটের যত্নআত্তি করতে হবে। নইলে সব সৌন্দর্য মাটি। ঠোঁটের উজ্জ্বলতা বজায় রাখতে তাই ভেষজ ও প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি দিন। আর নিয়ম করে রাতে গ্লিসারিনের সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে ঠোঁটে দিতে পারেন। এতে ঠোঁটের উজ্জ্বলতা আরও বাড়বে। এ ছাড়া মধু ও লেবু মিশিয়ে পাঁচ মিনিট ঠোঁট ভিজিয়ে রাখুন। এরপর হালকা গরম পানিতে ঠোঁট ধুয়ে নিতে পারেন। পরে তা নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এতে করে ঠোঁটের মরা কোষ উঠে যাবে।

দাম
ধানমন্ডির জেনেটিক প্লাজার গয়না কসমেটিকস দোকানের বিক্রেতা সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, বাজারে বিভিন্ন ধরনের লিপবাম ও লিপগ্লস বিক্রি হয়। এসব লিপবাম পাওয়া যাবে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। আর ভালো ব্র্যান্ডের লিপগ্লস যেমন ম্যাক, ল’রিয়েল, ল্যাকমি, জর্ডানা, নিয়ন, লিপআইসের দাম পড়বে ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে।
আফরোজা পারভিন
রূপচর্চা বিশেষজ্ঞ, রেড বিউটি স্যালুন।