ঈদের দিন বেলায় বেলায় সাজেও আনতে পারেন এসব বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালে ফাউন্ডেশন থেকে আইশ্যাডো—সবই থাকুক হালকা
মডেল: নিদ্রা, সাজ: পারসোনা, পোশাক: লা রিভ, ছবি: কবির হোসেন

সকালের স্নিগ্ধ আভা

ঈদুল ফিতরে সকাল থেকে কাজের চাপ শুরু হয়ে যাবে। তাই এই সময়ে শুধু বেজ মেকআপ করতে পারেন। গোসল সেরে বা পরিচ্ছন্নতার পর মুখে সানস্ক্রিন, প্রাইমার, ময়েশ্চরাইজার লাগিয়ে নেওয়া উচিত। তারপর হালকা ফাউন্ডেশন আর কনট্যুরিং করে বা টি শেপ এরিয়া আর চোখের নিচ বেজ পাউডার দিয়ে সেট করলেই হয়ে গেল। কেউ চাইলে হালকা করে ব্লাশন বা আইশ্যাডো ব্যবহার করতে পারেন। ‘পোশাকের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো দিতে পারেন। অথবা নিউট্রাল হিসেবে খয়েরি বা বাদামি রঙের আইশ্যাডো দিলে সেটা সব ধরনের পোশাকের সঙ্গেই মানাবে। এই রংগুলো ব্যবহার করে চিকন বা মোটা করে ইচ্ছানুযায়ী আইলাইনার দিতে পারেন,’ জানালেন পারসোনার ধানমন্ডি শাখার ম্যানেজার রেশমা আক্তার।

যেহেতু সকালবেলা ঠোঁটে একটা শুষ্ক ভাব থাকে, তাই ঠোঁটে একটা গ্লসি লিপ অয়েল, গ্লস বা টিন্ট ব্যবহার করা যেতে পারে। মুখের পাশাপাশি শরীরের ময়েশ্চারাইজিংও  জরুরি। তাই শরীরের বাকি অংশ, বিশেষত বাহু, কনুই, হাত, কোমর ও পায়ে বডি ময়েশ্চারাইজিং ক্রিম বা অয়েল মাখতে যেন ভুল না হয়।

দুপুরে চুলের সাজে এমন হালকা বেণি করে রাখাই ভালো হবে
ছবি: কবির হোসেন

দুপুরের সাজ হাওয়া বুঝে

এবারের ঈদের দিনটা গরম অথবা বৃষ্টিময় হতে পারে। সেই ভাবনা থেকে সাজসজ্জার ক্ষেত্রে আবহাওয়া বুঝে সে অনুযায়ী নিজেকে তৈরি করাই বুদ্ধিমানের কাজ হবে। দুপুরে ভোজের বিশেষ আয়োজনে বেশির ভাগ সময় বাড়ির নারীরা ব্যস্ত থাকেন। তার ওপর আপনি যদি বাড়ির কর্ত্রী কিংবা নতুন বউ হন, তাহলে তো কথাই নেই। দুপুরে সাধারণত পরিবারের সবাই একসঙ্গে বসে খেতে চেষ্টা করেন। সেই সঙ্গে অতিথিও থাকতে পারেন। তাই দুপুরের খাবারের আগে নিজে তৈরি হয়ে থাকাটাই ভালো হবে।  

সকালের বেজ মেকআপের ওপর একটু টাচআপ করা জরুরি হতে পারে। প্রেসড পাউডার দিয়ে আরেকটু মেকআপটা সেট করে ব্লাশন আর সামান্য হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। চোখের আইশ্যাডোটা এখন একটু কালারফুল করা যেতেই পারে। আইলাইনার মোটা করে টানা টানাভাবেও দিতে পারেন। আইলাইনারের সঙ্গে চোখের নিচে মোটা করে কালো কাজল ব্যবহার করে চোখ দুটো কাজল কালো করে ফুটিয়ে তুলতে পারেন। টিনএজ বা যাঁরা রঙিন ভাব পছন্দ করেন, তাঁরা চাইলে কালো বাদে অন্য কালারের কাজল ব্যবহার করতে পারেন।

দুপুরের সাজে সবচেয়ে জরুরি হলো চুল সেট করা। ব্যস্ততার মধ্যে অনেকেই আমরা চুলটা সুন্দরভাবে সেট করতে ভুলে যাই। সকালে চুলটা স্ট্রেট বা কার্ল করে নিলে দুপুরে সেটাকে বব পিন দিয়ে পাশে টুইস্ট করে আটকে নিলেও সুন্দর লাগে। অথবা যাঁদের লম্বা চুল, তাঁরা পাশ বেণি করে ফুল গুঁজে নিতে পারেন। দুপুরের সাজের আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো পারফিউম বা বডি এসেন্স অয়েলের ব্যবহার। দুপুরের ব্যস্ততায় ঘামতে পারে শরীর। তাই হাতের কবজির নার্ভে বা গলার আশপাশে আপনার পছন্দের পারফিউম বা এসেন্স ব্যবহার করতে ভুলবেন না।

সন্ধ্যার সাজে থাকতে পারে এমন ভারী ফাউন্ডেশনের বেজ মেকআপ
ছবি: কবির হোসেন

সন্ধ্যার বেশে

দুপুরের খাবারের পর ঈদের দিনের বিকেল আর সন্ধ্যার জন্য সবাই অপেক্ষা করেন। ঘোরাঘুরির এই বেলায় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করা, পরিবারের সঙ্গে লং ড্রাইভে একসঙ্গে আড্ডা, ছবি তোলা ও খাওয়াদাওয়া হবে। এ সময় কিন্তু পোশাকটা চাই একটু ঘোরার উপযোগী। সাজের ক্ষেত্রেও বৈচিত্র্য দরকার এই সময়ে। তবে যেহেতু বাইরে যাচ্ছেন, তাই ডাবল ক্লিনজিংয়ের পর সানস্ক্রিন, টোনার, প্রাইমার ও ময়েশ্চারাইজার লাগানোর কথা কিন্তু ভুলে যাওয়া যাবে না। এখন দুপুরের সাজটা পরিবর্তন করে এ সময়ে একটু ভারী ফাউন্ডেশনে বেজ মেকআপ ও আইভ্রু সাজানো যায়। পোশাকের সঙ্গে ম্যাচিং কালারে আইশ্যাডো বা লিপস্টিক ভালো দেখাবে। যাঁরা গ্লসি লুক পছন্দ করেন, তাঁরা আইশ্যাডোর পরিবর্তে গ্লিটারি শেড ব্যবহার করতে পারেন। এতে ব্লেন্ড করার ঝামেলা নেই। চুলটা স্ট্রেট করা থাকলে এখন হালকা কোঁকড়া করে নিতে পারেন বা কিছুটা ফুলিয়ে সাইড টুইস্ট করে বেণি করতে পারেন। আর যদি চুল ছোট বা কালার করা হয়ে থাকে, তাহলে ছেড়ে রাখলেও ভালো লাগবে।

কোঁকড়া চুল আর গাঢ় আইশ্যাডো রাতের সাজে আনবে জমকালো ভাব
ছবি: কবির হোসেন

রাতের জমকালো সাজে

সবচেয়ে আকর্ষণীয় সময় ঈদের রাতের পার্টি বা গেট টুগেদার। এই সময়ের সাজে যতটা সম্ভব গ্ল্যামার ফুটিয়ে তুলতে পারেন। রাতের পার্টির সাজটা একটু জমকালো না হলেই নয়। গ্ল্যামআপ লুকের জন্য প্রথমেই শুরু করা যাক চোখের সাজ দিয়ে। রেশমা আক্তার বলেন, ‘রাতের সাজের জন্য স্মোকি আই মেকআপ খুব ভালো লাগবে। অনেকে শিমার, গ্লিটার, মাসকারা ব্যবহার করেন চোখে। কালারফুল লেন্স ব্যবহার করেও চোখের সাজে পূর্ণতা আনা যায়। তা ছাড়া যাঁদের ন্যুড মেকআপ পছন্দ, তাঁরা ন্যুড কালার আইশ্যাডো বা ক্রিজ আই মেকআপ করতে পারেন। তবে একটু বোল্ড ভাব আনার জন্য আই ল্যাশ লাইনে গাঢ় রঙের শেডগুলো হালকা ব্লেন্ড করে নিতে পারেন। কম থেকে মাঝারি ভাব আনবে, এমন ফাউন্ডেশন দিয়ে মেকওভার করতে পারেন। তবে যাঁদের কনট্যুরিং পছন্দ নয়, তাঁরা পিচ বা গাঢ় কমলা রঙের ব্লাশ ব্যবহার করতে পারেন। আজকাল অনেক উজ্জ্বল রঙের শেড দেওয়া টিন্ট ব্লাশ থেকে শুরু করে লিপওয়্যার ও আইশেডের কাজ করে। রাতের জাঁকজমকপূর্ণ ভাব ঠোঁটের সাজ ছাড়া অসম্পূর্ণ। আবহাওয়ায় যেহেতু শুষ্ক একটা ভাব, তাই ক্রিমি ম্যাট কালারফুল বা ডার্ক লিপস্টিক ভালো মানাবে। অনেকে চাইলে দু–তিনটি শেড মিলিয়ে আলাদা একটা রং বানিয়ে ঠোঁট সাজাতে পারেন। তবে লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে লিপ লাইনিং করে নিলে ঠোঁটের আকারে ভিন্নতা আসবে। ব্যস, সুন্দর করে সেজে পছন্দের পোশাক ও গয়না পরে ঈদের দিনের রাতে পার্টিতে বেরিয়ে পড়ুন।