চুলের যত্নে কেন ভেষজ তেল ব্যবহার করবেন
খুশকি, চুল পড়া আর অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যার সমাধানে অনেকেই রাসায়নিক উপাদানসমৃদ্ধ কৃত্রিম প্রসাধনী ব্যবহার করেন। তবে এসব সাময়িকভাবে উপকার এনে দিলেও দীর্ঘ মেয়াদে হেয়ার ফলিকলকে ভেতর থেকে দুর্বল করে। এ কারণেই কেশচর্চায় আবারও ভেষজ তেলের ওপর আস্থা রাখছে মানুষ।
প্রাকৃতিক নির্যাস ও প্রয়োগপদ্ধতির ওপর লুকিয়ে থাকে ভেষজ তেলের মূল কার্যকারিতা। এটি কেবল চুলের বাইরের অংশে প্রলেপ তৈরি করে না, বরং মাথার ত্বকে আলতো ম্যাসাজের মাধ্যমে স্ক্যাল্পের গভীরে প্রবেশ করে বাড়ায় রক্তসঞ্চালন। এতে হেয়ার ফলিকল পায় প্রয়োজনীয় পুষ্টি ও পর্যাপ্ত অক্সিজেন।
ভেষজ তেলের প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখে, প্রদাহ কমায় এবং গোড়া থেকে চুল পড়া রোধ করে। তৈরি হয় নতুন চুল গজানোর অনুকূল পরিবেশ।
ভেষজ উপাদানের শক্তি
প্রকৃতি আমাদের এমন অনেক বিরল উপাদান উপহার দিয়েছে, চুলের সুরক্ষায় যা অনন্য এক ঢাল তৈরি করে। ভেষজ তেলে এসব ব্যবহার করা হয়ে থাকে। বহুকাল ধরে ব্যবহৃত এমন কিছু নির্ভরযোগ্য ভেষজ উপাদানের কার্যকারিতা আধুনিক কালেও সমাদৃত—
আমলকী ও মেথি: আমলকীতে থাকা ভিটামিন ‘সি’ ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট চুলের রুক্ষ ভাব দূর করে গভীর থেকে পুষ্টি জোগায়, চুলকে রাখে ঘন ও কালো। মেথির প্রাকৃতিক প্রোটিন মাথার ত্বকের ইনফেকশন রুখে দিয়ে কমায় চুলের ভাঙন।
জবা ও জটামাংসী: আয়ুর্বেদিক উপাদানের মধ্যে জবা ফুলের নির্যাস চুলের ডগা ফাটা রোধ করে, গোড়া মজবুত করে এবং নতুন স্বাস্থ্যকর চুল গজাতে সাহায্য করে। অন্যদিকে জটামাংসী (হিমালয়কেন্দ্রিক অঞ্চলে জন্মানো বিশেষ উদ্ভিদ) চুলকে অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে স্বাভাবিক উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী করে।
ভৃঙ্গরাজ ও ব্রাহ্মী: কেশচর্চার জগতে ভৃঙ্গরাজকে বলা হয় ‘কেশরঞ্জন’ বা চুলের পরম মিত্র, যা নিষ্ক্রিয় ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকর। ব্রাহ্মীর প্রশান্তিদায়ক গুণ মাথার ত্বকের শুষ্কতা, জ্বালাপোড়া ও চুলকানি সারিয়ে তোলে।
রোজমেরি ও কারিপাতা: রোজমেরির সক্রিয় নির্যাস চুলের ফলিকলে রক্তসঞ্চালন বাড়িয়ে গোড়া শক্ত করে। কারিপাতার অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড চুল পড়া কমিয়ে পাতলা চুলকে ঘন করতে ভূমিকা রাখে।
অশ্বগন্ধা, তুলসী ও নিম: অতিরিক্ত মানসিক চাপ ও হরমোনের ভারসাম্যহীনতা চুল পড়ার অন্যতম প্রধান অনুঘটক। অশ্বগন্ধার শীতল প্রভাব স্ক্যাল্পকে শান্ত রাখে, নিয়ন্ত্রণে আনে মানসিক চাপজনিত চুল পড়া। তুলসী ও নিমপাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি নির্মূল করে স্ক্যাল্প পরিষ্কার রাখে।
সঠিক ব্যবহারবিধি
ভেষজ তেলের সর্বোচ্চ সুফল পেতে হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিন। আঙুলের ডগা দিয়ে আলতো চাপে বৃত্তাকারে মাথার ত্বকে ৫ থেকে ১০ মিনিট মালিশ করুন। এতে তেল সহজেই গোড়ায় প্রবেশ করতে পারে।
তেল লাগানোর অন্তত এক ঘণ্টা পর অল্প শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে তেল মালিশ করে সারা রাত রেখে পরদিন সকালে গোসল করা যেতে পারে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এভাবে নিয়মিত পরিচর্যা করলে চুল ভালো থাকবে আর মাথাও থাকবে ঠান্ডা।
সূত্র: ভোগ ইন্ডিয়া, অ্যালুর, হেল্পলাইন