‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’

যাঁরা মেকআপ করতে ভালোবাসেন কিংবা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পেশাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এই আয়োজন ছিল বেশ গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালা শেষে সনদ দেওয়া হয় অংশগ্রহণকারীদের
ছবি: সংগৃহীত

উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’। গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন অঙ্গনের তারকাসহ সৌন্দর্যপ্রেমীরা।

আয়োজনের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট কেনেডি হফম্যান। ব্রাজিলিয়ান এই তারকা মেকআপ আর্টিস্ট আধুনিক ও বৈচিত্র্যময় মেকআপ কৌশল দিয়ে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। যাঁরা মেকআপ করতে ভালোবাসেন কিংবা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পেশাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এই আয়োজন ছিল বেশ গুরুত্বপূর্ণ। উৎসবমুখর এই আয়োজন আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজনের শুরু হয় কেনেডি হফম্যানের মেকআপ–বিষয়ক কর্মশালার মাধ্যমে। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখানে মেকআপ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। অনেক নতুন কিছু জানতে পেরেছি। আমার ব্র্যান্ড হারল্যানের আমন্ত্রণে আমি এখানে অংশ নিয়েছি। আমার খুবই ভালো লেগেছে।’

আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশ উচ্ছ্বসিত এই আয়োজন দেখে। তিনি বলেন, ‘আমি এখানে অংশ নিয়েছি ব্লেইজ ও স্কিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আমি মনে করি, এমন কর্মশালা আয়োজনের মাধ্যমে আমাদের দেশের মেকআপের ধারণা ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে।’

মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে দেখানো হয় মেকআপ করানোর নানা পদ্ধতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান বলেন, ‘এই মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান আধুনিক সব মেকআপের চলতি ধারা ও পদ্ধতি উপস্থাপন করেছেন। যার মাধ্যমে দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিক মানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পেয়েছে।’

অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের এসব পণ্যের প্রাপ্তি ও সহজলভ্যতায় তাঁরা দারুণ খুশি। এখন মানসম্পন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য বাংলাদেশের বাজারে পাওয়া যাবে সহজেই।

ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক ছিল আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড ‘ব্লেইজ ও স্কিন’। পাশাপাশি স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল ও হারল্যান ছিল সহযোগী পৃষ্ঠপোষক। মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালের পাশাপাশি ব্লেইজ ও স্কিনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ছিল উপস্থিত দর্শকের আগ্রহের শীর্ষে। একই সঙ্গে হারল্যান ও সিওডিলের পণ্যও শোভা পেয়েছিল সেই প্যাভিলিয়নে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্লেইজ ও স্কিন একটি আমেরিকান ব্র্যান্ড। এদের স্কিনকেয়ার ও বডিকেয়ারের ১৫টি পণ্য রয়েছে। ফেস স্ক্র্যাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্কসহ নানা রকম পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে ব্র্যান্ডটি।