বাইরে গরম। আলমারি থেকে সাদা চিনামাটির প্লেটগুলো বের করা হয়ে গেছে। অন্দরে খাবার টেবিলে ধবধবে সাদা প্লেটগুলোর দিকে তাকালেই আরাম লাগছে। ঋতুভেদে কি তাহলে বদলে যায় ক্রোকারিজের ব্যবহার? না খাবার নির্ধারণ করে পরিবেশনের পাত্র? হয়তো দুটোই। গ্রীষ্মের প্রথম দিনটিতে আমরা যেমন ব্যবহার করি মাটির বাসন, পাত্র বা গ্লাস। মূল কথা, সুন্দর পাত্রে খাবারের আবেদন বাড়ে, তৈরি হয় খাওয়ার আগ্রহ, প্রকাশ পায় আপনার ব্যক্তিগত রুচি। টেবিলের শোভা বাড়াতে মার্জিত ও আনুষ্ঠানিক ক্রোকারিজ যেমন দরকার, তেমনি রান্নার আরামের জন্য দরকার আধুনিক হাঁড়ি।
বাজারে স্তূপ করে রাখা ক্রোকারিজের পাহাড় থেকে কিংবা অনলাইনের পর্দা থেকে বাছাই করে কেনা হচ্ছে সিরামিক, কাচ, কাঁসা, মাটি, কাঠ বা নারকেলের তৈরি পাত্র। মাটির নানা রকম তৈজস বিক্রি করে অনলাইনভিত্তিক পেজ ‘সওদা’। স্বত্বাধিকারী আফনান আলম বলেন, আছে তিন আকারের পাতিল: ৫, ৮ ও ১২ ইঞ্চি। ১২ ইঞ্চি পাতিলে আড়াই থেকে তিন কেজি পোলাও রান্না করা যাবে। কড়াইও রয়েছে ছোট, মাঝারি ও বড়—২০, ২৫ ও ৩০ ইঞ্চি পর্যন্ত। বড় কড়াইয়ে পাঁচ কেজি পর্যন্ত গরুর মাংস রান্না করা যাবে। এ ছাড়া রয়েছে নারকেল ও কাঠ দিয়ে তৈরি কাপ, চামচ ও বাটি।
অনলাইন দোকান ‘আইফেরি ডটকমে’ রান্নার সামগ্রী থেকে শুরু করে কাচ ও সিরামিকের প্লেট, গ্লাস, চামচ, বাটি, পরিবেশন পাত্র, ক্যাসারোল সেট সবই পাওয়া যাবে। রান্নার সামগ্রীর মধ্যে রয়েছে ননস্টিক ও মার্বেল প্রলেপের প্যান, সসপ্যান, ফ্রাই প্যান, তাওয়া, বড় ডেকচি ইত্যাদি। রঙেও আছে ভিন্নতা—লাল, নীল, সবুজ, গোলাপি, মেরুন, হলুদ, কমলা, আকাশি, বেগুনি ইত্যাদি। মাংস রান্নার জন্য রয়েছে স্টেইনলেস স্টিলের সর্বোচ্চ সাড়ে সাত লিটার পর্যন্ত কড়াই। ক্রোকারিজ পাওয়া যাবে ১ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৫০০ টাকার মধ্যে, বলছিলেন আইফেরি ডটকমের বিক্রয়কর্মী শরিফ নাইন।
ভিন্নধর্মী রং, আকার ও নকশার সিরামিকের পাত্র কিনতে চাইলে অনলাইন পেজ ‘তৈজসপত্র’ থেকে ঘুরে আসতে পারেন। নাশতা থেকে শুরু করে ভারী খাবার পরিবেশনের জন্য পেয়ে যাবেন সব ধরনের সিরামিকের পাত্র। একরঙা সাদা ছাড়াও নীল, লাল, হলুদ, হালকা সবুজ, হালকা গোলাপি, আকাশি সবই আছে। শুধু বাছাই করে নেওয়ার অপেক্ষা।
এ ছাড়া স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্টের মতো সুপারশপ ঘুরে বা অনলাইনে অর্ডার করেও প্রয়োজনীয় ক্রোকারিজ কিনতে পারবেন।