
অভিনয়ের দ্যুতি দেখিয়ে একাডেমি অ্যাওয়ার্ড পেলেন কেউ কেউ। যাঁরা পেলেন না তাঁদেরও জৌলুশ কম নয়। হলিউডের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অনুষ্ঠানে তারকাদের সাজপোশাকের ঘটা দেখার জন্যও অপেক্ষা করেন অনেক দর্শক। আর তাঁদের সাজপোশাক দেখেই অনেকটা আঁচ করা যায় এ বছরের সাজপোশাকের ট্রেন্ড কেমন হতে পারে।
মেকআপের ক্ষেত্রে এবারের অস্কার অতিথিদের সাজে লক্ষণীয় ছিল হালকা বেজ মেকআপ। মোটামুটি সবার চেহারায় দেখা গেছে বসন্তের ছোঁয়া, সজীব স্নিগ্ধ ভাব আর সঙ্গে খুব হালকা ব্লাশের আভা। বাদামি স্মোকি চোখ অথবা উইংড আইলাইনারের সঙ্গে বাদামি, কোরাল, রোজি ন্যুড লিপস্টিক ছিল লক্ষণীয়। লাল ঠোঁটের আবেদন তো সব সময়। তাই হয়তো লেডি গাগা আর মারগট রবির মতো অনেকে প্রাধান্য দিয়েছেন চড়া লালের বিভিন্ন শেডকে। নাওমি ওয়াটস ও ভায়োলা ডেভিসকে দেখা গেছে শীতের ট্রেন্ড বোল্ড ওয়াইন আর বেরি শেডের লিপস্টিকে।
চুলের স্টাইলের নানা ধরন দেখা যায় এবারের অস্কার রেড-কার্পেট ইভেন্টে। তেমন কোনো বাড়তি বাহুল্য নয়, খুব সাধারণ কিন্তু পরিপাটি চুলের সাজগুলো আগমনী বসন্ত আর গরমে আপনার প্রতিদিনের সাজের সঙ্গে খুব সহজেই মানিয়ে যাবে। এবারে নানাভাবে করা আপডু বেশ লক্ষণীয় ছিল। কেউবা ছিলেন একেবারে সাদামাটা আপডুতে আর কেউ আপডুর সঙ্গে চুলে একটু ঢেউ খেলিয়ে নিয়েছেন। ছোট চুলে হালকা ঢেউ আপনাকে যেকোনো পার্টি সাজে যেমন আভিজাত্য এনে দেবে, তেমনি জেনিফার লোপেজের মতো করে করা পরিপাটি পনিটেল অফিস কিংবা কলেজগামীদের প্রতিদিনের চুলের সাজ হতে পারে।
অতিথিদের সোনালি, প্লাটিনাম ব্লন্ড, বিজ, বাদামি ব্রাউন কপার ইত্যাদি চুলের রঙের ভিন্নতার মাঝে খুঁজে পেতে পারেন আপনার জন্য মানানসই রংটি।
লেখা: তামান্না ইসলাম, গ্রিনস্টোরি নামের সৌন্দর্যবিষয়ক ব্লগ পরিচালনা করেন।