উৎসবে উজ্জ্বল ত্বক

ঈদের বাকি কয়েক দিন। এখনো অনেক কাজ রয়ে গেছে। কেনাকাটার ব্যস্ততায় ত্বকের সৌন্দর্যের কথা ভুলে যাচ্ছেন না তো? ঈদের দিন নতুন পোশাকের পাশাপাশি নিজেকে সুন্দর দেখাতে চাই ত্বকের ঠিকঠাক যত্ন। দিন গুনে এই যত্ন শুরু করতে পারেন আজই। সৌন্দর্যসেবা কেন্দ্রে নয়, ঘরে বসেই ত্বকের যত্ন নিয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। ঘরোয়া উপায়েই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারবেন।
হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানান, ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া ভালো। বিশেষ করে যাঁরা চুলার আগুনের পাশে থাকেন। আগুনের গরমে ত্বকের কোষ মারা যায়। অনেকে একে বলেন মরা চামড়া। ত্বকের ধরন বুঝে যত্নও পাল্টে যাবে।
ঈদের আগে উজ্জ্বল ত্বক পেতে রাহিমা সুলতানা বলে দিলেন ঘরেই কীভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। স্বাভাবিক, তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য রইল তিনটি আলাদা মিশ্রণ। মরা চামড়া দূর করে উজ্জ্বল ত্বক পেতে নিচের মিশ্রণগুলো ঘরে বসে তৈরি করে নিতে পারেন।
স্বাভাবিক ত্বক
চালের গুঁড়া, দুধ, মধু, শসা ও গাজরের রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ত্বকে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বক
চালের গুঁড়ার সঙ্গে টক দই ও শসার রস মিশিয়ে ব্যবহার করতে হবে তৈলাক্ত ত্বকে। কয়েক দিন ব্যবহারেই ত্বকের মরা চামড়া উঠে উজ্জ্বলতা ফিরে আসবে।
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের জন্য শুধু দুধ ও মধুর মিশ্রণই যথেষ্ট। কাঁচা হলুদ বেটে এই মিশ্রণের মধ্য দিলে ফল ভালো পাওয়া যাবে। তবে যদি কারও হলুদে অ্যালার্জি থাকে তাহলে এই মিশ্রণে কাঁচা হলুদ বাটা যোগ করার দরকার নেই।
প্রতিটা মিশ্রণ ব্যবহারের জন্য আগে ত্বক পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে। পরিষ্কার ত্বকে প্যাক ব্যবহার করা উত্তম। ২০ মিনিট এই মিশ্রণ ত্বকে লাগিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর যেকোনো প্যাক ব্যবহার করার পর ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার লাগানো ভালো।