উৎসবে ফুলের স্নিগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আষাঢ়ের ঘনঘটায় এবার উৎসবের আমেজ। বৃষ্টি ধোঁয়া প্রকৃতি সজীবতায় পূর্ণ এখন। এ সময় রাস্তায়, বাড়ির বাগানে মন কেড়ে নেয় নানা ফুলের সুগন্ধ। সাধারণ একটি ফুল, অসাধারণ স্নিগ্ধতা এনে দেয় উৎসবের সাজে। ঘরোয়া অনুষ্ঠান অথবা বড় কোনো আয়োজন, ফুল মানিয়ে যায় সবখানেই।
বেলি ফুলের স্নিগ্ধতা ছুঁয়ে যাক সাজকেও। মডেল: তাজ্জি, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: কবির হোসেন
বেলি ফুলের স্নিগ্ধতা ছুঁয়ে যাক সাজকেও। মডেল: তাজ্জি, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: কবির হোসেন

সাজে বেলি ফুল
বেলি ফুলের সঙ্গে খুব ভারী মেকআপ বা জমকালো সাজ মানানসই নয়। বরং যেকোনো অনুষ্ঠানে হালকা সাজের সঙ্গে বেলি ফুল আনে অনন্যতা। বেলি ফুলকে অনেকভাবেই সাজের অনুষঙ্গ করে নিতে পারেন। জানালেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ঈদের সময়টায় খোঁপা বেঁধে নিয়ে পুরো খোঁপায় বেলি ফুল জড়িয়ে নিতে পারেন। চাইলে খোঁপার দুপাশ থেকে কাঁধ পর্যন্ত ঝুলিয়েও নিতে পারেন একগুচ্ছ বেলি ফুলের মালা। আবার চুল খোলা রেখেও দুপাশ দিয়ে বেলি ফুলের মালা ঝুলিয়ে নেওয়া যায়। সামনের দিকে কিছু চুল টুইস্ট করে নিয়েও পেছন দিকটায় কয়েকটি মালা আটকে নিতে পারেন।

শাড়ি: অন্যমেলা
শাড়ি: অন্যমেলা

চুলে বেলির মালা লাগাতে চাইলে শাড়িই মানানসই পোশাক। জামদানি, মসলিন, সিল্ক, তাঁত, সুতি—যেকোনো শাড়িতেই মানায় বেলি ফুলের সাজ। তবে যাঁরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা সালোয়ার-কামিজ বা ফতুয়া সঙ্গে বেলি ফুলের মালা হাতে জড়িয়ে নিতে পারেন অনায়াসেই। কিশোরী-তরুণীদের কেউ কেউ পাশ্চাত্য ধাঁচের পোশাক পছন্দ করেন। এ ধরনের পোশাকের সঙ্গেও হাতে বেলির মালা সুন্দর দেখায়। শাড়ির সঙ্গেও বেলির মালা হাতে জড়িয়ে নেওয়া যায়। যেকোনো রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় শুভ্র এ ফুল। বেলি ফুলে সাজতে বয়সটাও কোনো বাধা নয়। ফুলের সুঘ্রাণ ও সৌন্দর্য—দুটিই আপনার সাজে আনবে স্নিগ্ধতা।

সৌন্দর্যে বেলি ফুল
ত্বকে ঔজ্জ্বল্য আনতে বেলি ফুলের পেস্ট দিয়ে প্যাক তৈরি করতে পারেন। এক চা-চামচ বেলি ফুলের পেস্ট, আধা চা-চামচ দুধ ও আধা চা-চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর মুখ পরিষ্কার করে ফেলুন। তবে মধুতে অ্যালার্জি থাকলে মধু বাদ দিয়ে দিন।
রাতে ঘুমানোর সময় বিছানার পাশে একটি বেলি ফুলের মালা রেখে দিলে সুঘ্রাণে প্রশান্তি পাবেন। ঘরের এক কোণে বেলির মালা রেখে দিলে সারা দিনে ঘরে বাড়তি কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার না করেই সুঘ্রাণ পাবেন। হৃদয়েও অনুভব করবেন বেলি ফুলের কোমলতা। মনের প্রশান্তি বাহ্যিক সৌন্দর্যের পূর্বশর্ত।

গোসলের সময় পানিতে ছড়িয়ে দিন প্রিয় ফুল। মডেল: সূচনা, ছবি: সুমন ইউসুফ
গোসলের সময় পানিতে ছড়িয়ে দিন প্রিয় ফুল। মডেল: সূচনা, ছবি: সুমন ইউসুফ

স্নানে স্নিগ্ধতা
সকালে গোসল করে নিলে সারা দিন থাকে সজীবতা। গোসলের আগে চুলে তেল মালিশ করা ভালো। চুলে তেল মালিশ করার কাজটা এক দিন পরপর করতে পারেন। এ ছাড়া স্ক্রাবিংয়ের জন্যও বেছে নিতে পারেন গোসলের আগের সময়টা। সমপরিমাণ চালের গুঁড়া, দুধ, মধু, শসা ও গাজরের রসের সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে নিয়ে পুরো শরীরে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর মালিশ করে পরিষ্কারভাবে ধুয়ে ফেলুন। তবে স্ক্রাবিং প্রতিদিনের জন্য নয়, সপ্তাহে এক দিন স্ক্রাবিং করুন।
বাথটাবে বেলি ফুল, গোলাপ বা কাঠগোলাপের পাপড়ি কিংবা ছড়িয়ে দিতে পারেন। ফুলের সুঘ্রাণে স্নিগ্ধতা পাবেন। চাইলে ফুলের পরিবর্তে এসেনশিয়াল অয়েলও কাজে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পর সাবান দিয়ে গোসল করে ফেলুন।
চাইলে নিমপাতা আর আদা জ্বাল দেওয়া কুসুম গরম পানিতেও গোলাপের পাপড়ি আর বেলি ফুল ছড়িয়ে নিতে পারেন। অথবা বাথটাবে একটু দুধ মিশিয়ে ‘মিল্ক বাথ’ নিতে পারেন। একটু বেশি সময় বাথটাবে থাকতে চাইলে মাথার নিচে তোয়ালে পেঁচিয়ে রাখা ভালো। সঙ্গে মোম রাখতে পারেন, পরিবেশটা অন্য রকম লাগবে।