
প্রচণ্ড গরমের দিনগুলো পেরিয়ে এসে ঝুমবৃষ্টির দিনে মনে জাগে প্রশান্তি। তবে বৃষ্টির মৌসুমে হুটহাট ভিজে গিয়ে কেশগুচ্ছের নানান সমস্যায় পড়তে হতে পারে। অবশ্য খানিকটা যত্ন নিলেই চুলের এসব সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘চুল ভেজা থাকলে সহজেই ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই বৃষ্টির মৌসুমে চুলের বাড়তি খেয়াল রাখা প্রয়োজন।’

বর্ষায় চুলের যত্নে তাঁর কিছু পরামর্শ—
* বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন। খেয়াল রাখুন, চুল যেন সহজেই ভিজে না যায়। কাজের সময় চুল শুকিয়ে নিতে সমস্যা হতে পারে, তাই আগে থেকেই সতর্ক থাকা ভালো।
* দীর্ঘ সময় ধরে চুল ভেজা রাখা যাবে না। হঠাৎ চুল ভিজে গেলেও দ্রুত তা শুকিয়ে নিতে চেষ্টা করুন। চুল ছেড়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারলে ভালো। হেয়ার ড্রায়ারের ঠান্ডা হাওয়ায় চুল শুকিয়ে নেওয়া যেতে পারে।
* ভেজা চুলের গোড়া ভালোভাবে মুছে নিতে হবে। নইলে চুলের গোড়া নরম হয়ে যাওয়ার পাশাপাশি ছত্রাকের সংক্রমণও হতে পারে।
* তেল খানিকটা গরম করে নিয়ে এতে ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে চুলে লাগাতে পারেন। প্রতি সপ্তাহে একবার এভাবে তেল ও লেবুর রস লাগালে উপকার পাবেন।
* চুলের ধরন বুঝে যত্ন নেওয়া জরুরি। এ ছাড়া আপনার চুলে ঠিক কী ধরনের সমস্যা রয়েছে, সেটির ভিত্তিতেও যত্নের ধরনে আনতে হতে পারে ভিন্নতা।
জেনে নেওয়া যাক রাহিমা সুলতানার আরও কিছু পরামর্শ—
রুক্ষ চুলের যত্নে
মেথি, আমলকী ও টকদইয়ের সঙ্গে মধু এবং খানিকটা দুধ মিশিয়ে নিয়ে চুলে আধঘণ্টা লাগিয়ে রাখতে পারেন। এরপর চুল পরিষ্কার করে ফেলতে হবে। চাইলে শুধু মধু ও দুধ দিয়েও প্যাক তৈরি করে একই নিয়মে ব্যবহার করতে পারেন।
স্বাভাবিক চুল যাঁদের
মেথি, আমলকী, টকদই ও মেহেদি পাতা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। আধঘণ্টা লাগিয়ে রেখে চুল পরিষ্কার করে নিতে হবে।
সব ধরনের চুলের জন্য
এক মগ পানিতে একটুখানি চায়ের লিকার মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। এটি চমৎকার কন্ডিশনারের কাজ করে।হরীতকী, আমলকী ও বহেড়ার পানিও চুলের জন্য উপকারী।
চুলের ঘনত্ব বেশি দেখাতে
যাঁদের চুল একটু চুপসে থাকে অর্থাৎ খানিকটা ভেতরের দিকে লেপটে থাকে, তাঁরা মেথিসমৃদ্ধ প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল বেশ ঘন এবং প্রাণবন্ত দেখায়।
ছত্রাক সংক্রমণ ও খুশকির সমস্যায়
টকদই, মেথি ও আমলকীর সঙ্গে নিমপাতা দিয়ে প্যাক তৈরি করুন। আধঘণ্টা চুলে লাগিয়ে রেখে তারপর পরিষ্কার করতে হবে।