এক ঝুড়ি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপহার সব সময় যে দামিই হতে হবে, এমন কোনো দিব্যি নেই; বরং ছোটখাটো কিছু জিনিস মিলিয়ে একটি ঝুড়ি বা বাক্সে সাজিয়ে চমক সৃষ্টি করা যায়। উপহার দেওয়ার সময় সেটির পরিবেশনও কম গুরুত্বর্পূণ নয়। রুচি, ভালোবাসা ও ভালো লাগা প্রকাশ পায় এতে।

কাগজ–কলম

ছবি:সুমন ইউসুফ

টেবিলে বসে কাজ করার জন্য যা যা লাগে, গুছিয়ে দিতে পারেন একটি বাক্সে। সঙ্গে থাকতে পারে চকলেট। ঘড়ি, কলম, পেনসিল, রবার, শার্পনার, ছোট পকেট ডায়েরি, স্কচটেপ, স্ট্যাপলার, কাঁচি, টেবিল ক্যালেন্ডার, খাম, কাগজ ইত্যাদি। কাঠের বাক্স বেছে নিতে পারেন এ রকম উপহার দেওয়ার সময়। সহকর্মীর জন্যও এটি বেশ কাজের এবং মজার উপহার হবে।

নতুন বাড়ির দাওয়াতে

ছবি:সুমন ইউসুফ

অনেকেই এখন নতুন বাড়িতে ওঠা উপলক্ষে দাওয়াত দিয়ে থাকেন। পাশ্চাত্যে এটি ‘হোম ওয়ার্মিং পার্টি’ নামে পরিচিত। নতুন বাড়ির কর্তা-কর্ত্রীর জন্য অনেকেই উপহার নিয়ে যান। আপনার হাতের ঝুড়িতে থাকতে পারে প্রয়োজনীয় কিন্তু ভিন্ন কিছু জিনিস। থাকতে পারে দুটি কুশন কভার, শোপিস, কাচের বয়ামে সুগন্ধি মোমবাতি এবং ক্যান্ডেল স্নাফার। যিনি বেকিং পছন্দ করেন, তাঁর জন্য হুইস্ক। এতে যোগ করতে পারেন সপ্তাহের সাত দিনের কাজের হিসাব মনে রাখার জন্য একটি বোর্ড ও কৃত্রিম ফুলের গাছ।

অন্দরসজ্জায় গাছ

ছবি:সুমন ইউসুফ

নিসর্গপ্রেমী মানুষের জন্য দারুণ উপহার হতে পারে গাছ। উপহারে গাছ ছাড়াও পানি দেওয়ার ঝাঁজরি, গাছ পরিচর্যার জিনিস, অ্যাপ্রোন—এমন মজার জিনিসও রাখতে পারেন।

ফুলের সৌন্দর্য

ছবি:সুমন ইউসুফ

সাধারণ ফুলই একটু ভিন্নভাবে দিতে পারেন—ঝুড়ির মধ্যে বসিয়ে, বাইরে রিবন লাগিয়ে। দেখতে ভালো লাগবে। পরে ঝুড়িটিও কাজে লাগবে।

প্রিয়জনের জন্য

ছবি:সুমন ইউসুফ

জন্মদিন বা বিশেষ কোনো দিনে প্রিয়জনের পছন্দের কয়েকটি জিনিস মিলিয়ে তৈরি করতে পারেন একটি বাক্স। চিরুনি থেকে শুরু করে হেডফোন, যেকোনো কিছু থাকতে পারে তাতে। কার্ডহোল্ডার, পারফিউম, সানগ্লাস, রুমালের সেটসহ যে জিনিসগুলো প্রতিদিনই ব্যবহার করা হয়, সেগুলোই দিতে পারেন।

চা-প্রেমীর জন্য

ছবি:সুমন ইউসুফ

চা পানের আগে চোখ আর মন ভরায় সেটির পরিবেশনা। চা অন্তঃপ্রাণ এমন কাউকে উপহার দিতে পারেন চায়ের কেতলি ও কাপ। সঙ্গে একটি বয়ামে নোনতাজাতীয় কিছু খাবার দিতে পারেন। দিতে পারেন নানা স্বাদের টি-ব্যাগ। বাড়তি চমক তৈরি করবে সঙ্গে রাখা ছোট রেডিও। ব্লুটুথও দিতে পারেন। ছুটির দিনে বিকেলে চায়ের সঙ্গে চলুক গান।