এবার নিজেকে সাজিয়ে নেওয়ার পালা
সিঁড়ি দিয়ে উঠতেই নিরাপত্তাকর্মীদের কথা কানে ভেসে এল—‘এত মানুষ, জায়গা দিবে কীভাবে।’ ব্যাপারটা আসলে তেমনই। ভিড় বাড়ছেই। ধানমন্ডির একটি পারলারে ঢুকতে গিয়ে এ অবস্থা দেখা গেল। ঈদের প্রস্তুতির চেকলিস্টে সবার শেষ দিকে থাকে পারলার। হাতেও খুব সময় নেই। যে যখন পারছেন সময় বের করে ছুটছেন নিজেকে গোছাতে।
হন্তদন্ত হয়ে শিরিন হক ধানমন্ডির পারসোনায় ঢুকলেন। অভ্যর্থনায় গিয়ে শুনে নিলেন ফেসিয়াল করাতে কত সময় লাগতে পারে। জানলেন ঘণ্টা খানেকের বেশি বসে থাকতে হবে। তিনি বলেন, ‘বাসায় ছোট বাচ্চা আছে। বেশিক্ষণ বাইরে থাকতে পারব না। কিন্তু যে অবস্থা, কী করব বুঝতে পারছি না।’ অভ্যর্থনা থেকে তাঁকে বলা হলো, ইফতারের ঠিক ১০ মিনিটের মাথায় এলে তিনি হয়তো দ্রুত কাজ করাতে পারবেন।
উৎসব বলে কথা। নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতেই হবে। চুল থেকে নখ—সবদিকেই একটু বিশেষ নজর চাই। পারসোনায় গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি সেবা গ্রহণ করতে সবাইকেই অপেক্ষা করতে হচ্ছে। ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ফারজানা খানম বলেন, ‘২২ রোজার পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। ঢাকার বাইরে যাঁরা চলে যাবেন, তাঁরা এখন সেবা নিয়ে যাচ্ছেন। তবে ২৬, ২৭ ও ২৮ রোজায় সবচেয়ে বেশি চাপ যাবে বলে আমরা ধারণা করছি।’
পারসোনায় রমজান উপলক্ষে যে ছাড় ছিল, তা ১৫ রোজাতেই শেষ হয়েছে। এখন কোনো ছাড় চলছে না। তবে ঈদ উপলক্ষে বিশেষ কিছু ফেসিয়াল প্যাক চালু হয়েছে। ঈদের জন্য এখন ফেসিয়াল, চুলের কাট, মেনিকিউর, পেডিকিওরের চাহিদা বেশি। শেষ দুই দিনে মেহেদি পরানোর হিড়িক লাগবে। চাঁদরাতে অনেকেই আসবেন চুল সেট করাতে। পারসোনা খোলা থাকছে সকাল ৯টা থেকে রাত ১১টা অবধি। তবে এটা নির্ভর করছে সেবাগ্রহীতাদের চাহিদার ওপর।
পারসোনা অ্যাডামসেও ভিড়। সৌন্দর্যচর্চায় ছেলেরাও এখন বেশ সচেতন। ফারজানা জানান, চুল কাটার প্রতি আগ্রহ সবচেয়ে বেশি। পাশাপাশি অনেকেই ফেসিয়ালটাও করিয়ে নেন।
ফারজানা শাকিলস মেকওভার স্যালুনেও প্রচণ্ড ভিড়। কর্মীরা হিমশিম খাচ্ছেন। অনেকেই ঘণ্টা ধরে বসে অপেক্ষা করছেন। চুল কাটাতে ও ফেসিয়াল করানোর জন্য অপেক্ষা করছেন রামিসা আহমেদ। তিনি বলেন, ‘একটু সকাল সকাল এলাম, যাতে ভিড় না ঠেলতে হয়। কিন্তু এসে দেখি লম্বা সিরিয়াল।’ রামিসার মতো অনেকেই আগে ভাগে কাজ সেরে নিচ্ছেন। শেষের দিকে ভিড় আরও বাড়বে। ধানমন্ডির এ শাখার ব্যবস্থাপক সালমা আক্তার বলেন, ২০ রোজার পর থেকে তাঁদের এখানে ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের আগের রাত পর্যন্ত তাঁদের ব্যস্ত সময় কাটবে। এটি খোলা থাকছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।
বাসার পাশের পারলারগুলোও ব্যস্ত সময় পার করছে। ভিড় বা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কথা চিন্তা করে অনেকেই কিছু কিছু কাজ সেরে নিচ্ছেন বাসার পাশের পারলার থেকে। কেউ কেউ খরচের কথা ভেবেও এসব পারলারে ভিড় জমাচ্ছেন। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির একটি পারলার গোল্ডেন রোজ। সেখানেও বেশ কয়েকজন অপেক্ষা করছেন। এর তত্ত্বাবধায়ক বিলকিস বেগম বলেন, ঈদের সময়টাতে তাঁদের এখানে বেশ ভিড় হয়। কাজ করতে হয় গভীর রাত পর্যন্ত।
রাজধানীর ছোট-বড় বেশ কিছু পারলার ঘুরে দেখা গেল, ঈদ কেন্দ্র করে চুল কাটার প্রতি আগ্রহ সবচেয়ে বেশি। পারসোনার ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ফারজানা খানম বলেন, ‘এবার লেয়ার কাট বেশি চলছে। আর চুলের কালার সারা বছরে যা করেছি, তাঁর চেয়ে অনেক বেশি করেছি এই রোজার মধ্যে। তরুণীদের মধ্যে ফ্যাশনেবল কালারে আগ্রহ বেশি। আসলে এই দিনটাতে সবাই নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পছন্দ করে।’