এবার সেলফি মেকআপ কিট!

ইংরেজ গায়িকা, মডেল ও নৃত্যশিল্পী আলিশা ডিক্সন নাকি বহুদিন ধরে মনের মতো সেলফি তুলতে না পারার যন্ত্রণায় ভুগছিলেন। কিন্তু এখন তিনি বেশ ফুরফুরে। কেননা, সম্প্রতি তাঁর হাত দিয়েই দুনিয়ার প্রথম সেলফি মেকআপ কিটের মোড়ক উন্মোচিত হয়েছে। ‘দ্য স্ম্যাশবক্স এইচটিসি সেলফি মেকআপ কিট’ নামের এই পণ্যটি বাজারে এনেছে প্রসাধন পণ্যের প্রতিষ্ঠান স্ম্যাশবক্স।
আলিশা ডিক্সন বলেন, ‘আমি সেলফির বিরাট ভক্ত। কিন্তু প্রায়শই ঠিকঠাক ছবিটা পেতে মেলা সময় লেগে যায়। আর আমার ক্লান্তিকর শিডিউল থেকে সে সময় বের করা খুবই কঠিন। দ্য স্ম্যাশবক্স এইচটিসি সেলফি মেকআপ কিট এখন আমাকে বাঁচিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমার সেরা ছবিটা তোলার সব উপকরণই আছে এতে। আমি যখন আমার পকেট ফটো এডিটিং স্যুইট এইচটিসি ডিজায়ার ৬২০-এর সঙ্গে এটা মিলিয়ে নিই তখন ক্লোজ-আপ তুলতে আমার আর কোনো সমস্যাই থাকে না।’
আলিশার পাশাপাশি স্ম্যাশবক্স কসমেটিকসের প্রতিষ্ঠাতা ডেভিস ফ্যাক্টরও এই পণ্য ব্যবহার করে ‘পারফেক্ট সেলফি’ তোলার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। ডেভিস বলেছেন, ‘সবচেয়ে স্বাভাবিক প্রাকৃতিক আলোটা খুঁজে বের করুন। আপনার মুখের ওপর ছায়া পড়া এড়িয়ে চলুন। ক্যামেরার দিক থেকে একটু পাশ ফিরে তাকান, সরাসরি ক্যামেরার দিকে মুখ করে থাকলে ভালো দেখায় না। সেলফি তোলার সময় হাতটা পুরোপুরি মেলে দিন, এবার ক্যামেরাটা তুলে আপনার আই লেভেলের চেয়ে একটু ওপরে নিয়ে আসুন।’