কাজের বেলা, সাজের বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিনে কাজের ফাঁকেই সেরে নিন সাজ। মডেল: নন্দিনী, সাজ: ফারজানা মুন্নি, পোশাক: বিবিয়ানা, ছবি: কবির হোসেন
ঈদের দিনে কাজের ফাঁকেই সেরে নিন সাজ। মডেল: নন্দিনী, সাজ: ফারজানা মুন্নি, পোশাক: বিবিয়ানা, ছবি: কবির হোসেন

এই ঈদের উৎসবে সাজগোজের চেয়ে কাজটাই হয়তো বেশি করতে হয়। তবে যাঁরা সাজতে ভালোবাসেন, তাঁরা অবশ্য কাজের মাঝেই সাজেন। তবে কাজের সময়কার সাজটা আরামদায়ক না হলে সাজ আর কাজ—দুটিই যে মাটি হবে। আর সুন্দর ত্বকের জন্য যত্ন নিতে হবে আগে থেকেই।

মডেল: নন্দিনী, সাজ: ফারজানা মুন্নি, পোশাক: বিবিয়ানা, ছবি: কবির হোসেন
মডেল: নন্দিনী, সাজ: ফারজানা মুন্নি, পোশাক: বিবিয়ানা, ছবি: কবির হোসেন

ধাপে ধাপে যত্ন নিতে
হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানালেন, যেকোনো প্যাক ব্যবহার করার আগে ত্বক পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করুন শসার রস। তবে শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে এর সঙ্গে মধু যোগ করতে পারেন।
স্ক্রাবিংয়ের জন্য ত্বকে চালের গুঁড়া, শসার রস, গাজরের রস ও তিলের তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।
এরপর আসে মাস্কিংয়ের পালা। শুষ্ক অথবা স্বাভাবিক ত্বকে মাস্ক হিসেবে দুধ, সামান্য কাঠবাদাম বাটা, মধু ও সয়াবিন পাউডার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে মেশাতে পারেন সামান্য গুঁড়া হলুদ অথবা দু-তিন ফোঁটা তিলের তেল। তাতে ত্বকে উজ্জ্বলতা আসবে। চাইলে সয়াবিন পাউডারের পরিবর্তে লাল আটা ব্যবহার করতে পারেন। মধুতে অ্যালার্জি থাকলে তা পরিহার করুন। আর ত্বক খুব শুষ্ক হলে দুধের পরিবর্তে ব্যবহার করতে পারেন দুধের সর।
তৈলাক্ত ত্বকের জন্য ডিমের সাদা অংশের সঙ্গে যব অথবা ওটমিল পাউডার ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যোগ করতে পারেন কাঁচা হলুদ বাটা। হলুদে অ্যালার্জি থাকলে গাঁদা ফুলের পাপড়ি বাটা ব্যবহার করতে পারেন। মাস্কিংয়ের জন্য ২০ মিনিট ত্বকে মিশ্রণ লাগিয়ে রাখার পর তা ধুয়ে ফেলুন। এরপর লাগাতে হবে ময়েশ্চারাইজার। তৈলাক্ত ত্বকে ওয়াটার-বেসড এবং স্বাভাবিক ও শুষ্ক ত্বকে অয়েল-বেসড ময়েশ্চারাইজার লাগান।
এ ছাড়া সমপরিমাণ গোলাপজল, তিলের তেল ও গ্লিসারিন মিশিয়ে কাচের জারে রেখে দিতে পারেন। ময়েশ্চারাইজার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। আর ব্যবহারের আগে জারটি ঝাঁকিয়ে নিন।

যত্নে রাখুন নিজেকে
রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, যাঁদের ত্বক তৈলাক্ত ধরনের, তাঁদের অবশ্যই দিনে চার-পাঁচবার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। আবার যাঁদের ত্বক একটু শুষ্ক প্রকৃতির, তাঁদের জন্য ময়েশ্চারাইজারের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। কারও যদি ত্বকে কোনো ময়েশ্চারাইজারই মানানসই না হয়, সে ক্ষেত্রে তিনি শিশুদের ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা শসা, মুলতানি মাটি ও মসুরের ডাল বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন। কারও ব্রণের সমস্যা থাকলে এর সঙ্গে যোগ করতে পারেন কমলালেবুর খোসা। আর ত্বকের কালচে ভাব দূর করতে এ প্যাকটিতেই যোগ করে নিন সামান্য হলুদ গুঁড়া। প্যাকটি পাঁচ-সাত মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে।
মিশ্র প্রকৃতির ত্বক হলে মুখ পরিষ্কার করার পর মুখ থেকে গলা পর্যন্ত অংশে ময়েশ্চারাইজার লাগাতে হবে। এরপর পানি দিয়ে ময়েশ্চারাইজার ধুয়ে ফেলুন। তোয়ালের সাহায্যে ত্বক হালকাভাবে মুছে নিন।

উৎসব তো আছেই, শীতও আসছে, এখন ত্বকের চাই বাড়তি যত্ন
উৎসব তো আছেই, শীতও আসছে, এখন ত্বকের চাই বাড়তি যত্ন

ঠোঁটেরও চাই যত্ন
ঠোঁট ফাটা এবং ঠোঁটের চামড়া উঠে যাওয়ার সমস্যা এড়াতে পেট্রোলিয়াম জেলি অথবা লিপবাম ব্যবহার করুন নিয়মিত। বাইরে যাওয়ার সময়ও এগুলো সঙ্গে রাখতে পারেন।
ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যারও সমাধান দিয়েছেন আফরোজা পারভীন। গোলাপের পাপড়ি মধু দিয়ে ব্লেন্ড করে নিন। ছোট কোনো পাত্রে এ মিশ্রণ সংরক্ষণ করতে পারেন। চাইলে রাখতে পারেন রেফ্রিজারেটরে। এ মিশ্রণটি ঠোঁটে লাগানোর পর খেয়াল রাখতে হবে, তা যেন বেশ কিছুক্ষণ ঠোঁটের সংস্পর্শে থাকে। লাগানোর পর ধুয়ে ফেলবেন না, বরং ঠোঁট শুষ্ক মনে হলে আবার লাগান। মিশ্রণের কিছু অংশ যদি আপনার মুখের ভেতরে চলে যায়, তাতেও ক্ষতি নেই কোনো।

সুস্থ থাকুক ত্বক
ত্বকের যত্নে ব্যবহৃত সব উপাদানই যে সবার জন্য মানানসই, তা কিন্তু নয়। আর ত্বক ভালো রাখতে হলে খাবারদাবারের ব্যাপারেও থাকতে হবে সচেতন। ত্বকের সুস্থতা প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল।
•নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন। পরিষ্কার ত্বক সুস্থ ও সুন্দর থাকে।
উৎসবের আমেজে খাওয়াদাওয়া তো চলবেই। তবে যে খাবারে অ্যালার্জি আছে, তা পরিহার করতে হবে।

গুরুপাক খাবার ভরপেট খাবেন না। পেটের খানিকটা অংশ খালি রেখেই পানি ও খাবার খাওয়া শেষ করুন।
•সারা দিনে দুই থেকে আড়াই লিটার পানি পান করুন। পরিশ্রম বেশি হলে পানি পান করতে হবে আরও বেশি।

সকাল বা বিকেলের সাজটা এমন হালকা হতে পারে
সকাল বা বিকেলের সাজটা এমন হালকা হতে পারে

হাত ও পায়ের জন্য
ঈদের আগেই ম্যানিকিওর এবং পেডিকিওর করিয়ে নিতে পারেন। কাজ করার পরে হাত-পায়ের সৌন্দর্যে ঘাটতি হয়েছে বলে মনে করলে পরবর্তী সময়ে আরও একবার ম্যানিকিওর ও পেডিকিওর করাতে পারেন।
ঈদের দিন কাজ করার পর প্রথমে পানি দিয়ে হাত ধুয়ে নিন। তারপর একটু গুঁড়া হলুদ দিয়ে হাত ম্যাসাজ করুন। কাঁচা মাংসের গন্ধ যাঁরা সহ্য করতে পারেন না, তাঁরা হলুদ গুঁড়া ব্যবহারে উপকার পাবেন। হলুদ জীবাণুনাশকের কাজও করবে। হলুদ দিয়ে ম্যাসাজ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এ ক্ষেত্রে ব্রাশ বা নেটজাতীয় কিছু ব্যবহার করতে পারেন। হাত ধোয়ার স্থানটির কাছেই রাখুন লোশন বা পেট্রোলিয়াম জেলি। হাত ধোয়ার পর এগুলো ভেজা হাতে লাগান এবং তারপর মুছে ফেলুন।
নখ রাখুন সুরক্ষিত
নেইলপলিশ লাগিয়ে রেখেই কাজ করতে পারেন ঈদের দিন। নিয়মিত নেইলপলিশ লাগালে অবশ্যই ভালো ব্র্যান্ডের নেইলপলিশ ব্যবহার করবেন। মাংস কাটা, ভাগ করা, এমনকি রান্নার কাজ যাঁরা করবেন, তাঁরা অবশ্যই নখ ছোট রাখুন। কারণ, কাজ করতে গিয়ে নখ উল্টে বা ভেঙে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে।
কাজের পরে সাজ
আফরোজা পারভীন জানালেন, ঈদের দিন মেকআপে যতটা সম্ভব স্বাভাবিক বেস ব্যবহার করতে হবে। পাউডার বেসই এ সময়ের জন্য ভালো। কাজল, আইলাইনার আর মাশকারা হতে হবে পানিনিরোধক, যেন ঘেমে গেলেও সেগুলো নষ্ট হয়ে না যায়। ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে, কাজের মাঝেও যেন অন্তত দুপুরের পর পর্যন্ত মেকআপটা ঠিক থাকে।
হালকা রঙের ব্যবহারই এ সময় আপনার চেহারায় আনবে সতেজতা। সোনালি, হালকা গোলাপি, হলুদ বা হালকা পিচ রঙের শেড চোখে মানিয়ে যাবে বেশ।
কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী জানান, চোখের নিচের দিকটায় নীল, সবুজ বা বাদামি রঙের কাজল দেওয়া যেতে পারে। লিপস্টিকের জন্য বেছে নিতে পারেন গোলাপির বিভিন্ন শেড অথবা হালকা বাদামি, কমলা, লাল রং। দু-তিনটি রং মিলিয়েও শেড হতে পারে লিপস্টিকের। তাই ঈদের আগেই বেছে রাখতে পারেন মানানসই শেডের জন্য প্রয়োজনীয় রংগুলো। ফেস পাউডারও ব্যবহার করতে পারেন।
দাগ ঢেকে যাক
ব্রণের দাগ বা চোখের নিচের কালো দাগ ঢাকতে কনসিলার ব্যবহারের পরামর্শ দিলেন আফরোজা পারভীন। দাগের স্থানে কনসিলার লাগিয়ে ভালোমতো বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যেন ওই অংশের ত্বকের রঙের চেয়ে একটু গাঢ় রঙের কনসিলার ব্যবহার করা হয়, নইলে দাগ ঠিকমতো ঢাকা যাবে না।