চুলে কারুকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এল বলে। এখন নিজেকে একটু গুছিয়ে না নিলেই নয়। প্রস্তুতির এই তালিকায় চুলের যত্ন-আত্তি থেকে শুরু করে উৎসবে কীভাবে চুল বাঁধবেন, তা-ও থাকা চাই। পোশাক ও সাজের সঙ্গে মানানসই হওয়া চাই চুলের বাঁধন। তাই অল্প সময়ে ঘরে বসেই করে নেওয়া যায়, এমন কয়েকটি চুলের স্টাইলের কথা জানালেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।

মডেল: কেয়া, সাজ: মিউনিস ব্রাইডাল, ছবি: নকশা
মডেল: কেয়া, সাজ: মিউনিস ব্রাইডাল, ছবি: নকশা

চুলের যত্ন
পোশাক ও সাজের সঙ্গে মিলিয়ে চুল বাঁধাটাই শেষ নয়। চুল হওয়া চাই ঝরঝরে। তানজিমা শারমিন বলেন, ‘ত্বকের মতো একেকজনের চুলের ধরনও একেক রকম। কারও মাথার ত্বক শুষ্ক, আবার কারও তৈলাক্ত। তাই চুলের যত্নটাও নিতে হবে সেই অনুযায়ী।’

রুক্ষ চুলের যত্ন
যাদের চুল রুক্ষ, তারা হেয়ার স্পা এবং ডিপ কন্ডিশন ট্রিটমেন্ট নিতে পারেন। এতে অল্প কিছুদিনের মধ্যেই চুলের রুক্ষতা কমে ঔজ্জ্বল্য ফিরে আসবে।

মডেল: কেয়া, সাজ: মিউনিস ব্রাইডাল, ছবি: নকশা
মডেল: কেয়া, সাজ: মিউনিস ব্রাইডাল, ছবি: নকশা

তৈলাক্ত চুল যাঁদের
এর জন্য নেওয়া চাই প্রোটিন ট্রিটমেন্ট। অনেকের আবার শুধু মাথার ত্বকটাই তৈলাক্ত হয়ে থাকে। কিন্তু দেখা যায় চুল রুক্ষ। সে ক্ষেত্রে মাথার ত্বক বাদ দিয়ে পুরো চুলে তেল মালিশ করুন সপ্তাহে অন্তত দুই দিন। আর যাঁদের আগে থেকেই চুলে রং করা আছে, তাঁরা ‘কালার ট্রিটমেন্ট’ নিতে পারেন। সপ্তাহে দুই থেকে তিন দিন তেল ব্যবহার করুন।

মনে রাখুন
চুল খোলার পরও নিতে হবে যত্ন। হেয়ার স্প্রে ব্যবহার করার ফলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেল মালিশ করে উষ্ণ পানিতে ভেজানো তোয়ালে চুলে মুড়িয়ে রাখুন। রুক্ষ চুল হলে সেই সঙ্গে কন্ডিশন করে নিন।

লম্বা টপের সঙ্গে
সামনে কিছু চুল রেখে মাঝখানের অংশে পাফ করে নিন। সামনের চুলগুলো ফ্রেঞ্চ বেণি করে নিন। আপনার কপালের ওপর থাকা চুল যদি বেশি ছোট হয়, তবে বেণি না করে টুইস্ট করে ছোট ববি পিন দিয়ে আটকে রাখতে পারেন। পেছনের চুল এক পাশে নিয়ে কোঁকড়া করে নিন। এরপর কোঁকড়া করা চুলগুলো মেসি বান করে নিতে পারেন। কিংবা আপনি চাইলে কয়েক ভাগে কোঁকড়া চুল ববি পিন দিয়ে উপুড় করে আটকে দিতে পারেন। সবশেষে সোনালি কিংবা রুপালি রঙের পুঁতিযুক্ত ববি পিন আটকে নিন। আপনার কোঁকড়া চুল যাতে দীর্ঘ সময় থাকে, তাই হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। এ ছাড়া কালারের পরিবর্তে আপনি স্ট্রেইটার দিয়েও চুলে সফট ওয়েভ করতে পারেন।

শাড়ির সঙ্গে মিলিয়ে
সামনের দিকে কিছু ব্যাংগস করা চুল রেখে মাঝের অংশ পাফ করে ফুলিয়ে নিন। পেছনের চুলগুলো এক পাশে নিয়ে মেসি বান বেঁধে নিন। ঘাড় ও কানের পাশে কোঁকড়া করা বেশ কিছু চুল ছেড়ে রাখুন।

কুর্তা বা কামিজের সঙ্গে
চুলগুলোকে মাঝবরাবর সিঁথি করে দুই পাশে রাখুন। মাঝবরাবর কিছু চুল নিয়ে পাফ করুন। সিঁথির দুই পাশের চুলগুলো নিয়ে টুইস্ট কিংবা ফ্রেঞ্চ বেণি করে ফেলুন। বেণি অথবা টুইস্ট যা-ই করুন না কেন, এর লেয়ারগুলো যাতে বোঝা যায়। পেছনের বাকি চুলগুলো দুই পাশে নিয়ে ‘সফট ওয়েভ’ কিংবা কোঁকড়া করে নিন। যাঁদের চুল এমনিতেই কোঁকড়া, তাঁদের এটা করার দরকার নেই। সামনের দিকের টুইস্ট কিংবা ফ্রেঞ্চ বেণি ছোট ববি পিন দিয়ে ভালোমতো আটকে হেয়ার স্প্রে ব্যবহার করুন।