পাঠকের প্রশ্ন
চুলের রং নষ্ট হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, কী করব?
নকশার পাঠকেরা নানা বিষয়ে প্রশ্ন পাঠান। আজ তাঁদের পাঠানো ত্বক ও চুলের কিছু সমস্যার সমাধান দিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি
প্রশ্ন
শীতকালে আমার ত্বকে ক্রিম ব্যবহার করলেও চামড়া ওঠে, জ্বালাপোড়া করার সমস্যা দেখা দেয়। এই সমস্যার ঘরোয়া সমাধান কী?
রিতা হক, কলাবাগান, ঢাকা
উত্তর
ত্বকের ওপরের অংশে আর্দ্রতা কমে যাওয়া ও শরীরে পানিস্বল্পতার কারণে অনেকেরই মৃত কোষ বা চামড়া উঠে যায়। কিন্তু কোনোভাবেই জোর করে ত্বকের চামড়া তোলা যাবে না। এ জন্য দরকার স্ক্রাবিং। পছন্দমতো যেকোনো স্ক্র্যাবার মালিশ ক্রিম বা ক্লিঞ্জারের সঙ্গে অল্প পরিমাণে স্ক্র্যাবার মিশিয়ে হালকাভাবে মালিশ করুন। অতিরিক্ত সমস্যার জন্য সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারেন। ১৫ দিন এভাবে করে দেখুন। এরপর জলপাই তেল, অ্যাসেনশিয়াল অয়েল ও সামান্য পরিমাণ পানি মিশিয়ে মুখে মালিশ করুন। এ ছাড়া ময়েশ্চারাইজারের সঙ্গে জলপাই তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক দিন শুধু মধু মালিশে ধীরে ধীরে ত্বকের জ্বালাপোড়াও কমে যাবে।
প্রশ্ন
আমার বয়স ৩৫। চুল মাঝারি লম্বা। কিছুদিন ধরে খেয়াল করছি চুলের রং নষ্ট হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। কী করব?
পাপড়ি আহসান, মিরপুর, ঢাকা
উত্তর
চুল বিবর্ণ হওয়ার অন্যতম কারণ শরীরে আমিষ ও ক্যালসিয়ামের অভাব। এ ধরনের খাবার যেমন খেতে হবে, তেমনি ভিটামিন ই ক্যাপসুল তেলের সঙ্গে মিশিয়ে চুলে নিয়ম করে মালিশও করতে হবে। এ ছাড়া সপ্তাহে ১ বা ২ দিন কালিজিরার তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। চুলের রং বিবর্ণ হওয়ার সমস্যা অনেকটাই কমবে।