ছোটদের চুলে বড় সাজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্টি পোশােকর সঙ্গে একটু ভিন্ন স্টাইলের চুল। মডেল: শাকির মির্জা, চুলের সাজ: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: খালেদ সরকার
পার্টি পোশােকর সঙ্গে একটু ভিন্ন স্টাইলের চুল। মডেল: শাকির মির্জা, চুলের সাজ: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: খালেদ সরকার
চুলে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ক্লিপ ও রাবার ব্যান্ড
চুলে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ক্লিপ ও রাবার ব্যান্ড

টান টান করে বাঁধা চুল। কখনো বা পাট পাট করে আঁচড়ানো। নিয়মিত চুল ধোঁয়া, আঁচড়ানো ও যত্ন নেওয়া। শিশুদের চুল শুধু যত্নে রাখাই যথেষ্ট নয় এখন। কমিকসের প্রিয় চরিত্র কিংবা ক্লাসের বন্ধুর চুলের স্টাইলটাই নিজের চুলে তুলে আনতে চায়। তার ওপর এখনকার পার্টি পোশাকগুলোর সঙ্গে একটু ভিন্ন স্টাইল দেখতে ভালো লাগবে।
রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, সবাই চান দাওয়াতে নিজের সন্তানকে যেন সবার চেয়ে ভালো দেখায়। পার্টির ঝলমলে পোশাক ও আবহের সঙ্গে মানিয়ে চুলে একটু আলাদা সাজ করতেই পারেন। শিশুরা নিজেদের সুন্দর দেখতে খুব পছন্দ করে। তাই চুল কাটা অবশ্যই মুখের ধাঁচের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এই বয়সের চুল বেশ কোমল হয়। তাই চুল বাঁধার সময় রাসায়নিক দ্রব্য যেমন জেল, স্প্রে এবং স্ট্রেইটনার ও কার্লার যতটুকু পারা যায় কম ব্যবহার করবেন। বিশেষ করে রং করা একদমই উচিত নয়। চুলের ধরন অনুযায়ী স্টাইল বেছে নেওয়াই ভালো।

মডেল: নুসরা বিনতে ইমাম
মডেল: নুসরা বিনতে ইমাম

মেয়েদের চুল ছোট হলে সামনে ছোট ব্যাঙস কেটে পাশে সিঁথি করে পোশাকের সঙ্গে মিলিয়ে একটি ক্লিপ বা রিবন গুঁজে দিলে দেখতে ভালো লাগবে। পার্টির জন্য ছোট ছোট ভাগে টুইস্ট করে মাথার মাঝামাঝি জায়গায় ক্লিপ দিয়ে আটকে দিন। খোঁপার কাঁটায় মুক্তা এঁটে মাঝে মাঝে গুঁজে দিতে পারেন। রাজকুমারীদের মতো এই সাজটা অনেকেই পছন্দ করবে। মাথার ওপরে ছোট ছোট দুটি খোঁপা বা ঝুঁটি করতে পারেন। চুল লম্বা হলে ঝুঁটি করে অনেকগুলো বেণি করুন। চুলের শেষে বাঁধুন হরেক রঙের ছোট ছোট পাঞ্চ ক্লিপ। জিনস, টপ, কুর্তার সঙ্গে চমৎকার লাগে এই সাজ। শেষ অংশটি হালকা কোঁকড়া করে ছেড়ে দিন। যেকোনো পোশাকেই মানিয়ে যাবে। শিশুদের চুলের উপযোগী হালকা টার্সেল পাওয়া যায় এখন। চাইলে সেগুলোর সাহায্যে চুল বাঁধতে পারেন।
ছেলেদের পছন্দের স্টাইল হলো স্পাইক। হালকা জেল দিয়ে মাথার মাঝামাঝি পর্যন্ত একটু এলোমেলো করে স্পাইক করে দিন। যেকোনো পোশাকের সঙ্গে এই স্টাইলটি মানাবে। স্যুট পরালে স্পাইকটি হবে খুব সুচালো, কানের ওপরের চুলগুলো কপালের দিকে টেনে আঁচড়ে নিন। চুল একটু বড় হলে স্পাইক না করাই ভালো। সিল্কি হলে এক পাশে সিঁথি করে কপাল ঢেকে রাখুন।
খেয়াল রাখুন চুল সাজানোর অনুষঙ্গ যেমন ক্লিপ, ক্রাঞ্চ, রাবার ব্যান্ড যেন ভালো মানের এবং আরামদায়ক হয়। নইলে সাজানো যতই সুন্দর হোক, শিশু তা বেশিক্ষণ রাখবে না। উপলক্ষ শেষে গোসলের সময় অবশ্যই চুলে তেল দিয়ে, শিশুদের উপযোগী শ্যাম্পু করে চুল পরিষ্কার করবেন। যত খুশি স্টাইল হোক, চুলের যত্ন থাকবে সবার আগে।

.
.
.
.