ঝরঝরে চুলে ঈদের রাতে

দিনদুপুরের সাজ শেষ। এবার আসা যাক রাতের সাজে। একটু জমকালোভাবেই করা যাবে চুলের সাজ ও মেকআপ। যে কারণে এটি দিনের বাকি সাজগুলোর থেকে ভিন্নতা আনবে।
চুল কোঁকড়া করার চল এবার বেশ ভালোভাবেই দেখা যাবে বলে জানান রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সব বয়সীরাই এটা করতে পারবেন। কোঁকড়া করে চুল খোলা রাখতে পারবেন। চাইলে কোঁকড়া চুলগুলোকে বেঁধেও রাখা যাবে। কোঁকড়া চুল ভালো মানাবে পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গে। আবার শাড়ির সঙ্গে চুল টেনে বেঁধে রাখুন। গরমে আরাম পাবেন। অভিজাত ভাব নিয়ে আসতে চুলে জেল ব্যবহার করতে পারেন। বেণির কারুকাজ তুলে রাখতে পারেন কামিজের জন্য।
পছন্দমতো সাজে চুল সাজাতে চুলের যত্ন দরকার সবার আগে। গরমে মাথার ত্বক ঘেমে যায়। এ থেকে ত্বকে ময়লা জমে। চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়ার পেছনে অপরিষ্কার ত্বক দায়ী। যাঁরা বাইরে ঘোরেন, তাঁরা প্রতিদিন শ্যাম্পু করুন। কম ক্ষার আছে এমন শ্যাম্পু ব্যবহার করাটাই ভালো। এতে করে চুল শুষ্ক হয়ে যাবে না। তৈলাক্ত চুল ছাড়া চুল শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করুন নিয়মিত। কন্ডিশনার চুলে লাগানোর পরে কিছুক্ষণ রাখুন। এরপর ধুয়ে ফেলুন। ভাজা-পোড়া কম খান। চুলের জন্য পানি, শাকসবজি, ফলমূল খান।

এ ছাড়া
অতিরিক্ত তৈলাক্ত বা রুক্ষ হওয়া ছাড়াও চুলে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। যেমন খুশকি বা চুল পড়া। এ ধরনের চুলের জন্য ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। কিছু ঘরোয়া প্যাকের কথা জানালেন রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন।
খুশকির সমস্যা থাকলে লেবুর রস, জলপাই তেল ও মেথির তৈরি প্যাক লাগিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে পরে ধুয়ে ফেলুন। চাইলে ভিনেগার দিয়েও চুল ধুয়ে নিতে পারেন।
আর চুল পড়ার সমস্যায় ক্যাস্টর অয়েল মাথার ত্বকে মালিশ করুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এমন করতে পারেন। এ ছাড়া মেথির গুঁড়ো কিংবা পেঁয়াজের রস সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।
চুলের যত্নে
* রুক্ষ এবং তৈলাক্ত চুলে সপ্তাহে অন্তত দুই দিন ডিপ কন্ডিশনিং করুন। অনেক সময় মাথার ত্বক তৈলাক্ত হলেও চুল রুক্ষ হয়ে যায়। সে জন্য প্রয়োজন ডিপ কন্ডিশনিং। চাইলে কন্ডিশনের বদলে চায়ের লিকারও ব্যবহার করতে পারেন।
* শ্যাম্পু করার সময় আলতো করে মাথার ত্বক মালিশ করুন। কেননা, ভেজা চুলে গোঁড়া এমনিতেই নরম হয়ে থাকে। তাই এ সময় চুল পড়ার সম্ভাবনা থাকে।
* অনেকের চুল এমনিতেই কোঁকড়ানো থাকে। এ ধরনের চুল নরম রাখার জন্য নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল দিতে পারেন। সেই সঙ্গে হেয়ার স্পাও নিতে পারেন।
* অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন। অনেক সময় মাথার ত্বক পরিষ্কার হলেও চুল আগের চেয়ে পাতলা হয়ে যায়।
* আর চাই পরিচ্ছন্নতা। যে ধরনের চুলই হোক না কেন চিরুনি বিভিন্ন স্টাইলার পরিষ্কার করে ব্যবহার করুন।
গ্রন্থনা: রয়া মুনতাসীর ও নাদিয়া নাহরিন