
ছোট্ট শিশু বলতে পারে না শারীরবৃত্তীয় অনুভূতির কথা। সহজেই কাপড় নষ্ট হয়ে যায়। কান্নাই তখন তার একমাত্র অস্ত্র। জানিয়ে দেয়, ওর প্রস্রাব-পায়খানা পরিষ্কার করার সময় চলে এসেছে। হালের আধুনিক জীবনে ডায়াপারের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। এখনো অনেকে শিশুকে ডায়াপার পরানোর পক্ষে নন—র্যাশ, জীবাণুর সংক্রমণ হওয়ার মতো ঘটনাগুলোর জন্যই। তবে ডায়াপার পরানোর আগে–পরে কিছু সতর্কতা অবলম্বন করলে অনাকাঙ্ক্ষিত এই বিষয়গুলো এড়ানো যাবে সহজেই।
ডায়াপার পরালে শিশুর ডায়াপারের স্থানটিতে র্যাশ হতে পারে, কমবেশি সবাই জানেন এ ব্যাপারে। ডায়াপার পরানোর ফলে ঘামে ভিজে গিয়ে শিশু অস্বস্তিতে ভুগতে পারে, শিশুর ক্ষেত্রে সেটির প্রকাশভঙ্গি হলো অস্থিরতা বা খিটখিটে ভাব। মেয়ে শিশুর ক্ষেত্রে ভেজা ডায়াপারের কারণে প্রস্রাবে জীবাণুর সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে। খোলামেলা সুতি কাপড়ের প্যান্ট সব শিশুর জন্য ভালো। ডায়াপার পরাতেই যদি হয়, তাহলে সে বিষয়ে কিছু সতর্কতা জানালেন অধ্যাপক সাঈদা আনোয়ার—
ডায়াপার পরালেও তা খুব কম সময়ের জন্য পরান। এক নাগাড়ে অনেকক্ষণ এক ডায়াপার পরিয়ে রাখা উচিত নয়। সম্ভব হলে কিছুক্ষণের জন্য শিশুকে ডায়াপার ছাড়া রাখুন।
রাতে ডায়াপার পরালে ঘুমের মধ্যে অন্তত একবার উঠে তা বদলে দিন।
শিশু প্রস্রাব-পায়খানা করার পর তা তার ত্বকের সংস্পর্শে যত কম থাকে, ততই ভালো। তাই যত দ্রুত সম্ভব ডায়াপার বদলে দিন।
ডায়াপার পরানোর আগে জিংক অক্সাইড অয়েণ্টমেন্ট লাগিয়ে নিতে পারেন। এর পরিবর্তে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যায়। যেকোনো বয়সী শিশুর জন্যই পেট্রোলিয়াম জেলি উপযোগী। তবে খুব বেশি পরিমাণে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করাও ঠিক নয়।
এমন পরিমাণে পেট্রোলিয়াম জেলি দিন, যাতে তা শিশুর ত্বকের সঙ্গে সহজেই মিশে যায়। পেট্রোলিয়াম জেলি একটু শুকিয়ে এলে এরপর ডায়াপার পরান, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই নয়।
শিশুর বয়স অনুযায়ী সঠিক মাপের ডায়াপার বেছে নিন।
নতুন ডায়াপার পরানোর আগে ওয়াইপস বা পরিষ্কার নরম কাপড় দিয়ে খুব ভালোভাবে শিশুর ত্বক পরিষ্কার করে নিন।
ডায়াপার পরানোর অংশটুকুতে র্যাশ দেখা দিলে বা লাল হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।