
শীতকে বিদায় জানানো হয়ে গেছে। প্রকৃতিতে এখন উষ্ণতার ছোঁয়া। ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড়, লেপ, কম্বলের প্রয়োজন হয়েছে গত কয়েক মাস। আগামী শীতের আগে এই কাপড়গুলোর ব্যবহার আর নেই বললেই চলে। তাই হেলাফেলা নয়, বরং যত্ন করেই গরম কাপড়গুলো এখন তুলে রাখা উচিত। এই বাড়তি যত্নটুকুই বছরের পর বছর কাপড়গুলোকে ভালো রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যাপক আফরোজা খানম বলেন, ‘শীতের কাপড়ের সঠিক যত্ন নিলে তা দীর্ঘদিন উজ্জ্বল থাকে। শীতের কাপড়গুলো সারা বছর ধরে ব্যবহার করা হয় না, তাই প্রতিবারই তা ধোয়ার দরকার নেই। লেপ, কম্বল ও শীতের কাপড়গুলো ঝেড়ে-মুছে ভালোমতো রোদে শুকিয়ে রেখে দিলে তা ভালো থাকে।’
শীতকাল এলেই উল, পশম, ফ্লানেল, লেদার, পলিয়েস্টার, রেশমের পোশাকের কদর বেড়ে যায়। এসব পোশাক সঠিকভাবে পরিষ্কার করে তবেই তুলে রাখা উচিত। শীতকালটা রুক্ষ ও শুষ্ক হওয়ায় বাতাসে ধুলাবালি বেশি থাকে। তাই এ সময় কাপড় সবচেয়ে বেশি ময়লা হয়। আবার এমন অনেক কাপড় আছে, যা সাধারণ কাপড়ের মতো পরিষ্কার করা যায় না। তাই বাড়তি যত্ন দিয়েই এগুলো সংরক্ষণ করতে হয়।
উল, পশম ও ফ্লানেল কাপড়ে খুব সহজেই পোকা ধরে। তাই রোদে শুকিয়ে ন্যাপথলিন দিয়ে রাখতে হবে। উলের কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে উষ্ণ পানিতে ধুয়ে বিছিয়ে শুকাতে হবে। উলের কাপড় চাপা দিয়ে বা ঝুলিয়ে শুকানো যাবে না, এতে কাপড়ের আকার নষ্ট হয়ে যায়। আবার ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরা ছোট কাপড়ে মুড়িয়ে এর মধ্যে রেখে দিলে পোকা আক্রমণ করতে পারে না। উলের কাপড় ধোয়ার ক্ষেত্রে ডিটারজেন্ট ব্যবহার না করে শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিলেন আফরোজা খানম।
পশমের কাপড়ে রং ওঠার আশঙ্কা থাকলে পানির মধ্যে রিঠা মিশিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার সময় পানিতে সাদা কাপড়ের বেলায় লেবুর রস এবং রঙিন কাপড়ের বেলায় ভিনেগার মিশিয়ে নিন। এতে কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকবে। আবার চামড়ার পোশাক বাড়িতে না ধুয়ে লন্ড্রিতে পাঠিয়ে ড্রাই ওয়াশ করাই ভালো। এসব পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে সংরক্ষণ করতে হবে, না হলে চামড়া ফেটে যাবে।
লেপ, কম্বলে কভার ব্যবহারের পরামর্শ দেন আফরোজা খানম। এ ছাড়া প্রতিবারই কম্বল ধোয়ার প্রয়োজন হয় না, কড়া রোদে শুকিয়ে নিলেই হয়। এতে ব্যবহারে আরাম পাওয়া যায়। তবে যদি ধোয়ার দরকার হয়, তাহলে ঘরে বসে শ্যাম্পু মেশানো পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে কম্বল পরিষ্কার করা যাবে। লেপ, কম্বল ভাঁজ করার পরিবর্তে, রোল করে প্লাস্টিকের ব্যাগে ন্যাপথলিন দিয়ে রাখা যেতে পারে। আমাদের দেশে শীত থাকে দুই মাসেরও কম। তাই সঠিক নিয়মে শীতের কাপড়ের যত্ন নিলে অনেক দিন পর্যন্ত স্থায়ী ও টেকসই হবে।