ত্বকের অক্সিজেন বাড়াতে

ত্বকের সৌন্দর্য বাড়াতে অক্সিজেনের ভূমিকা অনেক। ত্বকের কোষ মেরামত করতে অক্সিজেনের বিকল্প নেই। ব্রণ, বলিরেখা, মুখ ও চোখের কালো দাগ ও জীবাণু ধ্বংস করার সমাধান তো আছেই। ব্যবহার করতে হবে ঘরোয়া কুসুম গরম ও ঠান্ডা প্যাক

ত্বকের অক্সিজেন বাড়াতে প্রয়োজন রূপচর্চাছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্বকে বিনিয়োগ করো, এটি দীর্ঘদিন তোমাকে উপস্থাপন করবে—রূপবিশেষজ্ঞ লিন্ডেন টাইলারের এই কথা ধরেই বলা যায়, ত্বক হলো সৌন্দর্যের বড় একটি অংশ। সুস্থ ও সুন্দর ত্বকের মূল উপাদানগুলো ত্বকেই বিদ্যমান থাকে। কিন্তু অবহেলায় ধীরে ধীরে যা কমে যায়, ফলে শুরু হয় ত্বকের সমস্যা। ত্বকের জন্য অক্সিজেন এমনই প্রয়োজনীয় একটি উপাদান।

ত্বকের প্রতিটি কোষের জন্য দরকার পরিমাণমতো অক্সিজেন। এর কমতি হলেই ভাঙতে শুরু করবে ত্বকের স্বাস্থ্য। অনেকেই হয়তো ভাবেন ত্বকের অক্সিজেন সেটা আবার কী? তাহলে একটু পরিষ্কার করে বলা যাক।

ত্বকে সঠিক পরিমাণে অক্সিজেন থাকলে রক্তের সঞ্চালন হয় ঠিকঠাক। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, কমে ব্রণের মতো সমস্যা। এ ছাড়া কোষের স্বাস্থ্য মেরামত করতেও সাহায্য করে অক্সিজেন। আবার বলিরেখা, মুখ ও চোখের কালো দাগ ও জীবাণু ধ্বংস করতে পারে অক্সিজেন।

এখন বলা যাক ত্বকের অক্সিজেন বাড়ানো যায় কীভাবে? খুব কঠিন কিছু নয়, ঘরোয়া সাধারণ যত্নেই ত্বকে ফিরে আসে হারিয়ে যাওয়া অক্সিজেন। হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী বাতলে দিলেন ত্বকে অক্সিজেন বাড়ানোর উপায়। যদিও এই রূপবিশেষজ্ঞ মনে করেন, এতে রাতারাতি অক্সিজেনের মাত্রা বাড়বে না। তবে উপকার পাওয়া যাবে। প্যাকগুলো ব্যবহারের আগে অবশ্যই হালকা কুসুম তাপমাত্রার হতে হবে। কারণ, অসচেতনভাবে গরম প্যাক ব্যবহারে ত্বক পুড়ে যেতে পারে

শুষ্ক ত্বক

বেসন, কাঁচা হলুদবাটা ও এক কাপ পানি ফুটিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম অবস্থায় মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত রাখুন। এই প্যাকটি তোলার সময় পানি ব্যবহার করা যাবে না। ফ্রিজে বরফ করা শসার রস দিয়ে হালকাভাবে ঘষে প্যাক তুলে ফেলুন।

বেশি শুষ্ক ত্বকের জন্য

এক কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ চালের গুঁড়া ফুটিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। শুকিয়ে গেলে সমপরিমাণ পানি ও সমপরিমাণ তরল দুধের মিশ্রণে তৈরি করা বরফ ঘষে প্যাকটি তুলে ফেলুন।

মিশ্র ত্বকের জন্য

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের ত্বকে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। সে ক্ষেত্রে চালের গুঁড়া সমপরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। কুসুম গরম অবস্থায় এতে এক চিমটি কর্পূর মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। শুকিয়ে গেলে বরফ করা গাজরের রস দিয়ে তুলে নিন।

তৈলাক্ত ত্বক

যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে, তারা সমপরিমাণ পুদিনাপাতা, তুলসীপাতা ও নিমপাতা থেঁতো করে রস বের করে নিতে হবে। এতে অল্প বেসন দিয়ে ফুটিয়ে নিন। কুসুম গরম অবস্থায় মুখে ব্যবহার করতে হবে। শুকিয়ে এলে বিটরুটের রস দিয়ে তৈরি বরফ দিয়ে আলতো ঘষে প্যাকটি তুলে নিতে হবে।

বিশেষ পরামর্শ

ত্বকে অক্সিজেনের মাত্রা বাড়াতে সব থেকে উপকারী হলো মালিশ। এতে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় এবং অক্সিজেন বাড়ার উপকার পাওয়া যায়। তবে অনেকেই না জেনে ত্বকে মালিশ করে, যা একেবারেই ক্ষতিকর। মালিশের নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে, যা না জেনে কোনোভাবেই নিজে নিজে প্রয়োগ করা ঠিক নয়।