ত্বকের যত্নে এখন

গ্রীষ্ম শেষ, বর্ষাকালের শুরুর এই সময়ে ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। ভ্যাপসা গরম, সঙ্গে হুটহাট বৃষ্টি। প্রকৃতি সজীব হয়ে যাচ্ছে রোদ-বৃষ্টির খেলায়। কিন্তু ত্বকের ওপর পড়ছে বিরূপ প্রভাব। এ সময়ের একটি প্রধান সমস্যা ত্বকে কালচে ছাপ পড়া। বাইরে যাঁরা বেশি যান, সমস্যাটিতে ভোগেন। টুকটাক যত্নই সমাধান করবে বিষয়টির। জেনে নিন একঝলকে।
এই মৌসুমে প্রচুর পানি পান করা প্রয়োজন। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন তাই পানি পান করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, যেকোনো ত্বকের জন্যই হলুদ এবং অ্যালোভেরার ব্যবহার বেশ কার্যকর। ত্বকের তামাটে ভাব দূর করতে যেকোনো প্যাক কিংবা শুধু হলুদও ব্যবহার করা যেতে পারে। তবে অনেকের হলুদ ব্যবহারে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে বেছে নিন অ্যালোভেরা। অ্যালোভেরা সব ধরনের প্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাওয়া যায়।
ঘর থেকে বেরোনোর আগে এখন আমরা সবাই কমবেশি সাজতে পছন্দ করি। এ জন্য মেকআপ ব্যবহারের ক্ষেত্রেও যেসব প্রসাধনে রোদ প্রতিরোধক উপাদান আছে, তা ব্যবহার করাই ভালো।
শীলা’জ মেকভার স্যালনের স্বত্বাধিকারী শারমীন শীলা ঘরে বসে খুব সহজে ত্বকের তামাটে ভাব দূর করার জন্য তিনটি প্যাকের কথা বলেন।
সাধারণ ত্বকের জন্য ঘরে বসেই তৈরি করা সম্ভব একটি সহজ প্যাক—মসুর ডাল, পোলাও চাল, দুধ এবং কমলার রসের প্যাক। প্রতিটি উপকরণই সমপরিমাণে মিশিয়ে ১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে কারও যদি ঘরে কমলার রস না থাকে, সে ক্ষেত্রে মাল্টার রস ব্যবহার করা যেতে পারে।
তৈলাক্ত ত্বকের জন্য ডিমের সাদা অংশ, চন্দনের গুঁড়া, গোলাপজল এবং মুলতানি মাটির প্যাকটি বেশ কার্যকর। এখানেও কেউ চাইলে শুধু মুলতানি মাটি কিংবা শুধু চন্দনের গুঁড়া দিয়ে এই প্যাকটি তৈরি করতে পারেন।
শুষ্ক ত্বকের তামাটে ভাব দূর করার জন্য যেকোনো কিছু যা ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, তা ব্যবহার করা যেতে পারে। কমলার খোসার গুঁড়া, চন্দন (চন্দন না থাকলে ময়দা) এবং টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন,
শুকিয়ে গেলে হালকা মালিশ করে ধুয়ে ফেলুন।
ত্বকের তামাটে ভাব দূর করতে কিছু সচেতনতার কথাও বলেছেন রূপবিশেষজ্ঞরা। ঘর থেকে বেরোনোর আগে ছাতা, সানব্লক বা সানস্ক্রিন ক্রিম, ফেসওয়াশ সঙ্গে নিয়ে বেরোতে হবে। কেননা, অধিকাংশ সানব্লক ক্রিম একটা নির্দিষ্ট সময়ের পর আর কাজ করে না। তাই দুই ঘণ্টা পর হাতমুখ ধুয়ে আবার সানব্লক ক্রিম লাগালে ভালো ফল পাওয়া যাবে। এ ছাড়া দিনের শুরুতে এবং শেষে ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করে মুখ ধোয়াটা জরুরি।