ত্বকের যত্নের ঠিক-বেঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ত্বকের যত্নআত্তি নিয়ে অনেক কথাবার্তাই হয়ে থাকে। কেউ বলেন পানি খান, কেউ বলেন স্ক্রাবিং করেন, তো কেউ বলেন, ব্রণ-ট্রন তো বয়স হলেই দূর হয়ে যাবে। আসলে ত্বকের যত্নের প্রচলিত এসব মতামতের কোনটি ঠিক কোনটি বেঠিক সেটা জেনে নেওয়া জরুরি। এখানে এ ধরনের সাতটি সমস্যা নিয়ে মতামত তুলে ধরা হলো।

বারবার মুখ ধুলে ব্রণ দূর হয়?
আপনি হয়তো অনেকবার এই কথা শুনেছেন। যখনই সুযোগ হবে একটু মুখ ধুয়ে নিতে হবে। এভাবে পরিচ্ছন্ন থাকলে মুখে আর ব্রণ হবে না! কিন্তু এটা আসলে ব্রণ দূর করতে কোনো কাজেই লাগবে না। বরং সারা দিন এমন করতে থাকলে আপনার ত্বক থেকে প্রয়োজনীয় তেল সরে গিয়ে ত্বক একদমই শুষ্ক হয়ে যাবে। আর শুষ্ক খরখরে ত্বক ব্রণের জন্য খুবই খারাপ।
ঘষা-মাজায় তেল দূর হয়?
কেউ কেউ মনে করেন, সপ্তাহে দুই-তিনবার স্ক্রাবিং করলে বা মুখ ঘষে-মেজে পরিষ্কার করলে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যায়। কিন্তু এটা ঠিক নয়। মুখের ত্বক বেশ স্পর্শকাতর। ফলে বেশি বেশি ঘষা-মাজা করলে চামড়ায় কালশিটে দাগ বসে যেতে পারে, ত্বকে ফুসকুড়ি উঠতে পারে।
বয়স হলে ব্রণ সেরে যায়?
বেশির ভাগ নারীই হয়তো বিশ্বাস করেন, অল্প বয়সেই ব্রণ হয়। যেন কিশোরী বয়স থেকে বিশের কোটার নারীদেরই সমস্যা এই ব্রণ। কিন্তু বয়সের সঙ্গে ব্রণের ঠিক এমন কোনো সম্পর্ক নেই। আবার বয়স হলেই সবার ব্রণ সেরেও যায় না। আসলে জীবনযাপনের ধরন বদলের মধ্য দিয়েই ব্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্য সম্মত খাবারদাবার খাওয়ার মধ্য দিয়ে শরীরের ভেতর থেকে দূষণমুক্ত হতে পারলেই ব্রণ দূর হবে।
মেঘলা দিনে সানস্ক্রিন মাখবেন কী?
আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে সানস্ক্রিন মেখে কী হবে? এই ভাবনা কারও মনে আসতেই পারে। কিন্তু মেঘলা দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি হারিয়ে যায় না, বরং বেশি সক্রিয় থাকে। আর এই গ্রীষ্ম-বর্ষার সময়টাতে এই রোদ এই বৃষ্টির দিনে সানস্ক্রিন না মেখে উপায় নেই।
মেকআপে ত্বক নষ্ট হয়ে যায় কী?
সাধারণভাবে অনেক নারীই বিশ্বাস করেন, নিয়মিত মেকআপ করার কারণে ত্বক নষ্ট হয়ে যায়। আসলে বিষয়টা এমন সরল না। আপনি কী ধরনের প্রসাধনী পণ্য ব্যবহার করছেন, কীভাবে করছেন তার ওপর নির্ভর করে মেকআপ আপনার ত্বকের ক্ষতি করবে কি না। আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক সেটা বুঝে সে অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে হবে। আর প্রসাধনীর আগে ও পরে পরিচ্ছন্নতার নিয়মগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।
ত্বক শুষ্ক হলে বেশি পানি খেতে হবে?
কেউ কেউ মনে করে থাকেন, ত্বক শুষ্ক ধরনের হলে বেশি বেশি পানি পান করতে হবে। এতে ত্বকে আর্দ্রতা আসবে। পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য ভালো। এতে শরীর থেকে টক্সিন দূর হবে, ত্বক উজ্জ্বল হবে। কিন্তু শুষ্ক ত্বকে আর্দ্রতা আনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে, নিয়মিত পর্যাপ্ত পানি পান খুবই প্রয়োজনীয় অভ্যাস। এতে ত্বকের অন্য অনেক সমস্যা দূর হতে পারে।
দামি প্রসাধন পণ্যই ভালো?
অনেকে মনে করে থাকেন বেশি দামি প্রসাধনী পণ্যগুলোই ত্বকের জন্য ভালো। সেসব ব্যবহার করলেই ত্বকের নানা সমস্যা থেকে মুক্ত থাকা যায়। আসলে বিষয়টি ঠিক এমন নয়। প্রসাধনী সামগ্রী তা যত দামিই হোক কিংবা সাধারণ দামেরই হোক প্রায় একই রকম কাজ করে। তবে, কোন প্রসাধনীতে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে তা আপনার জন্য নিরাপদ কি না সেসব জেনে ব্যবহার করাই ভালো। আর ত্বকের সমস্যা এবং তা দূর হওয়া না হওয়াটা আপনার খাদ্যাভ্যাসসহ জীবনযাপনের ধরন, আপনার পরিবেশসহ আরও অনেক কিছুর ওপর নির্ভর করতে পারে।
টিএনএন অবলম্বনে