দুই পরিবার নিয়ে সুমির ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমির ঈদ। ছবি: নকশা
সুমির ঈদ। ছবি: নকশা

ভাইবোনদের ছেলেমেয়েদের সাজাতে সাজাতে ঈদের সকালটা পার করে দেন চিরকুট ব্যান্ডের সদস্য সুমি, পুরো নাম তাঁর শারমীন সুলতানা। ‘ঘুম থেকে উঠেই ওদের সাজাতে শুরু করি। এতে ওদেরও যে কী আনন্দ হয়, তা বলে বোঝানো যাবে না।’ এভাবেই ঈদের সকালটা পরিবারের ছোট সদস্যদের নিয়ে কাটিয়ে দেন। এরপর শুরু হয় আরেক পরিবারের সদস্যদের জন্য অপেক্ষার পালা। আরেকটা পরিবার মানে? ‘আসলে চিরকুটের সদস্যদের সঙ্গে এমন একটা আত্মিক বন্ধনে জড়িয়ে পড়েছি যে ওদের ছাড়া ঈদের আনন্দটা যেন অসম্পূর্ণ মনে হয়।’ জানালেন সুমি। ওরা তাঁর আরেকটি পরিবার।

সুতি সালোয়ার–কামিজেই সুমির ঈদ। ছবি: নকশা
সুতি সালোয়ার–কামিজেই সুমির ঈদ। ছবি: নকশা

ভাইবোনদের সঙ্গে নিয়ে মায়ের হাতের রান্না করা বিশেষ খিচুড়ি খেয়ে ঈদের সকালটা শুরু করবেন। জানালেন, ঈদের দিনে এটা তাঁদের একটা পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এই সময়টা কুর্তার সঙ্গে পরনে থাকবে জিনসের প্যান্ট। গলায় জড়িয়ে নেবেন ওড়না। কালো তাঁর প্রিয় রং। চিরকুটের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে সব সময় এমন পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। একসময় চোখে কাজল আর কপালে টিপ পরতে ভালোবাসতেন। এখন দুটোই বাদ দিয়েছেন সাজের উপকরণ থেকে। ঈদের দিন মুখে হালকা ফেস পাউডার আর ঠোঁটে বুলিয়ে নেবেন হালকা রঙের লিপস্টিক। হাতে থাকবে বিভিন্ন রকম রিস্টব্যান্ড আর ব্রেসলেট। জানালেন, অলংকারের প্রতি কোনো দুর্বলতা না থাকলেও এবারে নতুন একটা শখ হয়েছে কানের দুল পরার। ঈদের দিন লম্বা নকশার কোনো দুল পরতে দেখা যেতে পারে তাঁকে।
তাঁর হাতের রান্নার সুনাম আছে বাড়িতে। ভাইবোনদের আবদার থাকে তাঁর হাতের রান্না খাবার। সারাটা দিন বাড়িতে চলে অতিথি আপ্যায়নের পালা। ‘এর মধ্যেই কোনো এক ফাঁকে দলেবলে এসে হাজির হবে চিরকুটের সদস্যরা। আর এই দুই পরিবারের সদস্যরা একসঙ্গে হলেই শুরু হয় আমার ঈদের আসল আনন্দ।’ বললেন সুমি। দুপুর বেলার অনেকটা সময় জুড়ে খাবারদাবারের পাশাপাশি বাড়িতে চলবে হইহুল্লোড় আর আড্ডা। এরপর এক ফাঁকে চলে যাবেন স্টুডিওতে। ‘এবার ঈদের পরদিন থেকেই বেশ কিছু টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠান আছে। তাই গানবাজনার অনুশীলনেই ব্যস্ত থাকা হবে।’ বললেন তিনি। সন্ধ্যার দিকে চিরকুটের সবাই মিলে হয়তো ঘুরতে বের হবেন হাতিরঝিলে।
ভাইবোনদের কাছ থেকে অনেক পোশাক উপহার পেয়ে থাকেন। সেখান থেকেই একটা সুতি সালোয়ার-কামিজ পরবেন তখন। এরপর বাড়ি ফিরে টিভিতে গানের অনুষ্ঠান দেখতে দেখতে ঈদের রাতটা পার করবেন সুমি।