
এই সময়ে শহর কি গ্রাম—ধুলায় ঢেকে যায় চরাচর। মেঠো পথে যেমন ধুলা ওড়ে, মহাসড়কেও তাই। গাছের পাতা হারায় সবুজ রং। শহুরে দালান হয় বিবর্ণ। জনজীবনেও প্রভাব পড়ে। ধুলায় ভর করে ছড়িয়ে পড়ে রোগ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল, তারা হয়তো রোগ থেকে রেহাই পান। কিন্তু ত্বক ও চুল কিন্তু ঠিকই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সৌন্দর্যচর্চা কেন্দ্র মেনজ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন জানালেন, এই সময়টায় ধুলাবালি থাকে খুব বেশি, তাই ছেলেদের ত্বক ও চুলের বাড়তি যত্ন নিতেই হবে। অবহেলায় চুল যেমন রুক্ষ হয়ে উঠবে, চুল ঝরার প্রবণতাও বাড়বে। ত্বক চুলের যত্নে করণীয়গুলো জেনে নেওয়া যাক।
সম্ভব হলে প্রতিদিন শ্যাম্পু করুন। না হলে মাথার তালুতে ময়লা জমে, ত্বকের ক্ষতি হয় এবং সঙ্গে চুল পড়তে থাকে। সপ্তাহে অত্যন্ত তিন দিন মাথায় উষ্ণ তেল লাগান। এ ছাড়া উষ্ণ পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় দুই তিন মিনিট পেঁচিয়ে রাখুন। এটি মাথায় জমে থাকা ধুলার আবরণ দ্রুত সরিয়ে ফেলবে। করতে পারেন হেয়ার স্পা। ভেজা চুলে স্পা ক্রিম লাগিয়ে হালকাভাবে মালিশ করে নিন। ১০ থেকে ১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। শ্যাম্পু করতে চাইলে স্পা করার আগেই করতে হবে, পরে নয়। আর যাঁরা বাইকে ঘুরে অভ্যস্ত, হেলমেট পরার আগে মাথায় পাতলা একটি রুমাল দিয়ে নিন। এই কাপড়ের টুকরাটি ধুলা যেমন ঠেকাবে, অন্যদিকে মাথার ঘাম শুষে নিয়ে চুলের সুরক্ষা দেবে।
ধুলার প্রভাব থেকে ত্বকের সুরক্ষার কথাও বললেন মো. দেলোয়ার হোসেন। জানালেন, এই সময়টা মুখে ধুলা জমে ত্বক কালো হয়ে ওঠে। তাই সপ্তাহে অত্যন্ত দুই দিন মাল্টা পাতলা করে কেটে মুখে ঘষে নিন। এটি ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করবে, সঙ্গে ত্বকের ক্ষয় পূরণেও সাহায্য করবে। বাইরে থেকে ফিরে এসেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ঘন ঘন ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তারা স্কিন টোনার তুলায় লাগিয়ে মুখে ঘষে নিন। এটি লোমকূপে জমা থাকা ময়লা পরিষ্কারে বেশি কার্যকর। এ ছাড়া শসা কুচির সঙ্গে মাল্টার রস কিংবা দুধ মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের সুরক্ষায় এটি অত্যন্ত কার্যকর। করতে পারেন সপ্তাহে এক দিন। ফেসিয়াল ত্বকের জন্য ভালো। তবে কোন ধরনের ফেসিয়াল আপনার ত্বকের জন্য উপযোগী, বিশেষজ্ঞের পরামর্শে বাছাই করে নিন।
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আ ফ ম হেলাল উদ্দিন বলেন, ‘ধুলা-বালুতে অ্যাজমার প্রকোপটা বাড়ে, তাই যাদের ধুলায় অ্যালার্জি, তারা এ সময় সঙ্গে ইনহেলার রাখুন। আর সবারই মাস্ক ব্যবহার করা ভালো। ধুলা ত্বকের রোমকূপ বন্ধ করে দিয়ে দ্রুত সংক্রমণ ছড়ায়। এ ছাড়া চুলের উজ্জ্বলতা নষ্ট করে, চুলকে রুক্ষ করে ফেলে ধুলা। তাই ধুলা এড়িয়ে চলুন এবং বাড়ি ফিরে দ্রুত নিজেকে পরিষ্কার করে নিন।’