বলিরেখাকে বিদায় বলি

ক্যালেন্ডারের পাতার দিকে না তাকালেও দিন তো আর থেমে থাকে না। বয়স হলে তার কিছু ছাপও দেহ-মনে পড়ে বৈকি। কিন্তু কেউ কেউ তো দিব্যি তারুণ্যের দীপ্তি মেখে দাপিয়ে বেড়ান যৌবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও। জীবনযাপনে কিছুটা সচেতনতা ত্বকে বলিরেখার মতো বয়সের ছাপ পড়া রোধ করতে সহায়তা করতে পারে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।
ধূমপানের মতো বাজে অভ্যাস, খাবারদাবারের পুষ্টিমান সম্পর্কে সচেতন না থাকা, অসতর্কভাবে রোদে পোড়া, জলে ভেজা, ওজন কমে যাওয়া থেকে শুরু করে পরিবেশগত দূষণের শিকার হওয়াসহ মানসিক চাপের মতো অনেক কারণেই ত্বকে বলিরেখা পড়তে পারে। কোলাজেন নামের একটা উপাদান কমে গেলে ত্বকে ভাঁজ বা বলিরেখা পড়ে। তবে সহজ কয়েকটি চর্চার মধ্য দিয়ে এ সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি।
পাকা কলা
একটা পাকা কলা নিয়ে ভালো করে চটকে ফেলুন। সারা মুখে ভালো করে চটকানো কলা মাখুন। আধা ঘণ্টার মতো রেখে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার পাকা কলার মণ্ড বানিয়ে ফেসওয়াশ প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।
পাকা আনারস
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ আনারস ত্বকের জন্য ভালো। তেমনি আনারসের মণ্ড বলিরেখা দূর করতেও কার্যকর। পাকা আনারসের রস সরাসরি মুখমণ্ডল ও ঘাড়-গলায় মেখে কিছু সময় রেখে ধুয়ে ফেলুন। কিংবা আনারসের মণ্ড বানিয়ে তা দিয়ে মুখমণ্ডল, গলা ও ঘাড়ে ম্যাসাজও করতে পারেন। এতে ত্বক সজীব থাকবে এবং বলিরেখা কমে আসবে।
জলপাইয়ের তেল
অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি তা ত্বকে মাখার জন্যও দারুণ। বিশেষত বলিরেখা দূর করতে নিয়মিত জলপাইয়ের তেল ব্যবহারের জুড়ি নেই। এক চা-চামচ জলপাইয়ের তেল নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে ধীরে ধীরে ঘষে সারা মুখে মাখুন। কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে ফেলুন। চাইলে মুখের মতো সারা গায়েও এই জলপাইয়ের তেল ও লেবুর রস মাখতে পারেন। নিয়মিত ব্যবহারে বলিরেখাও কমে আসবে আর ত্বকে দ্যুতিও ছড়াবে।
মধু ও লেবু
মধু ও লেবুর মিশেলে একটা ফেসপ্যাক বানিয়ে নিন। আলতো করে ঘষে ঘষে সারা মুখে মাখুন। ২০ মিনিটের মতো রাখার পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার এভাবে মধু ও লেবু আপনার বলিরেখাকে বাগে আনতে সহায়তা করবে।
পেঁপে ও লেবু
জলপাইয়ের তেল এবং মধুর মতোই পাকা পেঁপের সঙ্গে লেবুর রসও বলিরেখা নিয়ন্ত্রণে দারুণ উপকারী। প্রথমে পাকা পেঁপে ভালো করে চটকে নিন। তাতে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে নিন। এবার একইভাবে সারা মুখে মেখে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহারে উপকার পাবেন।