বিনোদনের নতুন ঠিকানা

রাজধানীর ইউনাইটেড কোর্ট সাইড বিনোদনকেন্দ্রে সব বয়সী ব্যক্তিদের জন্যই আছে আয়োজন

শেফস টেবিলে আছে ৩৪টি দোকানছবি: সাবিনা ইয়াসিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের শিশিরভেজা সকাল। মেঘের আড়াল থেকে মাঝেমধ্যে উঁকি দিচ্ছে সূর্য। এর মধ্যেই মা-বাবার হাত ধরে এসেছে ছোট ছোট ছেলেমেয়ে। বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছেন অনেকে। বয়স্করাও এসেছেন পুরোনো বন্ধুদের নিয়ে। সদ্য প্রেমে পড়া তরুণ-তরুণী এসেছে হাত-ধরাধরি করে। বয়সের ভিন্নতা আছে, তবে সবার গন্তব্য এক—রাজধানীর মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড কোর্ট সাইড। রাজধানীর এ বিনোদনকেন্দ্রে সব বয়সী ব্যক্তিদের জন্যই আছে আয়োজন। ছোটদের জন্য রয়েছে খেলার জায়গা। ভোজনরসিকদের জন্য শেফস টেবিল। বইপ্রেমীদের জন্য প্রথমা বুক ক্যাফে। খেলাপ্রিয়দের জন্য সবুজে ঘেরা খোলার মাঠ। আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাদের জন্য গো-কার্ট। শিগগির যুক্ত হতে যাচ্ছে পেইন্ট-বল।

শেফস টেবিল

পরিবারের সবার জন্যই আছে খাওয়ার আয়োজন
ছবি: সাবিনা ইয়াসমিন

শেফস টেবিলের দোকানগুলো কিং ডোম ও কুইন ডোম—এ দুই অংশে ভাগ করা হয়েছে। আলাদা অংশ দুটো একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত। শেফস টেবিলে মোট ৩৯টি দোকান রয়েছে। এর মধ্যে ৩৪টি দোকানে বিক্রি হয় বিভিন্ন স্বাদের খাবার। আছে থাই, চায়নিজ, আফগান, ইতালিয়ান, মেক্সিকান, কোরিয়ান, জাপানিজ আর বাংলা খাবার। মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস টেবিলের আছে অন্যান্য আয়োজনও। ক্লে-স্টেশনে বাচ্চারা তাদের নিজেদের নকশায় তৈরি করতে পারবে বিভিন্ন উপকরণ। বৃহস্পতি, শুক্র ও শনিবার কোর্ট সাইডে হস্তশিল্প ও জীবনযাপনের নানা পণ্য নিয়ে সকাল থেকে বাজার বসে। একই সঙ্গে সকাল আটটা থেকে পাওয়া যায় নাশতা। যারা গাছ ভালোবাসে, তাদের জন্য শেফস টেবিলে নার্সারিও রয়েছে।

ছোটদের জন্য

আছে শিশুদের খেলার আলাদা জায়গা
ছবি: সাবিনা ইয়াসমিন

মিনি জঙ্গলে বালু নিয়ে মনোযোগ দিয়ে খেলছে তিন বছরের আইজান ও সাড়ে পাঁচ বছরের মাহির। দুই ভাইবোন মিলে একবার বালু দিয়ে পাহাড় বানাচ্ছে তো আরেকবার বানাচ্ছে বালুর ঘর। সন্তানের নতুন সৃষ্টির আনন্দ দেখে ব্যাংকার দম্পতির চোখেমুখে খুশির ঝিলিক। ‘ঢাকা শহরে তো ছেলেমেয়েরা মাটির ঘ্রাণই পায় না। সারা দিনই চার দেয়ালের মধ্যে থাকে। শেফস টেবিলের মিনি জঙ্গলের সবকিছুতেই রয়েছে মাটির ছোঁয়া। সবকিছু সুন্দর ও পরিপাটি করে সাজানো। এখানে এলেই মনে হয়, সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আছি,’ বলেন চাকরিজীবী দম্পতি পিয়াস হাসান ও শারমিন নাহার।

নানা ধরনের খেলার আয়োজন
ছবি: সাবিনা ইয়াসমিন

কোর্ট সাইডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো খোলা জায়গা। শেফস টেবিলে এলেই যে কেউ মিনি জঙ্গল ঘুরে দেখতে পারবে। মিনি জঙ্গলের পাশেই রয়েছে ‘কই পন্ড’। বড় বড় পাথর দিয়ে বানানো ছোট পুকুরে রয়েছে বাহারি রঙের মাছ। খোলা মাঠের পাশেই রয়েছে ছোটদের খেলার জায়গা ‘প্লে- ইয়ার্ড’। মিনি ট্রেন, বাউন্সিং ক্যাসেলসহ খোলামেলা এ জায়গাতে রয়েছে ছোটদের জন্য ১০ থেকে ১২টি খেলা। এগুলো ব্যবহার করতে অবশ্য টিকিট কাটতে হবে।

প্রথমা বুক ক্যাফে

প্রথমা বুক ক্যাফে
ছবি: সাবিনা ইয়াসমিন

খাওয়াদাওয়া, খেলা, অ্যাডভেঞ্চারের পাশাপাশি শেফস টেবিল কোর্ট সাইডে মনের খোরাকের ব্যবস্থাও আছে। গাছগাছালির ছায়াময় মনোরম পরিবেশে আছে বই কেনার ব্যবস্থা। নগরীর কোলাহল থেকে দূরে পাখির কলকাকলির মধ্যে দেশি-বিদেশি কয়েক হাজার বই দিয়ে সাজানো হয়েছে ‘প্রথমা বুক ক্যাফে’। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বাকি দিনগুলো বেলা ১২টা েথকে রাত ৯টা পর্যন্ত এই ক্যাফে খোলা থাকে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এই বুক ক্যাফে।

হাজার বই দিয়ে সাজানো প্রথমা বুক ক্যাফে
ছবি: সাবিনা ইয়াসমিন

খোলা মাঠ

‘মেসি’, ‘মেসি’ বলে উল্লাসধ্বনি ভেসে এল। ঢাকায় মেসি! কাছে যেতেই উন্মোচিত হলো ‘মেসি-রহস্য’। ‘অসাধারণ ফুটবল খেলে আমাদের বন্ধুটি। তাই আমরা ওকে মেসি বলেই ডাকি। আজকের খেলায় হ্যাটট্রিক করায় বন্ধুকে নিয়ে মেসি মেসি বলে উল্লাস করছি,’ বন্ধুদের সম্মিলিত উত্তর। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে কোর্ট সাইডে ফুটবল খেলতে। দুই দলে ভাগ হয়ে খেলছিল তারা। মেসিখ্যাত রাতুল আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। তাই মাঝেমধ্যে বন্ধুরা মিলে এখানে ফুটবল খেলতে চলে আসি। ইট-পাথরের ঢাকাতে কোর্ট সাইডে সবুজে ঘেরা মাঠগুলো যেন আমাদের কাছে স্বর্গ। একটি বা দুটি নয়, বেশ কয়েকটি বিভিন্ন আকারের মাঠ রয়েছে কোর্ট সাইডে। রয়েছে ফুটবল খেলার জন্য টার্ফের মাঠ ও সবুজ ঘাসের মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, হ্যান্ডবল, ক্রিকেট ও বাস্কেটবল খেলার মাঠ। শুধু কি খেলাই? কোর্ট সাইডে বছরের বিভিন্ন সময়ে দেশি-বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জমকালো অনুষ্ঠান আয়োজন করে থাকে, আর চোখধাঁধানো বিয়েশাদির আয়োজন তো লেগেই আছে।

খেলার মাঠে ফুটবলের দাপাদাপি
ছবি: সাবিনা ইয়াসমিন

‘যান্ত্রিক ঢাকা শহরে বসবাসকারীদের খেলার মাঠ ও পরিবার নিয়ে খোলামেলা স্থানে বেড়াতে যাওয়ার জায়গাগুলো দিন দিন কমে আসছে। কিন্তু আমরা ইউনাইটেড সিটিতে সবুজে ঘেরা খেলার মাঠ ও পরিবার নিয়ে সারাটি দিন প্রকৃতির মধ্যে কাটানোর চিন্তা থেকেই কোর্ট সাইড-শেফ টেবিল তৈরি করেছি। শিশুদের মানসিক বিকাশের জন্য সবুজে ঘেরা খোলা মাঠ খুবই গুরুত্বপূর্ণ,’ বললেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ। তিনি আরও উল্লেখ করেন, নাগরিকদের শারীরিক ও মেধা বিকাশের জন্য আমাদের এই প্রয়াস। তাদের সামাজিক বন্ধনগুলো অটুট রাখতে এবং তারা যেন আনন্দের একটি দিন কাটাতে পারে, সেই দিকেই আমাদের নজর।’

খেলাধুলার মাধ্যমে মনের সবচেয়ে বেশি বিকাশ হয়। তাই কোর্ট সাইডে অনেকগুলো মাঠ রাখা হয়েছে। মাঠগুলো ভাড়া নিয়ে যে কেউ এখানে খেলতে পারবে। এ ছাড়া বিয়েসহ যেকোনো আয়োজনেও মাঠগুলো ভাড়া দেওয়া হয়। ঘণ্টা অনুযায়ী, সারা দিনের জন্য কিংবা পিক-অফ পিক সময় নানাভাবেই ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে।

গো-কার্ট

রোমাঞ্চপ্রিয়দের জন্য কোর্ট সাইডে কিছুদিন আগে চালু হয়েছে বিনোদনের নতুন আয়োজন ‘কোর্ট সাইড গো-কার্ট’। যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কম্পিউটারে বা মুঠোফোনো ‘কার রেসিং গেম’ খেলে অভ্যস্ত, এই আয়োজন তাঁদের জন্য হতে পারে দারুণ কিছু। যথাযথ নিরাপত্তা মেনেই এখানে ‘কার রেস’-এ অংশ নেওয়ার সুযোগ আছে। কিছুদিন আগে কোর্ট সাইড গো-কার্টে পা রেখে দেখা গেল, বিশেষায়িত গাড়িগুলো আঁকাবাঁকা মসৃণ পিচঢালা সড়ক দিয়ে তিন চক্কর (ল্যাপ) শেষ করার আগেই আরেক দল মানুষ টিকিট কেটে টার্মিনালের সামনে অপেক্ষা করছেন। একসঙ্গে রেসে অংশ নিতে পারেন ১২ জন। গাড়িতে চড়ে বসার পর নিয়মকানুনগুলো জানিয়ে দেওয়া হয়। চালকেরা আসনে বসে বেল্ট বাঁধার পর চালু করা হয় গাড়ির ইঞ্জিন। ব্যস, এরপর ছুটে চলা...। দুর্ঘটনা এড়াতে চলার পথের চারদিকে কালো ও হলুদ রঙের টায়ার সাজানো। এর মধ্যেই আঁকাবাঁকা পথ দিয়ে চলে প্রথম হওয়ার প্রতিযোগিতা। তিনবার চক্কর দিয়ে গন্তব্যে পৌঁছানোর পর ডিজিটাল পর্দায় দেখা যায় ‘র‍্যাঙ্কিং’। গো-কার্ট নিয়ে প্রথম দিন থেকেই তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এক ল্যাপের (তিন চক্কর) জন্য জনপ্রতি ৫০০ টাকার টিকিট কাটতে হবে। এ ছাড়া বিভিন্ন প্যাকেজে গো-কার্ট চালানোর সুবিধা আছে।

গো-কার্টে গাড়ির ছুটে চলা
ছবি: সাবিনা ইয়াসমিন

গাছের পাতার ফাঁক গলিয়ে শেষ বিকেলে সূর্যের আলো যখন আপনাকে ছুঁয়ে দেবে, তখনো মনে থাকবে না কোনো ক্লান্তি। বিনোদনের নানা ধরনের আয়োজন নিয়ে সারা দিন আপনাকে মাতিয়ে রাখবে রাজধানীর মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত কোর্ট সাইড।