বৃষ্টিবেলার সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেস মেকআপ হালকাই হোক, চোখে বা ঠোঁটে চলতে পারে উজ্জ্বল রং। মডেল: ঝুমুর। ছবি: নকশা
বেস মেকআপ হালকাই হোক, চোখে বা ঠোঁটে চলতে পারে উজ্জ্বল রং। মডেল: ঝুমুর। ছবি: নকশা

বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী বর্ষাকাল শেষ। তবে বাদলধারা নামছে এখনো। বৃষ্টিমুখর দিনে হয়তো মনটা একটু ভাবুক হয়ে থাকে। হয়তো ইচ্ছে করে খিচুড়ি উৎসব শুরু করতে। তবে সারা বেলা তা নিয়েই পড়ে থাকলে কি আর চলে? কাজের খাতিরে বেরোতেই হয়। এর পাশাপাশি থাকতে পারে কোনো নিমন্ত্রণ রক্ষার তাগিদও।
বৃষ্টিভেজা এই সময়টায় থাকে হঠাৎ ভিজে গিয়ে মেকআপ নষ্ট হওয়ার ভয়। তাই সাজার সময় একটু সতর্ক থাকা ভালো। এ প্রসঙ্গে সোনালী’স এইচডি মেকআপ স্টুডিওর স্বত্বাধিকারী এবং প্রধান রূপবিশেষজ্ঞ সোনালী ফেরদৌসী মজুমদার বলেন, এই সময়টাতে মেকআপের জন্য ওয়াটারপ্রুফ (পানি নিরোধক ) উপকরণ ব্যবহার করা উচিত। বিশেষ করে ওয়াটারপ্রুফ মাশকারা, কাজল আর আইলাইনার ব্যবহার করাটা জরুরি। এই তিনটি প্রসাধনী যদি পানিরোধী না হয়, তাহলে ভিজে গেলে পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে।
জেনে নিন এই সময়ের সাজের ব্যাপারে তাঁর আরও কিছু পরামর্শ—
 এ সময় মেকআপ হওয়া উচিত একটু উজ্জ্বল ধরনের। তবে খুব ভারী মেকআপ ব্যবহার না করাই ভালো।
 ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন। এ সময় গ্লসি লিপস্টিক ব্যবহার না করাই ভালো।
 আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রেও ম্যাট আইশ্যাডো বেছে নিতে পারেন।
 আইশ্যাডোর স্থায়িত্ব বাড়াতে ব্যবহার করতে পারেন প্রাইমার।
 পারলে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। তরল ফাউন্ডেশন নয়, এ সময় বেছে নিন ক্রিম-বেসড ফাউন্ডেশন। হালকা মেকআপের জন্য চলতে পারে বিবি বা সিসি ক্রিম।
 ব্লাশ অন ব্যবহার করতে চাইলে ক্রিম ব্লাশ অন বেছে নিতে পারেন।
সময় বুঝে রং বাছাই
এই সময়ের সাজে উজ্জ্বল রংগুলো বেশ মানানসই। চোখের সাজে এবং ব্লাশঅন ব্যবহারের ক্ষেত্রে গোলাপি, কমলা, পিচ অথবা কপার (তামাটে) রং বেছে নিতে পারেন। আর লিপস্টিকের ক্ষেত্রে লাল, কমলা, গোলাপি বা ম্যাজেন্টা রং বেশ মানানসই।
চুল থাক পরিপাটি
বাইরে যাওয়ার সময় চুল বেঁধে রাখা ভালো। খোঁপাও করতে পারেন, আবার চাইলে করতে পারেন বেণিও। তবে চুল খোলা না রাখাটাই এ সময়ের জন্য স্বস্তিদায়ক।
ত্বকের চাই বাড়তি যত্ন

শুধু বাইরে যাওয়ার সময় সাজলেই কিন্তু হবে না। বৃষ্টিভেজা এই সময়টাতে ত্বক হারায় আর্দ্রতা। আর তাই সব ধরনের ত্বকের জন্যই প্রয়োজন ময়েশ্চারাইজার। অন্য কোনো সময় না হলেও অন্তত রাতে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে।