জেনে নিন
মাঝরাতে রেস্তোরাঁর খাবার বাড়িতে
বাড়িতে বসেই পছন্দের রেস্তোরাঁর গরম–গরম খাওয়া পাবেন ফরমাশ করলেই, সেটাও মাঝরাতে
মাঝরাতে হঠাৎকাচ্চি খেতে মন চাইল। কিন্তু এত রাতে রাঁধবে কে? এত রাতে বাইরে গিয়ে খাওয়ারও তো নানা হ্যাপা। বাড়িতে বসেই আপনি পেতে পারেন আপনার পছন্দের রেস্তোরাঁর খাবার, সেটাও মাঝরাতে। এখানে রইল তেমনই কয়েকটি অনলাইন খাবারের প্ল্যাটফর্মের খবর।
মাঞ্চিস
মাঞ্চিস শুধু রাতেই খাবার পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকা শহরের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে খাবার। বর্তমানে ঢাকায় মোট ৪০টি রেস্তোরাঁর চুক্তি রয়েছে মাঞ্চিসের সঙ্গে। এ রেস্তোরাঁগুলো থেকে আপনি চাইলেই বিরিয়ানি, পিৎজা, আইসক্রিম, কাবাব-পরোটা ইত্যাদি খাবারের ফরমাশ দিতে পারবেন। ২০২০ সালে লকডাউনে যখন পুরো বিশ্ব গৃহবন্দী, তখনই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
ফুড পান্ডা
ফুড পান্ডাও রাতে খাবার সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্দিষ্টসংখ্যক রেস্তোরাঁ থেকে খাবার পৌঁছে দেবে আপনার বাসায়। অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করলে ৩০ মিনিটের মধ্যে খাবার পৌঁছে যাবে আপনার কাছে। ফুড পান্ডা সারা রাত খাবার সরবরাহ করে থাকে।
হাঙরিনাকি
হাঙরিনাকি ডটকমের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাসিন্দারা রেস্তোরাঁয় খাবারের চাহিদা জানাতে পারবেন। শহরের নির্দিষ্ট রেস্তোরাঁ আপনার পছন্দমতো খাবার বাড়িতে পৌঁছে দেবে। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খাবার ফরমাশ দেওয়ার সুযোগ রয়েছে।
পাঠাও ফুড
পাঠাওয়ের গ্রাহকেরা নিজ এলাকার রেস্তোরাঁ থেকে পাঠাও অ্যাপ ব্যবহার করে খাবারের ফরমাশ করতে পারবেন। যত সময় পর্যন্ত রেস্তোরাঁগুলো খোলা থাকে, ততক্ষণ পর্যন্ত পাঠাও ফুড খাবার সরবরাহ করে থাকে।
অ্যাপস ছাড়াও কিছু রেস্তোরাঁয় মোবাইলে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি খাবার ফরমাশ করতে পারবেন। ফরমাশ করার ঘণ্টাখানেকের মধ্যেই খাবার পৌঁছে যাবে আপনার পছন্দের ঠিকানায়।
লাঞ্চবক্স
গুলশানের আরও একটি জনপ্রিয় রেস্তোরাঁ লাঞ্চবক্স। এখানে আপনি সারা রাত খাবার অর্ডার দিতে পারবেন। লাঞ্চবক্সে পাওয়া যায় আচারি চিকেন খিচুড়ি, আচারি গরুর খিচুড়ি, কালা ভুনা গরুর মাংসের খিচুড়ি, ভুনা চিকেন রাইসের মতো দেশি খাবার। এ ছাড়া রয়েছে মিল বক্স, মাসালা চিকেন টিক্কা রাইস বক্স, চিকেন টিক্কা পরোটা মিল বক্স। রাতে আপনার খাবার চাহিদা পূরণ করবে লাঞ্চবক্স।
হোয়াট্টা বোল
সারা রাতই খাবার অর্ডার করার সুযোগ রয়েছে হোয়াট্টা বোলে। যেখানে পাওয়া যায় বিফ কোফতা কারি, চিকেন কোফতা কারি, মাখানি চিকেন, স্প্যাগেটি এবং মিটবল, হাক্কা নুডলসসহ চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইসসহ চিকেন মাঞ্চুরিয়ান ইত্যাদি খাবার পদ।
জ্যাকসন’স ফ্রাইড চিকেন
জ্যাকসন’স ফ্রাইড চিকেনে সারা রাতই অনলাইনে খাবার অর্ডার দিতে পারবেন। এখানে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম নাগা জ্যাকস বার্গার, নাগা জ্যাক, পপকর্ন চিকেন অরিজিনাল, স্পাইসি বেঙ্গলি চিকেন পপকর্ন, স্পাইসড ফ্রাই, রেগুলার ফ্রাই।
সিক্রেট রেসিপি
রাতে যদি মিষ্টিজাতীয় খাবার খেতে চান, ধানমন্ডির সিক্রেট রেসিপিকে জানাতে পারেন। যেখানে আপনি পাবেন ব্লুবেরি চিজ স্লাইস, নিউইয়র্ক চিজ স্লাইস, ওরিও চিজ স্লাইস, রেড ভেলভেট স্লাইস। এ ছাড়া ফরমাশ করতে পারবেন লন্ডন ফিশ অ্যান্ড চিপস, ডাম্পলিং স্যুপের মতো জনপ্রিয় সব খাবার পদ।