মেকআপে মিনিমাল ট্রেন্ড

মেকআপের মূলধারায় পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। তবে এর নানা অনুষঙ্গে পরিবর্তন হয় হরহামেশাই। সাজের ধারায় ভারী মেকআপ বা মেকআপবিহীন ধারণায় এখন বেশ বড় পরিবর্তন এসেছে বিশ্বজুড়েই। আর এই ধারাটিকে বলা হচ্ছ মিনিমাল মেকআপ ট্রেন্ড। খুব অল্প বা প্রয়োজনের বেশি নয় এমন সাজেও যে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব, তাই প্রমাণ করেছে এই ট্রেন্ড।

নতুন ট্রেন্ড মিনিমাল মেকআপ

ধোঁয়াশে চোখ আর নাটুকে আইলাইনার দিয়ে নিজেকে সাজানোর দিন এবার শেষ। অবস্থা এখন ৩৬০ ডিগ্রি বিপরীতে। সাজপোশাকের দুনিয়ায় এখন চলতি ধারা মিনিমাল মেকআপ। গ্রীষ্মকালে আরও বেশি সবার সমর্থন কুড়াচ্ছে ধারাটি। দাবদাহের দিনগুলোতেও এমন সাজের ধারণা দিচ্ছেন বলিউড তারকারাও।

ক্যাটরিনা কাঈফ

হালকা একটু আইলাইনার আর অল্প একটু মাসকারা দিয়ে সাধারণ লুক পছন্দ করছেন তাঁরা, সঙ্গে জুড়ে দিচ্ছেন হালকা টোনের লিপস্টিক। মিনিমাল মেকআপের ধারাকে গ্রীষ্মের ধারাও বলা যায়। গরমে গাদা গাদা মেকআপ কারই–বা ভালো লাগে! হালকা–পাতলা আরামের পোশাক যেমন এই সময়ে সবাই খোঁজে, একইভাবে চিন্তা থাকে ত্বকটা যেন ‘শ্বাস’ নিতে পারে।  

গৃহবন্দী দশায় কাটানো বিগত পুরো বছরটাই মিনিমাল মেকআপের ধারার বড় প্রভাবক ছিল। এ বছর সেটার ফলাফল দেখা যাচ্ছে। সবাই যে ধারাটা পছন্দ করেছে, এর প্রমাণ দেখা যাচ্ছে চলতি সময়ের মেকআপ ট্রেন্ডে।

আলিয়া ভাট

বলিউড তারকারা ট্রেন্ডসেটার। তাদের সাজেও ইদানীং এই ধারার প্রভাব দেখা যাচ্ছে খুব। যেমন আলিয়া ভাটের সাজের দিকেই তাকানো যাক। ভারতীয় পার্টি লেহেঙ্গা মানেই তো ভারী সাজ। তেমন চিরচেনা ভাবনার জগৎ বদলে দিতে সক্ষম আলিয়া ভাটের এই লুক। এই পোশাকেও তিনি হালকা মেকআপের সাজগোজ বেছে নিয়েছেন। খুব সাধারণ পনিটেইল করে বাঁধা চুল আর ন্যূনতম মেকআপেই সারা তাঁর সাজ। যখন আপনি চান সাজ নয় পোশাকটা সবার নজর টানুক, তখন এমন একটা পোশাকের সঙ্গে গোলাপি আভার হালকা সাজ সবচেয়ে ভালো সমাধান।

একই ধারার ছোঁয়া দেখা গেছে ক্যাটরিনা কাইফের সাজে। সবকিছু ক্যাজুয়াল রাখতে বেশি পছন্দ করেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রী আর ভরসা করেন নিজের সৌন্দর্যের ওপর। তাঁর সবচেয়ে বেশি ভরসা নিজের ত্বকের ওপর। তাই গালে হালকা ক্রিম ব্লাশ দিয়েই মোটামুটি সম্পূর্ণ তাঁর সাজ। ঠোঁটে লিপস্টিকের হালকা আভা দিয়ে তিনি মেকআপের ন্যূনতম ধারাকে প্রবলভাবে সমর্থন করেছেন।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডের দিকে নজর দিলে দেখা যাবে কোরাল উজ্জ্বলতার থেকে নিউট্রাল সাজই তাঁর বেশি প্রিয়। চোখে শুধু মাসকারা আর হালকা আইশ্যাডোর আভাতেই তাঁর সাজগোজ শেষ। মুখের কিছু কিছু জায়গায় কনসিল করা আর ঠোঁটের জন্য তিনি ন্যাচারাল শেডের লিপস্টিক বেছে নেন। আর বাড়তি কিছু নয়। গ্রীষ্মকালে এর থেকে স্বস্তির কিন্তু আকর্ষণীয় লুক আর কী হতে পারে!

শ্রীদেবী–কন্যা জাহ্নবী কাপুরের কোনো রকমের বাড়তি প্রচেষ্টাবিহীন গ্ল্যামারও এই ধারা থেকে খুব একটা আলাদা নয়। একটু খেয়াল করলেই বোঝা যাবে, তিনি চেহারায় হালকা রং যোগ করতে গালে ব্লাশন লাগিয়েছেন। গাঢ় করে আঁকা চোখের ভ্রু আলাদা করে তুলেছে মুখটাকে। তা ছাড়া অনেকটা মাসকারা আর ন্যাচারাল টোনের লিপস্টিক দিয়ে গরমের নিখুঁত সাজ সম্পন্ন করছেন জাহ্নবী।

জাহ্নবী কাপুর

তারা সুতারিয়ার গ্রীষ্মকালীন মেকআপের কথা বলতে গেলে দুটি বিষয়ের কথা সামনে আনতে হবে। এক. তাঁর সানকিসড উজ্জ্বলতা; দুই. শুধু ব্লাশন দিয়ে করা মেকআপ। সেটা অবশ্য ন্যূনতম মেকআপ দিয়ে কীভাবে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়, তা বোঝানোর জন্য যথেষ্ট। চেহারার হাই পয়েন্টে কিছু হাইলাইটার ব্যবহার করেছেন এই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ অভিনেত্রী। ব্যস।

তারা সুতারিয়া

নতুন ধারার পথ তাঁরা দেখালেন। এবার আপনার ভেবে দেখার পালা, সেটা নেবেন কি না। খানিকটা স্বস্তিতে যুগের সঙ্গে তাল মেলাতে নিশ্চয় আপনারও মন সায় দেবে।

ছবি: তারকাদের ইনস্টাগ্রাম হ্যান্ডল