যদি ভিজি বৃষ্টিতে
অনেকক্ষন বৃষ্টির পানিতে চুল ও ত্বক ভিজে থাকলে সমস্যা হতে পারে। রইল সেটারই কিছু সমাধান।
‘এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারা জলে।’
না হোক নীপবনে, তবে বর্ষণমুখর এমনও দিনে বৃষ্টি দেখলে কার না ভিজতে মন চায়। এদিকে বৃষ্টিতে হয়তো ভেজা হলো মনের আনন্দে, তবে এর পরপর অনেকেরই নানা সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি-কাশি, ঠান্ডার মতো শারীরিক সমস্যাগুলো তো আছেই, আবার কারও ত্বক ও চুলে এর প্রভাব পড়ে বিস্তর। আবার হয়তো শখে বৃষ্টিতে ভিজছেন না। তবে কেউ কেউ আছেন তাঁদের ত্বক ও চুলে এক ফোঁটা বৃষ্টির পানি পড়লেই শুরু হয় নানা যন্ত্রণা। বৃষ্টির পানি মানেই তাঁদের কাছে এক বিড়ম্বনার নাম। এই পানি থেকে ত্বক ও চুলের সৃষ্ট সমস্যায় তাঁদের ভুগতে হয় দীর্ঘদিন।
হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপ বিশেষজ্ঞ আফরিন মৌসুমী বলছিলেন, বৃষ্টির পানি গোসল করার জন্য খুবই ভালো। তবে বৃষ্টির পানি থেকে যে সমস্যাগুলো ত্বক ও চুলে হয়, তার কারণ মূলত পলিউশন। সাধারণত বৃষ্টি যখন হয়, তখন চারপাশের পলিউশনের কারণে এর সঙ্গে নানা ধরনের দূষিত পদার্থ মিশে যায়, যা ত্বক ও চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে বর্ষার দিনে বৃষ্টি এড়িয়ে তো দিন পার করা যাবে না। তাই গায়ে বৃষ্টির পানি পড়লে আপনি যদি সমস্যায় পড়েন, তার সহজ কিছু সমাধান আছে বলে জানালেন এই রূপ বিশেষজ্ঞ।
এই যেমন বৃষ্টির পানি পড়লে অনেকেরই চুল পড়ার সমস্যা দেখা দেয়। এ সমস্যার সমাধানে নিমপাতার নির্যাস বেশ কাজে দেয়। নিমপাতা পানিতে জ্বাল দিলে যে সবুজ পানিটুকু বের হয়, তাই হলো নিমপাতার নির্যাস। এর সঙ্গে আধা কাপ আদার রস মিশিয়ে নিতে পারেন। শ্যাম্পু করার পর এ পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে করে বৃষ্টির পানিতে চুল পড়ার সমস্যা কমে যাবে অনেকখানি। বৃষ্টির পানি ত্বকে পড়লে অনেকেরই চুলকানির সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপায়েই মিলবে এর সমাধান। দুই লিটার পানিতে ২৫০ গ্রাম নিমপাতা জ্বাল দিয়ে ঘন সবুজ করে নিন। এবার পানিটুকু ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন। ডিপ ফ্রিজে নিমপাতার এ নির্যাস আইস কিউব বা বরফের টুকরা করে সংরক্ষণ করুন।
বৃষ্টিতে ভিজলেই আট থেকে দশটি আইস কিউব এক বালতি পানিতে মিশিয়ে নিয়ে ওই পানিটুকু দিয়ে গোসল করে নিন। এদিকে এ সময় বৃষ্টির পানি পড়লেই অনেকের পায়ের ত্বকে সংক্রমণের সৃষ্টি হয়। এ সংক্রমণ দূর করতে আধা কাপ হলুদের রসের সঙ্গে আধা কাপ নিমপাতার রস মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার এর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিলেই ঘন একটি মিশ্রণ তৈরি হবে। এটি নিয়মিত পায়ে লাগাতে হবে। এরপর অ্যান্টিব্যাকটেরিয়াল ময়শ্চারাইজার ব্যবহার করলেই এ সংক্রমণ দূর হবে।