যেন মিষ্টিকুমড়ার উৎসব

আজকে হ্যালোউইন উৎসব। ভূত তাড়াবার এই উৎসব শুরু করে আইরিশরা। এখন প্রতিবছর পালন হচ্ছে বিশ্বব্যাপী

হ্যলোউইনের নানা নকশায় কাটা হয়েছে মিষ্টিকুমড়াছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালোউইন উৎসব, যা প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বব্যাপী খ্রিষ্ট ধর্মাবলম্বীরা পালন করেন। তবে ভূত তাড়ানোর উৎসবটি এখন প্রায় সর্বজনীন। হ্যালো্উইন উৎসব ঠিক কবে থেকে শুরু হয়, তার সঠিক নথি জানা নেই। তবে বলা হয়, ১৭৪৫ সালের দিকে খ্রিষ্টান সম্প্রদায় এই উৎসব পালন করা শুরু করে।

হ্যালোউইন উৎসব শুরু হয় মূলত সেল্টিক উৎসবের মধ্য দিয়ে। ভূতের ভয় বা ভূত তাড়ানোর উৎসবে অদ্ভুত সব পোশাক, সাজসজ্জা করা হয়। সঙ্গে থাকে ভৌতিক সব মুখোশ আর অনুষঙ্গ। এসব ভৌতিক অনুষঙ্গের মধ্যে অন্যতম হলো মিষ্টিকুমড়া।

হ্যালোউইনের মিষ্টিকুমড়া

বড় বড় মিষ্টিকুমড়া কেটে কেটে দেওয়া হয় ভৌতিক সব অবয়ব। কুমড়ার ভেতরের অংশ ফাঁকা করে বসিয়ে দেওয়া হয় আলো। এতে মনে হয় সামনে সত্যিই যেন কোনো দানব দাঁড়িয়ে আছে।

হ্যালো্উইনে মিষ্টিকুমড়া প্রথম ব্যবহার শুরু করে আইরিশরা। একে বলা হয় জ্যাক-ও-ল্যান্টার্ন।

আইরিশরা শুরুতে মিষ্টিকুমড়া তাদের জানালা বা দরজার সামনে ব্যবহার করত ভূত থেকে নিজেদের সুরক্ষিত করতে। কিন্তু এখন এই ধারণা বদলে গেছে। আধুনিক সময়ে শুধু বিনোদনের জন্যই মিষ্টিকুমড়ার ভূত তৈরি করা হয়।

মিষ্টিকুমড়ার প্রায় ৩০টি ধরন রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, জ্যাক-ও-ল্যান্টার্ন তৈরিতে ব্যবহার করা কুমড়ার ধরন একেবারেই আলাদা। এর ভেতরের অংশটি বেশ কড়া ও শক্ত হয়। তাই এই সবজি একেবারেই খাওয়ার যোগ্য নয়। এই ধরনকে বলা হয় কনেকটিকাট।

এ ছাড়া এ জাতের মিষ্টিকুমড়া হয় গোলাকার ও মোটা। আবার কিছু কিছু মিষ্টিকুমড়া হয় একটু অসমান।

আইরিশ লোককাহিনি অনুসারে, জ্যাক ছিলেন একজন কামার। যিনি কয়েকবার শয়তানকে ধোঁকা দিয়েছিলেন। কিন্তু জ্যাক মারা যাওয়ার পর তাকে স্বর্গ বা নরক কোনোটিতেই প্রবেশ করতে দেওয়া হলো না। ফিরিয়ে দেওয়ার সময় শয়তান তাকে কিছু অঙ্গার সঙ্গে দিয়ে দিল। জ্যাক সেই অঙ্গার বহন করলেন শালগমের মধ্যে। ফলে জ্যাক হয়ে রইলেন জ্বলন্ত প্রেতাত্মা। সেই থেকেই শব্দটি প্রচলিত।

তবে ভৌতিক মুখ খোদাই করতে আইরিশদের কাছে সব থেকে সহজলভ্য ছিল মিষ্টিকুমড়া। তাই শালগম, গাজর, বিট বা আলুর থেকে মিষ্টিকুমড়া ব্যবহার হয় বেশি।