রাঙা হাতে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুহাত ভরে মেহেদির নকশা পুরোনো হওয়ার নয়।  মডেল: অন্তরা পোশাক: স্বপ্ন লাইফ সাজ: রেড ছবি: নকশা
দুহাত ভরে মেহেদির নকশা পুরোনো হওয়ার নয়। মডেল: অন্তরা পোশাক: স্বপ্ন লাইফ সাজ: রেড ছবি: নকশা

এমন একসময় ছিল, যখন চাঁদরাত ঈদের দিনের চেয়েও অনেক আনন্দের হতো। বিকেল থেকে চলত মেহেদিগাছ থেকে পাতা ছেঁড়া, পাটায় বাটা, তারপর ঘটা করে হাতে-নখে সেই মেহেদি পরা। সেই আনন্দ এখনো হয়। ভিন্নতা এসেছে শুধু উদ্যাপনের ধরনে।
বাটা মেহেদির সুঘ্রাণের জায়গা এখন বাজারে পাওয়া টিউব মেহেদির দখলে। প্রাকৃতিক কিংবা বাজারর তৈরি মেহেদিই হোক, নকশা তো করতেই হবে। এবারের ঈদে মেহেদির নকশা কেমন হবে জানিয়ে দিলেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। ‘দুই হাত ভরে কনুই পর্যন্ত মেহেদি পরার চল কখনোই পুরোনো হবে না। তবে ঈদে এবার বেশি চলছে স্মার্ট ধাঁচে মেহেদি পরা।’ বললেন আফরোজা। সেটা কেমন?

.
.

নখের চারপাশ থেকে শুরু করে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের সোজা পিঠে তালুর আগ পর্যন্ত একরকম নকশা করে তালুটা ভরাট নকশা করা যেতে পারে। কবজির নিচ থেকে বৃত্তাকারভাবে পেঁচিয়ে নকশা বাড়ানো যাবে। আবার সবগুলো আঙুল নকশায় ভরাট করে যে কোনো একটা আঙুল ধরে পছন্দমতো নকশা বাড়িয়ে নেওয়া যেতে পারে। সবগুলো আঙুল আর তালু ভরাট করেও করা যাবে নকশা। এ ছাড়া অনেকে ট্যাটুর মতো করে নকশা করতে পছন্দ করেন। হাতের উভয় পিঠেই এমন নকশা চলছে।
কালো মেহেদি অনেকের ত্বকে ক্ষতি করে বলে এর চল কম। এমনকি মেহেদির নকশার ফাঁকে ফাঁকে গ্লিটারের ব্যবহারও জনপ্রিয়তা হারিয়েছে। এখন সবাই ‘সাধারণেই সুন্দর’ বিশ্বাস করেন বলে জানালেন আফরোজা।
মেহেদির সঙ্গে নখে মানায় ফ্রেঞ্চ স্টাইলের নেইল আর্ট। শুধু নখের বাড়তি অংশে সাদা বা অন্য রঙের নেইল পলিশ লাগিয়ে বাকিটা ওয়াটার কালারের নেইল পলিশ দিয়ে হাইলাইট করে নেওয়া যায়। ইচ্ছা করলে নানা রকম পাথর দিয়েও নখ সাজিয়ে নেওয়া যেতে পারে। আফরোজা বলেন, সাদা বা রুপালির মতো হালকা রঙের নেইল পলিশ যেকোনো মেহেদির নকশা ও পোশাকের সঙ্গেই মানানসই।
নভীন’স অ্যারোমা স্ক্রিন ট্রিটমেন্ট সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক ও রূপবিশেষজ্ঞ আমিনা হক জানালেন, নিম্নমানের টিউবগুলো পুরোটাই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হতে পারে, প্রাকৃতিক মেহেদি তাতে একদম না-ও থাকতে পারে। শিশুদের ত্বক অনেক নাজুক হয় বলে তাদের হাতে বাজারের টিউব মেহেদি পরানো উচিত নয় বলে মনে করেন তিনি। বরং প্রাকৃতিক মেহেদি বেটে টিউবে ভরে নকশা করা যায় বলে জানালেন তিনি।
আফরোজা পারভীন বললেন, মেহেদিপাতা অনেক মিহি করে বেটে পলিথিনে ভরে কোন বানিয়ে নকশা করা যায়। আর আমিনা হক জানালেন, এ ক্ষেত্রে গাছ থেকে কচি নয় বরং বয়সী পাতা নির্বাচন করতে হবে আর পুরু করে নকশা করতে হবে যেন রংটা গাঢ় হয়। আমিনা হক কিছু তথ্য দিলেন, যেমন মেহেদি শুকানোর পর লেবুর রস বা তেল দিলে নাকি রং গাঢ় হয় না। এমনকি মেহেদি লাগানোর আগে চুন দিলেও কোনো কাজ হয় না। মেহেদির রং সম্পূর্ণই নির্ভর করে ত্বকের ধরনের ওপর। কারও ত্বক পুরু হলে রংটা তাড়াতাড়ি গাঢ় হয়, আবার কারও পাতলা ত্বক হলে হালকা রং হয় কিংবা রংটা একটু দেরিতে গাঢ় হয়। আর মেহেদির রং সহসা তুলে ফেলারও কোনো উপায় নেই। তবে সাবান বা ডিটারজেন্ট জাতীয় জিনিস ঘন ঘন ব্যবহারে মেহেদির রং দ্রুতই হালকা হতে থাকে।