শীতের আগেই যত্ন

শীতের শুরুতে ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায়। এ সময় ত্বক ও চুল দুটোই ক্ষতিগ্রস্ত হয়। যার ত্বক যে রকম, তার মাথার ত্বকও একই রকম হয়। যেমন ত্বক শুষ্ক হলে চুলও শুষ্ক হয়। আবহাওয়া পরিবর্তনের সময় দুটোরই যত্ন নেওয়া প্রয়োজন। দরকার একটু সময় বের করে সপ্তাহে এক দিন নিজের যত্ন নেওয়া। রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করার পরামর্শ দিলেন। নিচে সেগুলো তুলে ধরা হলো।
তৈলাক্ত ত্বকের জন্য
১টি ডিমের সাদা অংশ, এক চা-চামচ যবের গুঁড়া আর একটু গ্লিসারিন মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললেই হবে।
শুষ্ক ত্বকের জন্য
১টি ডিমের কুসুম, মধু ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ চা-চামচ, কাঁচা হলুদ ১ চা-চামচ মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

সাধারণ ত্বক
শসা কুচি ২ টেবিল চামচ, গোলাপজল সামান্য, ময়দা ১ চা-চামচ, মধু আধা চা-চামচ, গ্লিসারিন সামান্য। একসঙ্গে মেখে মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে
অলিভ ওয়েল অথবা নারকেল তেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। চুলে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এ ছাড়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। মেথি দুই টেবিল চামচ, পাকা কলা একটা, ডিম একটা, আমলকী পেস্ট এক টেবিল চামচ, মেহেদি বাটা দুই টেবিল চামচ ও টকদই একসঙ্গে মিশিয়ে এক ঘণ্টা মাথায় লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।