
বাবার চাকরির কারণে অভিনেত্রী শবনম ফারিয়ার ছোটবেলা কেটেছে ঢাকার বাইরে। রমজান মাসে ঢাকায় এসে আড়ংয়ে ঈদের কেনাকাটা করে আবার ফিরে যেতেন বাড়ি। তখন ভাবতেন কবে বড় হবেন আর ঢাকায় ঘুরে ঘুরে ঈদের কেনাকাটা করবেন। এখন কি সে ইচ্ছা পূরণ হয়? শবনম ফারিয়ার উত্তর, ‘আসলে ঈদের পোশাক আলাদা করে কেনার সুযোগ পাই না।’ কারণ হিসেবে জানালেন, ঈদের আগে নাটকের কাজ থাকে প্রচুর। তাই নাটকের এক একটি চরিত্রের জন্য বানাতে হয় নতুন নতুন পোশাক। এ ছাড়া বাড়ির ছোট মেয়ে হওয়ার কারণে উপহারের পাল্লাটা বরাবরই ফারিয়ার দিকে বেশি ভারী থাকে। ঈদের জন্য যেসব বুটিক হাউসের ফটোশুট করেন তারাও পোশাক উপহার পাঠান।
অন্যান্য বছরের মতো এবারও চাঁদরাত পর্যন্ত ফারিয়ার শুটিং চলবে। শুটের কারণে চুলের বারোটা বেজে যায়, তাই ঈদের আগের রাতে বাড়ি ফিরেই চুলে তেল মাখবেন ফারিয়া। তারপর দেবেন লম্বা ঘুম।

মায়ের হাতের ভুনা খিচুড়ি খেয়ে শুরু হবে ফারিয়ার ঈদের দিন। সকালে পরবেন সালোয়ার–কামিজ। সেটির রং হবে হালকা। সাজগোজের জন্য মুখে লাগাবেন বিবি (বিউটি বাম) ক্রিম, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে থাকবে আইলাইনার। সন্ধ্যায় ভারী মেকআপ, জমকালো পোশাক আর চোখের সাজ—এই হবে ফারিয়ার ঈদ সাজ।
এবারের ঈদে চুল রাঙানোর ইচ্ছে ছিল ফারিয়ার। কিন্তু একটি সিনেমার শুটিংয়ের জন্য তা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই পোশাক যা পরবেন তার সঙ্গে মিলিয়ে সাজাবেন চুল। গয়না সংগ্রহ ফারিয়ার প্রিয় শখ। ঈদের দিন নিজের কাছে থাকা গয়নাগুলো থেকেই বেছে নেবেন। চার বছর ধরে এভাবেই ফারিয়া তাঁর ঈদটা কাটাচ্ছেন। জানালেন এবারও তার ব্যতিক্রম হবে না।