সতেজ স্নান


ঈদের দিনে ব্যস্ততার কারণে সকালে তাড়াহুড়ো করেই হয়তো গোসলটা সেরে নিতে হবে। তবে সব কাজ আর বেড়ানো শেষে রাতে বা পরের দিনে একটু সময় রাখুন স্নানের জন্য। তাতে হয়ে উঠবেন স্নিগ্ধ, সতেজ।
আগের দিনে রাজকীয়ভাবে বেশ ঘটা করেই করা হতো গোসলের আয়োজন—জানালেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি। নারীরা তখন চন্দন আর সুগন্ধি তেল মেখে নামতেন গোসলের পানিতে। সেই পানিতে মেশানো হতো দুধ আর ছড়ানো থাকত গোলাপের পানি। এখন বিভিন্ন সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের বিউটি বাথের আয়োজন থাকে।

মুন্নি জানালেন, সৌন্দর্য স্নান বা বিউটি বাথের জন্য স্নানঘরের পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্নানঘরের পরিবেশটা যাতে নিরিবিলি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুরো ঘরে একধরনের মায়াবী আবহ ছড়িয়ে দিতে ব্যবহার করা হয় হালকা আলোর। ঘরজুড়ে ছড়িয়ে দেওয়া বিভিন্ন অ্যারোমা এসেন্স।
গোসলের জন্য বাথটাবের পানিতে ছড়িয়ে দেওয়া হয় গোলাপ ফুলের পাপড়ি। মেশানো হয় দুধও। স্নানের আগে বিভিন্ন ধরনের অ্যারোমা অয়েল দিয়ে ম্যাসাজ দেওয়া হয় শরীরে। দেওয়া হয় সল্ট ম্যাসাজও। যাতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, দূর হয় ক্লান্তি। ম্যাসাজ শেষে বাথটবে দেওয়া হয় বিউটি বাথ।
যদি পারলারে যাওয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে ঈদের দিনে বাড়িতেও এই ধরনের বিউটি বাথের আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে বাথটাব থাকলে তো ভালোই, তবে তা যদি না থাকে তাহলে শাওয়ারের নিচেও গোসলে দূর হবে ক্লান্তি। বাড়িতে পুরো বাথরুমে জ্বালিয়ে দিতে পারেন মোমের আলো। একটি কাচের বাটিতে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল যেমন বেলি বা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। এখন বাজারে বিভিন্ন ধরনের অ্যারোমা অয়েল পাওয়া যায়। আপনার পছন্দমতো গন্ধের তেলটি দিয়ে (যেমন রোজ বা জেসমিন অয়েল) দিয়ে পুরো শরীরে ম্যাসাজ করে নিন। ম্যাসজ শেষে চোখ বন্ধ করে দাঁড়িয়ে যান শাওয়ারের নিচে।
বিউটি বাথ নিতে ব্যবহার করতে পারেন বালতির পানি। এ ক্ষেত্রে পানিতে ছড়িয়ে দিতে পারেন গোলাপের পাপড়ি। একইভাবে নিম পাতা দিয়ে পানি ফুটিয়ে সেই পানিতেও করতে পারেন বিউটি বাথ। ঈদের রাতেও সারা দিনের ক্লান্তি দূর করতে বাড়িতে এসে অনেক সময় গোসল করি আমরা। এ সময়ে প্রথমে কুসুম গরম পানি শরীরে ঢালুন। এরপর সাধারণ তাপমাত্রার পানিতে গোসল সেরে নিন। এবার দেখুন কেমন ফুরফুরে হয়ে উঠেছেন।
