
অনেক সময় নিয়ে মনের মতো মেকআপের পর দিন শেষে তা তুলে ফেলতে গেলে একটু খারাপ লাগে বৈকি। কিন্তু মেকআপ যেমনই হোক না কেন, হালকা কিংবা ভারী—তা সঠিকভাবে পরিষ্কার করাটা জরুরি। না হয় হিতে বিপরীত হয়ে ত্বকের নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। অন্যদিকে মেকআপ পরিষ্কারের সঠিক উপায় না জানা থাকার কারণে অনেকেই ঘষামাজা করে মেকআপ ওঠাতে গিয়েও ত্বকের বারোটা বাজিয়ে ফেলেন। যা কি না, ত্বকে বয়সের ছাপ ফেলার জন্য অনেকাংশে দায়ী। আবার পয়লা বৈশাখে সারা দিন ঘুরেফিরে বাড়ি ফিরে মেকআপ তুলতে আলসেমি করেন অনেকেই।
কীভাবে তুলবেন মেকআপ তা জেনে নিন। প্রথমে শুরু করুন চোখের মেকআপ পরিষ্কার করা দিয়ে। চোখের মেকআপ পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি মেকআপ রিমুভার বাজারে পাওয়া যায় যেগুলো চোখের কোমল ত্বকের জন্য উপযোগী। চোখের মেকআপ পরিষ্কার করতে প্রথমে কিউ-টিপ রিমুভারে ভিজিয়ে মাশকারা আর কাজল পরিষ্কার করুন। তারপর তুলো রিমুভারে ভিজিয়ে অথবা ওয়েট টিসু দিয়ে বাকিটা পরিষ্কার করুন। খেয়াল রাখবেন যাতে পুরোটা প্রক্রিয়া যেন আলতো হাতে হয়। যাঁদের চোখ সংবেদনশীল তাঁরা অয়েল বেসড রিমুভারের বদলে ওয়াটার বেসড রিমুভার ব্যবহার করুন।
মুখের মেকআপ পরিষ্কার করার জন্য অয়েল বেসড মেকআপ রিমুভারের বিকল্প নেই। তবে ইদানীং অনেক ভালো ভালো ওয়াটার বেসড রিমুভার ও ক্লেনজিং মিল্ক পাওয়া যায় যেগুলো বেশ কার্যকর। মুখে যেহেতু জায়গা অনেকখানি তাই এ ক্ষেত্রে তুলার চেয়ে ওয়েট টিসু ব্যবহার করা সুবিধাজনক। ওয়েট টিসু আপনার পছন্দের রিমুভারে ভিজিয়ে নিয়ে পুরো মুখের মেকআপ আলতো হাতে মুছে নিন। যদি আপনার ওয়েট টিসু মেকআপ পরিষ্কারের জন্য বিশেষভাবে তৈরি হয় তাহলে অবশ্য মেকআপ রিমুভারে ভেজানোর দরকার হবে না।
এ পর্যায়ে অনেকেই মনে করেন যে মেকআপ বুঝি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আসলে কিন্তু তা হয় না। সবচেয়ে ভালো হয় যদি আপনার ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ থাকে যা দিয়ে আপনি ত্বককে আরও গভীরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর সঙ্গে ত্বক ভালোভাবে এক্সফোলিয়েট করাও হয়ে যাবে। আপনার যদি ও ধরনের ব্রাশ না থাকে তবে ফেসিয়াল স্ক্রাব দিয়েও সে কাজটি সেরে নিতে পারেন। প্রথমে স্ক্রাব দিয়ে ভালোভাবে ত্বক এক্সফোলিয়েট করে নিয়ে তারপর আপনার পছন্দের ফেসওয়াশ আর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললেই হবে।
এরপর আসে ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য দরকার হবে আপনার ত্বক উপযোগী ভালো কোনো টোনার। তুলোর সাহায্যে টোনার মুখে লাগিয়ে নিন আর তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ব্যাস, হয়ে গেল।
বাজারে যে মেকআপ রিমুভার পাওয়া যায় সেগুলো ছাড়াও সাশ্রয়ী এমন অনেক কিছু আছে যা কি না, মেকআপ পরিষ্কারে কার্যকর। আবার ত্বকের জন্যও উপকারী। যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল, বেবি অয়েল কিংবা পেট্রোলিয়াম জেলি। এ ধরনের তেলগুলো সাধারণত মুখে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না কিন্তু আপনার চোখ যদি সংবেদনশীল হয় তাহলে অবশ্যই ভালো মানের আই-মেকআপ রিমুভার ব্যবহার করবেন।
লেখক: সৌন্দর্যবিষয়ক ব্লগার, গ্রিনস্টোরি