
বেস মেকআপ হয়েছে ঠিকঠাক, চোখ সাজানো, ঠোঁট সাজানোও শেষ। তবু আয়নায় তাকিয়ে মনে হচ্ছে, কী যেন নেই? অভাবটা ব্লাশের।
ফাউন্ডেশন লাগানোর পর গালে হালকা রঙের আভাটা মিলিয়ে যায়। ফলে কিছুটা ফ্যাকাশে দেখাতে পারে মুখ। ব্লাশ ব্যবহারে এ সমস্যা দূর হয়। যদি আপনি কোনো ধরনের মেকআপ না করেন, তাহলে ব্লাশ ব্যবহারের প্রয়োজন নেই। তবে পার্টি মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করে মেকআপ করা হলে ব্লাশ বলা যায় অপরিহার্যই।
অনেকেই দৈনন্দিন মেকআপের ক্ষেত্রে ব্লাশ এড়িয়ে চলেন। অনেকে আবার ব্লাশের ব্যবহারকে একটু বাড়তি সজ্জার মাঝে ফেলেন। অথচ ব্লাশের সঠিক রং নির্বাচন ও সঠিক ব্যবহার চেহারায় সতেজতা বজায় রেখেই নতুন রূপ আনতে পারে। তবে ব্লাশ ব্যবহার সহজ নয়, এ জন্য প্রয়োজন বেশ কিছু দিনের চর্চা।
বাজারে বিভিন্ন ধরনের ফর্মুলার ও রঙের ব্লাশ পাওয়া যায়। ফর্মুলা অনুযায়ী পাউডার ও ক্রিম ব্লাশ বহুলভাবে ব্যবহৃত। আর রঙের বিভিন্নতা তো অগণিত। ব্লাশে কয়েকটি বণের্র প্রাধান্য দেখা যায়। যেমন গোলাপি, পাম, পিচ ও বাদামি। এই বণের্র রংগুলোর ওপর ভিত্তি করেই শেডের ভিন্নতা দেখা যায়। গোলাপি ও উজ্জ্বল পিচ রঙের শেডগুলো ফর্সা ত্বকের জন্য বেশি মানানসই। পাম ও বাদামি শেড খুব সহজেই শ্যামলা ও গাঢ় বণের্র ত্বকের সঙ্গে মানিয়ে যায়। তবে সব ধরনের ত্বকের জন্যই মানানসই বাদামি রঙের যেকোনো শেড। এ ছাড়া কিছু রং দেখা যায়, যেমন উষ্ণ গোলাপি ও বাদামি রঙের মিশ্রণ বা যেকোনো রঙের খুব হালকা শেড। এই ধরনের ব্লাশ দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত।
পাউডার ব্লাশ ব্যবহার করা সহজ এবং তৈলাক্ত ত্বকের জন্য তা ভালো। কিন্তু এটি দীর্ঘস্থায়ী নয়। কিছু সময় গেলেই এটি হালকা হয়ে যায়। অন্যদিকে ক্রিম ব্লাশের রং বেশ দীর্ঘস্থায়ী কিন্তু তা ত্বকের সঙ্গে ভালোভাবে মেশানো একটু কঠিন মনে হতে পারে।

কীভাবে ব্যবহার করবেন
সাজের শুরুতে ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন অথবা পাউডার যা কিছু ব্যবহার করতে চান করে ফেলুন। চোখের মেকআপটাও সেরে নিতে পারেন। ব্লাস ব্যবহার করবেন সবার শেষে। যাতে পুরো সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এর রং ও পরিমাণ নির্ধারণ করা যায়।
পাউডার ব্লাশ ব্যবহারের জন্য গোলাকার ডোম-আকৃতির ঘন তুলির ব্রাশ সবচেয়ে উপযুক্ত, কিন্তু ক্রিম ব্লাশের জন্য স্টিপল তুলির ব্রাশ উপযুক্ত। চাইলে কোনাকৃতির ব্লাশ-ব্রাশও ব্যবহার করা যেতে পারে। যে ধরনের ব্রাশে আপনি স্বাচ্ছন্দ্য, সেটাই ব্যবহার করুন।
গালের ঠিক কোন অংশে ব্লাশ লাগাবেন সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সবার মুখের গঠন এক রকম নয়। তবে সাধারণভাবে বলা যায়, ঠোঁট থেকে আনুমানিক দুই আঙুল ওপরে গালের অংশে ব্লাশ লাগাতে পারেন। হাসলে গালের যে অংশ উঁচু হয় অথবা যেখানে রক্তের সঞ্চালন বেড়ে যায়, সেখানে ব্লাশ লাগাতে হবে।
ব্রাশে হালকা করে পছন্দের রঙের ব্লাশ নিন, ব্রাশটি হালকা ঝেড়ে অতিরিক্ত ব্লাশ ফেলে দিন। এবার তা গোলাকার আকৃতিতে ঘুরিয়ে-ঘুরিয়ে গালে লাগান এবং ভালোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। একবারে অনেকটা না লাগিয়ে ধীরে-ধীরে রঙের গাঢ়ত্ব বাড়ান। খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই ব্লাশের রং খুব বেশি গাঢ় না হয়।
লেখক: গ্রিনস্টোরি নামের সৌন্দর্যবিষয়ক একটি ব্লগ লেখেন