প্যাড ব্যবহারের সুযোগ না পাওয়া নারীদের জন্য কাজ করেন নায়লা
ঈদের সময় এতিম বাচ্চাদের ‘মোরগ পোলাও’ খাওয়ানোই ছিল নায়লা আহসানের আনন্দ। প্রতি ঈদের আগের রাতে বড় বোনকে সঙ্গে নিয়ে এতিম বাচ্চাদের জন্য রান্না করতেন। সকালে সে খাবারগুলো পৌঁছে দেওয়ার পরই শুরু হতো তাঁর ঈদ। বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই এভাবে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যান নায়লা আহসান।
ঢাকার মেয়ে নায়লা আহসান এখন আছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এ লেভেল শেষ করে ভার্জিনিয়ার জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ম্যানেজমেন্ট এবং বিজনেস ফর বেটার ওয়ার্ল্ড’ নিয়ে পড়াশোনা করছেন। ইতিমধ্যে চারে চার পয়েন্ট অর্জন করে নাম তুলেছেন ডিন লিস্টে। এর মাঝেই চাকরি জুটিয়েছেন ওয়ারেন বাফেট ইনস্যুরেন্স কোম্পানিতে। দেশে থাকতেই করোনার মাঝে প্রতিষ্ঠা করেন ‘রিলিফ’ নামে একটি সংগঠন।
মূলত এতিমখানা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রের সঙ্গে কাজ করে রিলিফ। সারা দেশে সংকটে খাদ্য বিতরণ, শীতবস্ত্র, কম্বল, সোয়েটার, মোজা, প্রয়োজনীয় ওষুধ, পরিচ্ছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার দেয় রিলিফ। এখন নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করছেন নায়লা আহসান, ‘২০২২ সালে আমি একটা গবেষণাপত্র লিখি। মেয়েদের মাসিককালীন স্বাস্থ্য নিয়ে। সেখান থেকে একটি ভয়াবহ চিত্র ফুটে ওঠে। বাংলাদেশে মাত্র ১৫ শতাংশ নারী মাসিকের সময় প্যাড ব্যবহার করার সুযোগ পান। মাসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশের নারীরা কথা বলতে স্বাচ্ছন্দবোধ করেন না। বিষয়টি এড়িয়ে যান, লজ্জা পান, লুকিয়ে রাখেন। বিষয়টি জেনে আমি খুব কষ্ট পেয়েছিলাম।’ ১৫ শতাংশের বাইরে যেসব নারী প্যাড ব্যবহারের সুযোগ পান না, তাঁদের জন্য কিছু একটা করার জন্য চিন্তা করতে থাকেন নায়লা। সেই ভাবনা থেকেই প্যাড কিনে বিতরণ শুরু করেন। বিনা মূল্যে রিলিফের মাধ্যমে পাঁচ হাজার মেয়ের মধ্যে প্যাড বিতরণ করেন তিনি।
প্রাথমিকভাবে প্যাড কিনে দিতেন নায়লা। একসময় সিদ্ধান্ত নেন, নিজেই তৈরি করবেন প্যাড। তিনি ও তাঁর দলের সবাই মিলে তৈরি করা শুরু করেন মেয়েদের প্যাড। প্রাথমিক পর্যায়ে দেড় হাজার প্যাড তৈরি করেন নায়লা। বিতরণ করেন স্কুল–কলেজ, এতিমখানাসহ বিভিন্ন সুবিধাবঞ্চিত জায়গায়।
ইতিমধ্যে হাজারো মানুষকে সেবা দিয়েছে রিলিফ। সে সময় গোটা পরিবার, বিশেষ করে, বাবাকে পাশে পেয়েছেন নায়লা। তাঁর বাবা বিশ্বাস করেন আমরা একটু হাত বাড়ালেই বড় বদল সম্ভব। সেই বিশ্বাসই এখন সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন নায়লা।