হলজীবনের সাহ্রি, ইফতারের অভিজ্ঞতা যে কারণে অন্য রকম
রমজান মাস এক ভিন্ন রূপে হাজির হয় হলের বাসিন্দাদের কাছে। পরিবার সঙ্গে নেই। বাড়ির রান্নার মতো পরিতৃপ্তি নেই। বাড়িতে হয়তো সাহ্রির সময় মা বারবার তাড়া দিয়ে ঘুম ভাঙাতেন। কোনোমতে ঘুম ঘুম চোখে খেয়ে নেওয়া হতো। নামাজের পর আবার ঘুম। কোনো বেলাতেই খাবারের জন্য আলাদা চিন্তা ছিল না। বাড়িতে অন্যরা যা খান, বাড়ির সন্তান হয়তো তার চেয়েও একটু বেশি পান। আর বিশেষ পদ রান্না হলে তো কথাই নেই।
হলজীবনে নির্দিষ্ট সময়ের মধ্যে সাহ্রি ও ইফতারি জোগাড় কিংবা হলের খাবারঘরে সময়মতো হাজির হওয়াটা একেবারেই অন্য রকম। বন্ধুরা মিলে বাইরে ইফতার, এমনকি কোথাও কোথাও সাহ্রি করতে যাওয়ার আনন্দও মেলে। তবে সে আর কদিন! অনলাইনের ফরমায়েশি খাবারও নিত্যদিনের নয়। ‘আজ আলুর দম খেতে খুব মন চাইছে,’ এমন আবদার মায়ের কাছে চললেও হলের ‘মামা’র কাছে চলে না। নির্দিষ্ট খাবার থেকেই বাছাই করতে হবে। দেরি হয়ে গেলে সেটিও মিলবে না।
ভিড়ভাট্টার মধ্যেই খাবার সংগ্রহ করতে হবে। খেতে ইচ্ছা না করলে কেউ আদর করে খাইয়ে দেবে না! অবশ্য এ কারণেই হয়তো ঈদের অপেক্ষাটা আরও মধুর হয়—‘আর তো মাত্র কটা দিন!’ টুকিটাকি রোজগারে আপনজনের জন্য উপহার নিয়ে যাওয়ার আনন্দও আছে।
ঠান্ডা পানির আক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিদা মেঘলার বাড়ি ঝিনাইদহ। ক্যাডেট কলেজে পড়ার সুবাদে বাড়ির বাইরে রমজান মাস কাটানোর অভিজ্ঞতা তাঁর বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই হয়ে গেছে। কবি সুফিয়া কামাল হলের এই বাসিন্দা জানালেন, সময়ের বেশ আগেই হলের খাবার সংগ্রহ করতে হয়, খাবার সময় হতে হতে যা ঠান্ডা হয়ে যায়। পানিও সংগ্রহ করে রাখতে হয়। হলের সীমানার মধ্যেই অবশ্য নানা রকম ফল, ফলের রস ও চা পাওয়া যায়; কাঁচাবাজারও আছে, যেখানে কম পরিমাণেও বাজার করার সুযোগ রয়েছে। হলের রান্নাঘরে যেসব শিক্ষার্থী রান্না করেন, তাঁদেরও ভিড় সামলে আগেভাগেই রাঁধতে হয়। ফ্রিজ নেই বলে খাবার ভালো রাখার জন্য নিয়মিত বিরতিতে খাবার জ্বাল দেওয়ার ঝামেলাও পোহাতে হয়। ফ্রিজ না থাকায় ঠান্ডা পানির ব্যবস্থাও নেই। আর্থিক দিক বিবেচনায় রোজ ঠান্ডা পানি কিনে আনাটা বাস্তবসম্মত নয়। হিম হিম প্রশান্তির অভাবটা ভালোই বোধ করেন মেঘলা। তবে এসবের বাইরে কার্জন হলে বন্ধুরা মিলে কাগজ বিছিয়ে বসে মুড়ি মেখে ইফতার করার আনন্দটার কথা আলাদাভাবে উল্লেখ করলেন তিনি।
রুমমেটদের বানানো শরবত
এই প্রথম রমজানে বাড়ির বাইরে লাবিবা আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর ঢাকার বাড়িতে ভাজাপোড়া খাবার চল নেই। বাড়ির ভিন্নধারার আয়োজন আর হরেক রকম পানীয়ের দেখা মেলে না কান্তা ছাত্রীনিবাসে। এখানে পানীয় বলতে কেবল রুমমেটরা মিলে সহজে বানানো শরবত।
রান্নার ‘দিদি’ দুপুরে যে খাবার তৈরি করেন, রাতেও সেটাই খেতে হয়। ইফতার ও বাকি সময়ে মেলে চিড়া, দুধ, দই, ছোলা, খেজুর, অন্যান্য ফল আর কিছু শুকনা খাবার। কবে ছুটি মিলবে, তখন টিকিট মিলবে কি না, এসব নানা ভাবনায় লাবিবার দিন কাটছে এখন।
অনুজের রান্না
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতবার রমজান মাসে দুই সপ্তাহ ক্লাস চালু ছিল। সে সময় হলের বাইরের দোকানে সাহ্রি খেতেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থী আহমেদ আলী ও তাঁর বন্ধুরা। দোকানের ইফতারি হলে এনে খেতেন। সবার সঙ্গে আনন্দেই কেটেছে দিনগুলো। এবার ক্লাস নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীর সংখ্যাও কম। খাবারঘর বন্ধ। কিন্তু টিউশন করাচ্ছেন বলে বাড়ি (সৈয়দপুর, নীলফামারী) ফেরেননি তিনি। এবার বিশ্ববিদ্যালয়ের এক অনুজ রাঁধছেন কয়েকজনের জন্য। সবাই বাজার–সদাই, কাটাকুটি, বাসন ধোয়ার মতো টুকিটাকি সাহায্য করছেন। এক বাক্যে তাঁকে ‘ভালো রাঁধুনি’র খেতাব দিয়ে দিলেন আহমেদ আলী।
বাইরে বাইরেই কাটল জীবন
যশোরের মনিরামপুরের ছেলে তুহিন হোসেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই বাড়ির বাইরে রমজান কাটাচ্ছেন। জি এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক আবু বকর সিদ্দীকের বাড়িতে থেকে ২৫ জন ছাত্র পড়ালেখা করত তখন। তুহিন তাঁদেরই একজন। মা-বাবার মতোই স্নেহছায়া দিয়ে আগলে রেখেছিলেন সেই শিক্ষক ও শিক্ষকপত্নী। বিকেলে যে যাঁর বাসা থেকে খাবার আনার সুযোগ ছিল। কলেজজীবনে মেসে থাকতেন, যশোরেই। গৃহ সহায়তাকর্মী রান্নাবান্না করতেন তখন। খুলনা বিশ্ববিদ্যালয়ের মাৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তিবিদ্যায় পড়তে এসে প্রথম রমজান মাসটাও তেমনভাবেই বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় কেটেছে। এবার বিশ্ববিদ্যালয়জীবনের দ্বিতীয় রমজান কাটছে আরেকটি ভাড়া বাসায়, যেখানে রান্না করে দেওয়ার কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতার করছেন এবার। সাহ্রি সারছেন হোটেলের খাবারে। দীর্ঘদিন বাড়ির বাইরে আছেন বলেই বোধ হয় মা–বাবা, ছোট বোনের অভাবটা বড্ড অনুভব করেন। আলাদাভাবে বললেন নিজের প্রিয় মানুষ নানির কথাও।