সাত বছর ঘরে স্বেচ্ছাবন্দী থাকার পর যেভাবে ঘুরে দাঁড়ালেন আদিল
পাঠকই প্রথম আলোর প্রাণ। আর পাঠকের আপন আঙিনা ‘ছুটির দিনে’। প্রথম আলোর রজতজয়ন্তীতে তাই আমরা পাঠকের লেখা নিয়েই হাজির হয়েছি। তাঁদের কেউ জানিয়েছেন ‘ছুটির দিনে’তে পড়া হৃদয়ছোঁয়া কোনো লেখার কথা। কেউ স্মৃতির ঝাঁপি খুলেছেন স্বনামে প্রকাশিত লেখা নিয়ে, জানিয়েছেন প্রিয় ক্রোড়পত্র নিয়ে নিজের ভালো লাগার কথাও। পড়ুন এমন একটি লেখা।
সপ্তম শ্রেণিতে পড়ি। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছিল। মনের আনন্দে গ্রামের পথে, ঘাটে, মাঠে খেলে বেড়াই। একদিন খেলা শেষে আম পাড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটল। মেরুদণ্ডে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে গেলাম। ঢাকায় দীর্ঘ চিকিৎসা হলো। এরপর সঙ্গী হলো হুইলচেয়ার। বাড়ি ফিরেও বুঝিনি জীবনের কত বড় বাঁকবদল হয়ে গেছে। পাঁচ কিলোমিটার দূরের স্কুলে যাওয়ার পর বুঝলাম। স্কুল, বন্ধু, চেনা পরিজন কেমন যেন সব অচেনা মনে হতে লাগল। নিজেকে গুটিয়ে নিলাম। শুরু হলো চার দেয়ালের ভেতর নিঃসঙ্গ জীবন। দিনে দিনে বাইরের জগৎ আমার কাছে সম্পূর্ণ অচেনা হয়ে গেল।
বাসায় বড় ভাইয়ার সংগ্রহে বেশ কিছু গল্পের বই ছিল। অফুরন্ত অবসরে বইগুলোই হয়ে উঠল পরম বন্ধু। সাহিত্য পাঠ আমাকে ভীষণ কৌতূহলী করে তুলল।
ভাইয়া পড়ার আগ্রহটাকে উৎসাহিত করলেন। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শহরে মেসে থাকতেন। প্রথম আলোর নিয়মিত পাঠক। সেই সময় গ্রামের বাসায় পত্রিকা নেওয়ার চল ছিল না। বড় ভাইয়া যখন এক মাস, দুই মাস পরপর বাসায় আসতেন, পুরোনো পত্রিকা বস্তাবন্দী করে আমার জন্য নিয়ে যেতেন। আমি তারিখ অনুযায়ী পত্রিকাগুলো সাজিয়ে নিতাম। পত্রিকা থেকে ‘ছুটির দিনে’ আর ‘আলপিন’ আলাদা করে রাখতাম। এরপর দিনের পর দিন পড়তাম। পত্রিকা পড়া শেষ হলেও ‘ছুটির দিনে’ থেকে যেত সঙ্গী হয়েই।
সব মিলিয়ে প্রথম আলোই ছিল পৃথিবীর সঙ্গে আমার সংযোগ। ধীরে ধীরে দেশ, সমাজ, রাজনীতি, অর্থনীতির সঙ্গে পরিচিত হতে থাকলাম। এভাবে দীর্ঘ সাত বছর হুইলচেয়ারে চার দেয়ালে স্বেচ্ছাবন্দী জীবন কাটানোর পর আমিই জীবনের অর্থ খুঁজতে থাকি। আমার নিজের অস্তিত্ব, পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শিখি। পরিবারের সবার আদর, ভালোবাসায় হয়তো ভালো ছিলাম। কিন্তু ‘আমি’ নামক সত্তাটাকে ভুলে গিয়েছিলাম। আমি বুঝেছিলাম, এই পৃথিবীতে এখন আমি স্রেফ জড় পদার্থের মতো। আমার কিছুই দেখা হয়নি। আমি কেউ নই, কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ নেই। ঠিক এখান থেকেই শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায়।
২০১১ সাল। নতুন করে জীবন শুরু করার জন্য ঘর ছাড়ি। বগুড়া থেকে রাজশাহীতে পাড়ি জমাই একা। সেখানকার পিএসএন স্কুলে ভর্তি হই। মূল কারণ ছিল স্কুলের হোস্টেল সুবিধা, যা আমাকে আবাসন–সংকট নিরসনে আর নিয়মিত ক্লাস করতে সাহায্য করেছিল। স্কুলে বন্ধুদের ভালোবাসা আর শিক্ষকদের স্নেহে আমি এক নতুন জীবন পাই। প্রতিটি পরীক্ষায় ভালো ফল করি। সবকিছুই গল্পের মতো সুন্দর হয়ে ওঠে।
২০১৩ সালে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাই। এই অর্জন আমার জীবনকে বদলে দিয়েছিল। পরে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলাম। এরপর ভার্সিটির ভর্তি পরীক্ষা। কোনো কোচিং নয়, প্রস্তুতি নিতে মেসের ছোট্ট রুমে নিজেকে আবার আবদ্ধ করেছিলাম। সাম্প্রতিক তথ্য, দিকনির্দেশনা প্রভৃতির জন্য সে সময়টাতেও প্রথম আলোই ছিল ভরসা। ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ভর্তি হওয়ার সুযোগ পাই। অনেক প্রতিবন্ধকতা জয় করেই এখন আমি স্নাতক।
প্রিয় প্রথম আলো, তুমি শুধু আমার কাছে স্রেফ একটা সংবাদমাধ্যম ছিলে না। ছিলে এক অদম্য শক্তির জোগানদাতা। আমাকে ঘর থেকে টেনে বের করেছিলে পৃথিবীর রূপ, রং, রসের গল্প শুনিয়ে। প্রিয় ক্রোড়পত্র ‘ছুটির দিনে’র মাধ্যমে তোমার কাছে কৃতজ্ঞতাটুকু জানালাম।