এই অনুভূতিগুলোরও নাম আছে, কে জানত!
আমরা প্রায়ই এমন সব অনুভূতির ভেতর দিয়ে যাই, যেসব ভাষায় প্রকাশ করতে গিয়ে বারবার থেমে যাই, হারিয়ে যাই। সঠিক শব্দ খুঁজে পাই না। পৃথিবীর বিভিন্ন ভাষায় এমন কিছু শব্দ আছে, যেসব আদতে কিছু অনুভূতির নাম। পরিচিত হওয়া যাক।
১. লিমারেন্স (Limerence)
এটি এমন এক তীব্র মানসিক ও আবেগীয় অবস্থা, যেখানে কোনো ব্যক্তি অন্য একজনকে নিয়ে গভীরভাবে আচ্ছন্ন (অবসেসড) হয়ে পড়েন। তাঁর কাছ থেকে ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা অনুভব করেন। সাধারণত প্রেমের প্রথম দিকে অনেকে এক সপ্তাহ থেকে এক মাস এমন অনুভূতির ভেতর দিয়ে যান।
এটি সাধারণ ‘ক্রাশ’ বা প্রেমের চেয়ে অনেক বেশি তীব্র, অনেক সময় এটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। বাধাগ্রস্ত হতে পারে স্বাভাবিক জীবনও। শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন মনোবিজ্ঞানী ডরোথি টেনভ। ১৯৭৯ সালে প্রকাশিত ‘লাভ অ্যান্ড লিমারেন্স’ বইয়ে ডরোথি এ ধারণা ব্যাখ্যা করেন।
২. অ্যাডরোনিটিজ (Adronities)
কাউকে এত গভীরভাবে জানতে চাওয়া যে মনে হয়, একটিমাত্র জীবন বা একটি সম্পর্ক সেই মানুষটিকে পুরোপুরি জানার জন্য যথেষ্ট নয়। ধরুন, আপনি কারও সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন। তাঁর সবকিছুর খুঁটিনাটি খুবই বিস্তারিতভাবে জানতে চান। তারপরও মনে হয়, তোমার সম্পর্কে জানার এখনো কত কিছু বাকি। একটা জীবনও যেন যথেষ্ট নয়!
এটি মূলত কাব্যিক বা দার্শনিক শব্দ। মনোবিজ্ঞান বা মনোরোগবিদ্যার স্বীকৃত বৈজ্ঞানিক পরিভাষায় শব্দটি মূলধারায় পরিচিত হয়েছে জন কোয়েনিংয়ের ‘দ্য ডিকশনারি অব অবসকিওর সরোজ’ (আবছা বিষাদমালার অভিধান) প্রকল্পের মাধ্যমে। এ প্রকল্পে এমন নতুন কিছু শব্দ তৈরি করা হয়েছে, যেগুলো মানুষের জটিল আবেগকে ভাষায় প্রকাশ করার চেষ্টা করে।
৩. লিবারোসিস (Liberosis)
জীবনকে অনেক বেশি সিরিয়াসলি না নিয়ে একটু হালকাভাবে বাঁচার চেষ্টা। সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা বা নিয়ন্ত্রণ করার চাপ থেকে মুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জীবন উপভোগ করতে চাওয়ার অনুভূতি।
৪. দে জা ভু (Déj vu)
ফরাসি শব্দ, যার অর্থ ‘ইতিমধ্যেই দেখা’। বর্তমানে কোনো পরিস্থিতিতে পড়ার পর হঠাৎ মনে হওয়া যে এই একই ঘটনা বা দৃশ্য এর আগেও ঠিক একইভাবে ঘটেছিল। এমন অদ্ভুত অনুভূতিকেই দে জা ভু বলে।
মস্তিষ্কের ভুল–বোঝাবুঝি, চোখের সামনে যা দেখছেন, তা স্মৃতিতে জমা হওয়ার সময় মস্তিষ্কের ‘টেম্পোরাল লোব’ অতীতে দেখা কোনো পরিবেশের সামান্য মিল পেলেও গুলিয়ে ফেলে এবং বর্তমান দৃশ্যটিকেই পুরোনো বলে ধরে নেয়। মনে হয়, ঠিক এমন ঘটনা আগেও ঘটেছিল। সাধারণত ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়। অতিরিক্ত ক্লান্তি বা মানসিক চাপের কারণেও মস্তিষ্ক এমনটি করতে পারে।
৫. হিরাইথ (Hiraeth)
কোনো ব্যক্তি, স্থান, সময় বা অনুভূতির জন্য গভীর নস্টালজিয়া ও আকুলতা, যেখানে হয়তো আর কখনো ফেরা সম্ভব নয়; বা হয়তো সেটি বাস্তবেই কখনো ছিল না। শৈশবে, স্মৃতিতে বা যে বাড়ি এখন আর নেই, সেখানে ফিরতে চাওয়া। ছোট্টবেলায় হারিয়ে যাওয়া ঘড়িটির জন্য মন খারাপ করা।
অনেকটা পর্তুগিজ শব্দ ‘সাউদাদে’র (Saudade) সঙ্গে মিল আছে। পর্তুগাল ও ব্রাজিলের সংস্কৃতিতে সাউদাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবেগের প্রকাশ। হারিয়ে যাওয়া কোনো মানুষ, সম্পর্ক, সময় বা অভিজ্ঞতার জন্য (জায়গা বা জিনিস নয়) ভালোবাসা ও বিষণ্নতায় ভরা আকুলতা। এককথায় সব সাউদাদে হিরাইথ; কিন্তু সব হিরাইথ সাউদাদে নয়।
৬. এনু-মঁ (Énouement)
ফরাসি শব্দ। এটা এমন এক অনুভূতি, যেখানে কোনো ব্যক্তি তাঁর বর্তমানের দিকে তাকিয়ে অতীতের তাঁকে তাঁর বর্তমানকে দেখাতে চান বা বর্তমান অবস্থা জানাতে চান। যে অতীত তাঁর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত, এই সুন্দর বর্তমানের জন্য অনেক সংগ্রাম করেছে, তাঁকে ভবিষ্যৎ দেখাতে চাওয়ার আকাঙ্ক্ষা।
ইনস্টাগ্রামে এখন এনু-মঁর ছড়াছড়ি। অনেকেই সেখানে নিজের ১০ বছরের অতীত সত্তার সঙ্গে বর্তমান সত্তার কাল্পনিক কথোপকথনের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন।