খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব
খুলনা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ঘুড়ি উৎসব। বিশ্ববিদ্যালয়ের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেন। উৎসবের স্লোগান ছিল ‘হোক কলরব, জানবে ভূ সব, উড়ন্ত সেই শান্তিকুল’।
৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ আয়োজনে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি ছিল হাঁড়ি ভাঙা, লাটিম ঘোরানো, মোরগ লড়াইয়ের মতো খেলাও।
২০১৯ ব্যাচের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, ‘এবারের আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল আমাদের পরবর্তী প্রজন্ম এ ঐতিহ্য সম্পর্কে জানুক। মুঠোফোন আর সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগেও আমাদের বাঙালি সংস্কৃতি যেন তারা ভুলে না যায়। শুধু শিক্ষার্থীই নয়, পুরো খুলনাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে সার্থকতা দিয়েছে।’
হুরাইরা জানান, বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ উৎসব করার রেওয়াজ চালু আছে। কিন্তু তখন রমজান ও পরীক্ষার ছুটি থাকবে বলে উৎসবটি এবার আগেভাগেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।